শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্ত হবে ঢাকার আকাশ

news-image


সব বিলবোর্ড সরিয়ে নির্দিষ্ট কিছু স্থানে এলইডি বোর্ড বসানোর উদ্যোগ

 শহরের রাস্তায় বিলবোর্ড যখন সর্বগ্রাসী হতে শুরু করেছে, কবি শঙ্খ ঘোষ তখন লিখেছিলেন তার বিখ্যাত কবিতা 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে'। দেরিতে হলেও ঢাকার রাস্তার পাশে যত্রতত্র স্থাপিত বিলবোর্ড সরিয়ে নিয়ে শহরের মুখ আর আকাশ উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে দুই সিটি করপোরেশন। নতুন দুই মেয়র এর উদ্যোক্তা। এ লক্ষ্যে এবার জুন মাসে ঢাকায় কোনো বিলবোর্ডের মেয়াদই নবায়ন করা হয়নি; বরং দুই হাজার ৬২৭টি বিলবোর্ডের সব ক'টিই আগামী ৩০ আগস্টের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিলবোর্ডগুলো সরিয়ে নিয়ে নির্দিষ্ট কিছু স্থানে এলইডি (লাইট এমিটিং ডায়ড) বিলবোর্ড স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

এতে নগরীর সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি স্বল্পসংখ্যক এলইডি বিলবোর্ড থেকেই বর্তমানের চেয়ে অধিক পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। যদিও এই উদ্যোগের সফলতা নিয়ে নগরবাসীর মনে প্রশ্ন রয়েই গেছে। তারা বলছেন, বিলবোর্ডের বিশাল বাণিজ্যের বিপরীতে দাঁড়িয়ে দুই মেয়র নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে পারবেন তো? সিটি করপোরেশনের সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বিলবোর্ড ব্যবসায়ীরা। তারা বলছেন, একটি ইউনিপোল বা বড় আকৃতির বিলবোর্ড ৫ থেকে ১০ বছরের ব্যবহার উপযোগী করে নির্মাণ করা হয়। এ রকম প্রতিটি বিলবোর্ড স্থাপনে উদ্যোক্তার খরচ ৫ থেকে ১০ লাখ টাকা। গত বছর অনুমোদন দেওয়া বিলবোর্ডগুলোর মেয়াদও নবায়ন না করায় তারা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন  বলেন, প্রকৃত ব্যবসায়ীরা যাতে ক্ষতির মুখে না পড়েন, এ জন্য প্রথম দফায় একসঙ্গে বেশি সংখ্যক এলইডি বিলবোর্ড লাগানো হবে না।

কারণ এলইডি বিলবোর্ড স্থাপনে খরচও বেশি। প্রথম পর্যায়ে ১৫-২০টা লাগানো হবে। ভালো সাড়া পাওয়া গেলে পর্যায়ক্রমে এলইডি বিলবোর্ডের সংখ্যা বাড়ানো হবে। এ জন্য একটি বাজেটও করা হয়েছে। কাজও অনেকদূর এগিয়েছে। নগরবাসী পাঁচ-ছয় মাসের মধ্যে এলইডি বিলবোর্ডের দেখা পাবেন। মেয়র বলেন, উন্নত দেশগুলোতে এলইডি বিলবোর্ড লাগানো হয়। এতে শহরের সৌন্দর্য ও রাজস্ব আদায় বাড়ে। বাংলাদেশও এগিয়েছে। ঢাকা মহানগরীকেও এগিয়ে নিতে চান তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেন, ম্যানুয়াল বিলবোর্ডের পক্ষে আমরা আর থাকতে চাচ্ছি না। ডিজিটালাইজড ও এলইডি বিলবোর্ডের কথা ভাবছি। কম্পিউটার রুম থেকে এগুলো পরিচালনা করা হবে। যারা বিজ্ঞাপন দিতে চান তারা পণ্যের বিজ্ঞাপনটি আমাদের কাছে দেবেন। আমরা দেখব বিজ্ঞাপনটি প্রদর্শনযোগ্য কি-না। সেকেন্ড অনুযায়ী খরচ ধরে দেব। মেয়র জানান, এ জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। কমিটি শিগগিরই এ ব্যাপারে মতামত দেবে।

 

ডিএনসিসির বিউটিফিকেশন সেলের প্রধান ক্যাপ্টেন বিপন কুমার সাহা বলেন, ক্ষতি পুষিয়ে নিতে বিলবোর্ড ব্যবসায়ীদের তিন মাস সময় দেওয়া হয়েছে। এরপরও লোকসানে থাকলে কিছু বিলবোর্ডের ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হতে পারে।

জানা যায়, গত ২৩ জুন ডিএনসিসি ও ২৭ জুন ডিএসসিসি অফিস আদেশ জারি করে বিলবোর্ড ব্যবসায়ীদের জানিয়ে দেয় করপোরেশন আর রাজধানীতে এসব বিলবোর্ড রাখতে আগ্রহী নয়। তাই কোনো বিলবোর্ডের মেয়াদও আর নবায়ন করা হবে না। গত ৩০ জুন বৈধ বিলবোর্ডগুলোর মেয়াদ শেষ হওয়ার আগে ব্যবসায়ীরা সিটি করপোরেশনে যোগাযোগ করেন। কোনো করপোরেশনই বৈধ বিলবোর্ডগুলোর নবায়ন ফি ও ট্যাক্স জমা নেয়নি। পরে উত্তরের মেয়র বিলবোর্ড ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ৫ আগস্টের মধ্যে সব বিলবোর্ড সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। নির্ধারিত সময় পার হলেও বৈধ-অবৈধ কোনো বিলবোর্ডই অপসারণ করেননি ব্যবসায়ীরা। পরে তাদের মৌখিকভাবে ৩০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। এ সময়েও অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

জানা গেছে, বর্তমানে ডিএনসিসি এলাকায় বৈধ বিলবোর্ড রয়েছে ২ হাজার ১৫১টি। ডিএসসিসি এলাকায় আছে ৪৭৬টি। এ ছাড়া উভয় এলাকাতেই ছড়িয়ে-ছিটিয়ে আছে হাজার হাজার অবৈধ বিলবোর্ড, ইউনিপোল, ইলেকট্রিক পোল, ফেস্টুন, মেগাসাইন প্রভৃতি। গত অর্থবছর ডিএসসিসি এ খাত থেকে আয় করেছে ৫ কোটি ৫০ লাখ টাকা। ডিএনসিসির আয় হয়েছে ৯ কোটি ২৫ লাখ টাকা। সংশ্লিষ্টরা মনে করছেন, হাজার হাজার বিলবোর্ড না রেখে নির্দিষ্ট কিছু পয়েন্টে এলইডি বিলবোর্ড স্থাপন করলে একটিতেই বিপুলসংখ্যক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন করা যাবে। এর আগে রাজধানীর ফার্মগেট ও গুলশানে বেসরকারি উদ্যোগে দুটি এলইডি বিলবোর্ড সংযোজনও করা হয়েছিল। বর্তমানে এগুলো নষ্ট।

 

সংশ্লিষ্টরা মনে করেন, একটি এলইডি বিলবোর্ড স্থাপনে ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ হলেও একটি থেকেই বছরে কোটি টাকা আয় করা সম্ভব। কাজেই হাজার হাজার বিলবোর্ড না রেখে কয়েকশ' বিলবোর্ড স্থাপন করেই বছরে শতকোটি টাকা আয় করা সম্ভব। এতে করে নগরী পরিচ্ছন্ন হবে। অবৈধ বিলবোর্ডও চিহ্নিত করা সহজ হবে। এ বিষয়ে পরিকল্পনা তৈরির লক্ষ্যে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম, স্থপতি মোবাশ্বের হোসেন, পরিবেশবিদ ইকবাল হাবিবসহ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধি, বিলবোর্ড ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ আউটডোর ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এ বিষয়ে কাজ করছে। কমিটির সদস্য ইকবাল হাবিব সমকালকে জানান, কয়েকটি মিটিং তারা করেছেন। কোন কোন পয়েন্টে বিলবোর্ড রাখা যায়, সেগুলোর আকৃতি কেমন হওয়া উচিত, কোনো নেতিবাচক দিক আছে কি-না ইত্যাদি পর্যালোচনা করে দেখছেন তারা।

বিলবোর্ড ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ আউটডোর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও নেপচুন অ্যাডভার্টাইজিংয়ের মালিক রফিকুল ইসলাম সমকালকে বলেন, অবৈধ বিলবোর্ড উচ্ছেদ বা এলইডি বিলবোর্ড সংযোজনের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। মেয়রের সঙ্গে বৈঠকের পর প্রত্যেক বিলবোর্ড ব্যবসায়ীকে চিঠি দিয়ে অবৈধ বিলবোর্ড অপসারণের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। এ কাজে তারাও সহযোগিতা করতে চান। প্রত্যেক সদস্যই জানিয়েছেন, তাদের কোনো অবৈধ বিলবোর্ড নেই। কিন্তু এভাবে বৈধ বিলবোর্ডগুলোও নবায়ন না করলে তারা ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়বেন। করপোরেশন এ বিষয়টি ভাবছে না।

বাংলাদেশ আউটডোর ওনার্স অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও বিলবোর্ড ব্যবসায়ী মিজানুর রহমান  বলেন, একটি এলইডি বিলবোর্ড তৈরি করতে ৩০-৪০ লাখ টাকা লাগে। ক্ষুদ্র বিলবোর্ড ব্যবসায়ীরা এই টাকা কোথায় পাবেন। আবার এত টাকা খরচ করে বিলবোর্ড স্থাপন করলে সেটার নিরাপত্তার বিষয়ও ভাবতে হবে। অন্যদিকে বাংলাদেশে এলইডি বিলবোর্ড মেরামতের দক্ষ জনবলের অভাব রয়েছে। গুলশানে লাগানো বিলবোর্ডটি মালয়েশিয়া থেকে লোক এনে সংযোজন করা হয়েছিল। এমন সিদ্ধান্তে ছোট ছোট ব্যবসায়ীরা চোখেমুখে অন্ধকার দেখছেন।

ডিএসসিসির বিউটিফিকেশন সেলের প্রধান মোস্তফা কামাল বলেন, রাজধানীকে পরিচ্ছন্ন করার জন্য বৈধ বিলবোর্ডগুলো তারা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন। ১ আগস্ট থেকে সব বিলবোর্ড অবৈধ হয়ে গেছে। এখন এগুলো উচ্ছেদেও কোনো বাধা নেই। এগুলো উচ্ছেদ করে নতুন করে অনুমোদন দেওয়া হবে। সম্প্রতি রাজধানী ঘুরে দেখা যায়, দুই করপোরেশনের এ সিদ্ধান্তের পর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। কিছু কিছু বিলবোর্ড উচ্ছেদ করা হলেও নগরজুড়ে বিলবোর্ডের সমারোহের কোনো কমতি নেই। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব পথে চলাচল করেন সেখানে সরকারি দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ছবি সংবলিত বিলবোর্ডও চোখে পড়ে। বিজয় সরণিতে দেখা যায়, চৌরাস্তার প্রায় চারদিকেই বিলবোর্ডে ভরা। পূর্ব, দক্ষিণ ও পশ্চিমে থাকা প্রতিটি ভবনেই রয়েছে এক বা একাধিক বিলবোর্ড। উত্তর দিকে কোনো ভবন না থাকায় সেখানে রাস্তার পাশে খুঁটির ওপর বিলবোর্ড বসানো আছে। ঢাকার গুরুত্বপূর্ণ সব সড়কের পাশেই আকাশ ঢেকে আছে বিলবোর্ডে।

 

বিলবোর্ড উচ্ছেদ অভিযান বন্ধের দাবি :ঢাকার দুই সিটি করপোরেশনের উদ্যোগে বিলবোর্ড উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানিয়েছে আউটডোর অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ দাবিতে আগামীকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমবায়মন্ত্রীকে স্মারকলিপি প্রদান এবং বৃহস্পতিবার খামারবাড়ী থেকে সংসদ ভবন অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল লিখিত বক্তব্যে বলেন, পর্যাপ্ত সময় না দিয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ একতরফাভাবে বিলবোর্ড উচ্ছেদ করছে। এতে লাখ লাখ মানুষের দীর্ঘদিনের ঘাম ও শ্রমে গড়ে ওঠা এ শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এর সঙ্গে জড়িত শ্রমিক-কর্মচারীরাও বেকার হয়ে পড়বেন। তিনি দাবি করেন, ঢাকা শহরে কোনো অবৈধ বিলবোর্ড নেই। প্রত্যেকটি বিলবোর্ড সরকারের অনুমতি নিয়ে করা হয়েছে। এ শিল্প রক্ষায় নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি।সংবাদ সম্মেলনে সংগঠনের নির্বাহী সদস্য কাজী মাহবুব, রাশেদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।