‘ব্ল্যাকমেইলই‘ ববির শেষ ভরসা
শুরুতেই যে আশার জন্ম দিয়েছিলেন ববি, ধীরে ধীরে সেই আশা দুরাশায় পরিণত হতে চলেছে। কারণ ববি অভিনীত ছবিগুলো আগের মতো দর্শকদের আকৃষ্ট করতে পারছে না বলে চলচ্চিত্র ব্যবসায়ীদের অভিমত। বিশেষ করে আবিষ্কারক ইফতেখার চৌধুরীর ‘অ্যাকশন জেসমিন’ ছবির ভয়াবহ ব্যর্থতা ববিসহ পুরো চলচ্চিত্র শিল্পকেই হতাশার মধ্যে ফেলে দিয়েছে। মুম্বইয়ের ব্যবসাসফল ছবি ‘রাউডি রাঠোর’-এর হুবহু নকল এ ছবিটিতে শুধু লিঙ্গান্তর ঘটিয়েছিলেন পরিচালক ইফতেখার চৌধুরী। অক্ষয় কুমারের অভিনীত চরিত্রটির লিঙ্গান্তর ঘটিয়ে সেটা ববিকে দিয়ে করিয়েছিলেন। দুর্দান্ত অ্যাকশনধর্মী এ ছবিতে ববি পুরোপুরিই ব্যর্থ হয়েছেন বলে চলচ্চিত্র ব্যবসায়ীদের অভিযোগ। ফলে ‘খোজ দ্য সার্চ’, দেহরক্ষী, ‘রাজত্ব’, আই ডোন্ট কেয়ার’ এবং ‘হিরো দ্য সুপার স্টার’-এর ববিকে নিয়ে শুরু হয় অনিশ্চয়তা। এ অনিশ্চয়তার মধ্যেই ববি প্রেক্ষাগৃহে আসছেন আরেক অ্যাকশনধর্মী ছবি ‘ব্ল্যাকমেইল’ নিয়ে। ১৪ই আগস্ট একটিমাত্র প্রেক্ষাগৃহে নামমাত্র ‘ব্ল্যাকমেইল’ মুক্তি পেলেও সাইদুর রহমান মানিক পরিচালিত এ ছবিটি ২৮শে আগস্ট সারা দেশে মুক্তি পাবে। ববির সঙ্গে এ ছবিতে রয়েছেন আনিসুর রহমান মিলন ও লাক্স-চ্যানেল আই সুপারস্টার মৌসুমী হামিদ। ববি ও মৌসুমী হামিদের একসঙ্গে বেড়ে ওঠা, অন্যায়ের প্রতিবাদ করতে করতে সন্ত্রাসী হয়ে যাওয়া এবং এক নায়ক মিলনকে নিয়ে দুজনের মধ্যকার বন্ধুত্বের ফাটল নিয়ে ‘ব্ল্যাকমেইল’ ছবির গল্প। ছবিটিকে ববির শেষ ভরসা হিসেবে চিহ্নিত করছেন চলচ্চিত্র ব্যবসায়ীরা। এ ছবিতে তিনি যদি নিজেকে দর্শকদের পছন্দমতো মেলে ধরতে না পারেন তাহলে শীর্ষস্থানের প্রতিদ্বন্দ্বিতা থেকে তাকে সরে আসতে হবে। হাতে যে ছবিই থাকুক না কেন, স্থান নিয়ে হবে মধ্যম সারিতে। অতএব, চলচ্চিত্র ব্যবসায়ীদের মতে ‘ব্ল্যাকমেইল’-এর সাফল্য পাওয়াটা ববির জন্য বেশ জরুরি। এ মুহূর্তে ববি দেশে না থাকায় এ ছবি সম্পর্কে তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তিনি ইফতেখার চৌধুরী পরিচালিত একটি ছবির শুটিংয়ে দেশের বাইরে অবস্থান করছেন।











