দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক : ১১০/১ থেকে ১১০/৪– কোনো রান যোগ না করতেই পরপর তিন উইকেট হারিয়ে ধুঁকছিল নিউজিল্যান্ড। আকাশ দীপ-গুরনুর ব্রারদের বোলিং তোপে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনেই আধিপত্য দেখাতে শুরু করে ভারত। তবে শেষ দেড় সেশনে ঘুরে দাঁড়িয়ে সেখান থেকে ৫ উইকেটে ২৪৬ রান তুলে নিউজিল্যান্ড প্রথম দিন শেষ করেছে।
ওয়েলিংটনে ড্র করার পর ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে মুখোমুখি স্বাগতিক নিউজিল্যান্ড ও ভারত। আগে ব্যাট করতে নেমে কিউইদের শুরুটা ভালোই ছিল। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৭৭ রান। এরপর ১১০ রানের মাথায় খেই হারায় নিউজিল্যান্ড। অবশ্য নির্দিষ্ট রানে স্থির থেকে টানা তিন উইকেট হারানোর এমন নজির তারা ৬ বছর আগেও দেখিয়েছিল। পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে ৬১/১ থেকে ৬১/৪-এ রূপ নেওয়া টেস্টে ৯০ রানে অলআউট ও ইনিংস ব্যবধানে হেরেছিল কিউইরা।
ভারত অবশ্য প্রতিপক্ষ দলকে এমন বিপদে ফেলার কাজটা এ নিয়ে পঞ্চমবার করল। সর্বশেষ ২০১৯ সালে কিংসটনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ড ১৩/১ থেকে ১৩/৪-এ পাল্টে দেয় জাসপ্রিত বুমরাহ। ভারতীয় এই গতিতারকার হ্যাটট্রিকেই মূলত ক্যারিবীয়রা দিশেহারা হয়ে পড়েছিল।
নিউজিল্যান্ড অবশ্য পরের দুটি পঞ্চাশোর্ধ রানের জুটিতে ১১০ রানের মাথায় তিন উইকেট হারানোর ধাক্কা সামলে উঠেছে। পঞ্চম উইকেট জুটিতে টম ব্লান্ডেল ও ড্যারিল মিচেল মিলে ৭৪ এবং এরপর গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ব্লান্ডেল ৬২ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন। এর আগে টম ল্যাথাম ও ডেভন কনওয়ের উদ্বোধনী জুটি ৭৭ রান করেছিল। দিন শেষে ব্লান্ডেল ৫৩ এবং ফিলিপস ৩৬ রানে অপরাজিত আছেন।
এর আগে ৭৯ বলে ৩১ রান করা কনওয়েকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ভারতকে প্রথম ব্রেকথ্রু এনে দেন গুরনুর ব্রার। এটি তার অভিষেক টেস্ট। আকাশের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ল্যাথাম ফেরেন ১২৮ বলে ৫৯ রান করে। তার পরপরই আউট হওয়ায় রাচিন রবীন্দ্র (০) এবং হেনরি নিকোলস থিতু হয়েও ইনিংস (১৬) বড় করতে পারেননি। দুজনকে যথাক্রমে ফেরান আকাশ ও অনুশুল কম্বুজ।
মাঝে দারুণ শান্ত মেজাজে খেলতে থাকা ড্যারিল মিচেলকে ৩১ রানে ক্যাচ বানিয়ে আউট করেছেন ওয়াশিংটন সুন্দর। প্রথম দিনে ভারতের পক্ষে আকাশ ২ এবং গুরনুর-কম্বুজ-সুন্দর ১টি করে উইকেট নিয়েছেন।











