শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকে শিক্ষার মান কমেছে

news-image

প্রাথমিকে শিক্ষার মান কমেছেদেশের প্রাথমিক শিক্ষার অর্জিত মান ১০ বছর পিছিয়েছে। এর কারণ হিসেবে সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক স্কুলগুলোকে দায়ী করা হয়েছে। সেখানে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত অবকাঠামো নেই। পাঠদানসহ স্কুলের নানা কর্মকাণ্ডে সেসব স্কুল পিছিয়ে রয়েছে। অন্যদিকে, ভাষার ক্ষেত্রে বাংলা ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীরা খারাপ ফল করছে। কোচিং বেআইনি হলেও ২০০৯ সাল থেকে পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা চালুর পর তা বেড়েছে। গাইড বইনির্ভর হয়ে পড়েছে শিক্ষার্থীরা।
আগে দেশে ৩৭ হাজার ৬৭২টি সরকারি প্রাথমিক স্কুল ছিল। ২০১৩ সালে একসঙ্গে ২৬ হাজার ১৯৩টি নিবন্ধিত প্রাথমিক স্কুলকে জাতীয়করণ করে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, এসব স্কুলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের যোগ্যতার ঘাটতি রয়েছে। দুই ধরনের বিদ্যালয়ে এসএসসি পাস করা শিক্ষক আছেন ৫৪ হাজার ৮৪১ জন। তাদের মধ্যে পুরনো স্কুলে ২৬ হাজার ২৩০ জন; আর নতুন স্কুলে আছেন ২৮ হাজার ৬১১ জন। এইচএসসি পাস করা ৯৬ হাজার ৪৬ জন শিক্ষকের মধ্যে পুরনো স্কুলে ৫৬ হাজার ১২৫ জন এবং নতুন স্কুলে ৩৯ হাজার ৯২১ জন আছেন। স্নাতক বা সমমান পাস করা শিক্ষক আছেন ৯৯ হাজার ৯৪৬ জন। এর মধ্যে সিংহভাগ ৭৯ হাজার ৭৬১ জন শিক্ষক আছেন পুরনো স্কুলগুলোতে। আর নতুন স্কুলে আছেন ২০ হাজার ১৮৫ জন। মাস্টার্স ও সমমান পাস করা শিক্ষক আছেন ৬০ হাজার ৭৫৭ জন। এর মধ্যে পুরনো স্কুলে ৫৬ হাজার ৫৫ জন এবং নতুন স্কুলে আছেন মাত্র চার হাজার ৭০২জন।  


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের করা মূল্যায়নে দেখা গেছে, জাতীয়করণকৃত প্রাথমিক স্কুলের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ নেই। স্কুলগুলোর অবকাঠামোও পর্যাপ্ত নয়। অনেক স্কুলে শিক্ষার্থীর হার অনেক কম। নানা কারণে দুই ধরনের প্রাথমিক শিক্ষকদের মধ্যে মানসিক দ্বন্দ্ব ও সংঘাত বিদ্যমান রয়েছে। ফলে গত এক বছরে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান অনেকাংশে ব্যাহত হচ্ছে। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, প্রাথমিক শিক্ষার মান কমেছে। নিবন্ধিত স্কুলের শিক্ষকদের দ্রুতই প্রশিক্ষণের আওতায় আনা না হলে স্কুলে পাঠদানের মান আরো কমে যাবে। শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। ঘাটতি পূরণে দ্রুত বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। গত দুই বছরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা গেছে, ২০১৩ সালে সরকারি স্কুলে পাসের হার ছিল ৯৮ দশমিক ৭৭ শতাংশ। আর জাতীয়করণকৃত স্কুলে ৯৭ দশমিক ৪৫ শতাংশ। ২০১৪ সালে পাসের হার পুরনো স্কুলে ৯৮ দশমিক ৩০ শতাংশ এবং নতুন স্কুলে ৯৬ দশমিক ৬৫ শতাংশ। মানদণ্ড বিচারে পুরনো সরকারি স্কুলের শিক্ষার্থীরা সামগ্রিকভাবে ভালো ফল করে।


সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মহাসম্পাদক সালেহা আখতার বলেন, জাতীয়করণকৃত শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল। তাদের শিক্ষাগত যোগ্যতার সমতা বিধান ও প্রশিক্ষণের আওতায় আনা না হলে প্রাথমিক স্তরের শিক্ষায় ধস নামবে। তিনি বলেন, নতুন ও পুরনো স্কুলে বদলির মাধ্যমে শিক্ষকদের মধ্যে সমন্বয় ঘটাতে হবে। এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস বলেন, নতুন জাতীয়করণ করা স্কুলগুলোর কারণে প্রাথমিক শিক্ষার অর্জিত মান কমেছে। হঠাৎ করে দুই ধরনের স্কুল এক করা হয়েছে। এসব স্কুলে সমতা আনতে সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা রাতারাতি সমাধান সম্ভব হবে নয়। তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় যে মান অর্জন হয়েছে জাতীয়করণকৃত স্কুলগুলোর সংযুক্তির কারণে তা ১০ বছর পিছিয়েছে।

 
এদিকে গণসাক্ষরতা অভিযানের এক গবেষণা প্রতিবেদনে প্রাথমিক শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছে। সেখানে বলা হয়েছে, কোচিং বেআইনি হলেও ২০০৯ সাল থেকে পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা চালুর পর তা বেড়েছে। শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য গত বছর দেশের ৮৬ দশমিক ৩ শতাংশ স্কুলে শিক্ষার্থীদের কোচিং করতে হয়েছে। আর ৭৮ শতাংশ সরকারি বিদ্যালয়ে কোচিং ছিল বাধ্যতামূলক। এতে শিক্ষার্থীদের ব্যয়ও বেড়েছে। এই পরীক্ষার জন্য প্রাইভেট পড়ার নির্ভরশীলতা বাড়ছে, পাঠ্যবইকে দূরে ঠেলে দিচ্ছে গাইড বই। শিশুরা শেখার আনন্দ পেতে এবং সৃজনশীল হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। পরীক্ষায় পাসের হার বাড়াতে খাতায় নম্বর বাড়িয়ে দেয়া, প্রশ্নপত্র ফাঁসসহ নানা অনিয়ম হচ্ছে। পরীক্ষার হলে দেখাদেখি করে লেখা এবং উত্তরপত্র মেলানোর জন্য শেষের ৪০ থেকে ৬০ মিনিট অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। পরীক্ষায় দেখা গেছে, ভাষার ক্ষেত্রে বাংলা ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীরা খারাপ ফল করছে। ইংরেজিতে ৪২ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী লেটার গ্রেড ‘সি’ বা ‘ডি’ পেয়েছে।
ওই গবেষণা প্রতিবেদনে শ্রেণীকক্ষের শিখনের মান বাড়ানো, বিদ্যালয় ও পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন বন্ধ করা, সমাপনী পরীক্ষা স্থানীয়ভাবে নেয়া, শিক্ষকদের সম্মান ও ক্ষমতায়নে জোর দেয়াসহ কয়েকটি সুপারিশ করা হয়।