শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক-মাধ্যমিকের ৩৫ কোটি পাঠ্যবই না ছাপানোর সিদ্ধান্ত

news-image

প্রাথমিকের ১১ কোটি পাঠ্যবইয়ের বিষয়ে কার্যাদেশ দেওয়ার আগমুহূর্তে বিশ্বব্যাংকের নতুন শর্তে ক্ষুব্ধ দেশের ছাপাখানার মালিকরা। বিশ্বব্যাংকের নতুন শর্তগুলো অবমাননাকর ও অপমানজনক বলে আখ্যায়িত করে মালিকরা অভিযোগ করেছেন, ভারতসহ বিদেশি প্রতিষ্ঠানগুলোকে কাজ দেওয়ার উদ্দেশ্যে বিশ্বব্যাংক এখন নানা অজুহাতে নতুন শর্ত জুড়ে দিচ্ছে। তাই এসব শর্ত সম্পূর্ণ বাতিল করা না হলে আগামী বছরের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩৫ কোটি পাঠ্যবই না ছাপানোর সিদ্ধান্ত  নিয়েছেন তারা। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে এসেছেন। এতে আগামী ২০১৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।


মুদ্রণ শিল্প সমিতির নেতৃবৃন্দ অভিযোগ করেন, দরপত্র আহ্বানের আগে তৈরি শিডিউলও বিশ্বব্যাংকের অনুমোদিত ছিল। তাদের সঙ্গে আলোচনা করেই সেই শিডিউল তৈরি করা হয়েছিল। এখন দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে দেশের প্রতিষ্ঠানগুলো নির্বাচিত হওয়ায় বিশ্বব্যাংক নতুন করে টালবাহানা শুরু করেছে। সমিতির সভাপতি শহীদ সেরনিয়াবাত বলেন, ‘বিশ্বব্যাংক মাত্র ৩৪ কোটি টাকা দিয়ে আমাদের দেশের ওপর খবরদারি করছে। তারা সরকারকে জিম্মি করতে চাচ্ছে। অথচ আমরা সর্বনিম্ন দরে পাঠ্যবই ছাপিয়ে দেশের ১০৯ কোটি টাকা বাঁচিয়ে দিচ্ছি। আমরা বিশ্বব্যাংকের অধীনে দরপত্রে অংশ নেইনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবির অধীনে আমরা দরপত্রে অংশ নিয়েছি। তাই বিশ্বব্যাংকের চাপে এনসিটিবি দরপত্রের শিডিউলের বাইরে একটি নতুন শর্ত সংযোজন করলে আমরা সব বই ছাপার কাজ বন্ধ করে দেব।’
তবে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র পাল সকালের খবরকে বলেন, ‘আমরা আগামী ১ জানুয়ারি  শিক্ষার্থীদের হাতে বই দেওয়ার বিষয়টি মাথায় রেখে এগুচ্ছি। এখন শর্ত নিয়ে যে সমস্যা হচ্ছে সেটা সমাধান হয়ে যাবে।’ তিনি জানান, আগামী ২০১৬ শিক্ষবর্ষের প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য প্রায় ৩৫ কোটি পাঠ্যবই ছাপানোর কাজ শুরু হয়েছে। এর মধ্যে প্রায় ১১ কোটি পাঠ্যবই প্রাথমিকের।
এনসিটিবি ও ছাপাখানার মালিকদের কাছ থেকে জানা যায়, গত ২৯ এপ্রিল প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় ১১ কোটি এবং প্রাক-প্রাথমিকের জন্য আরও এক কোটির বেশি পাঠ্যবই ছাপার জন্য দরপত্র আহ্বান করে এনসিটিবি। প্রাথমিক ও প্রাক-প্রাথমিকের বইয়ের জন্য এনসিটিবি সম্ভাব্য দর ঠিক করে ৩৩০ কোটি টাকা। কিন্তু দেশীয় ছাপাখানার মালিকরা এর চেয়ে ১০৯ কোটি কমে ২২১ কোটি টাকা দর নির্ধারণ করেন।

গত ২৫ জুন দরপত্র খোলার পর এনসিটিবি বইয়ের এ দাম সম্পর্কে জানতে পারে। প্রাথমিক ও প্রাক-প্রাথমিকের বই ছাপাতে ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং বাংলাদেশ মিলিয়ে মোট ৭৫০টি দরপত্র জমা পড়ে। দরপত্র মূল্যায়নে সব লটে বাংলাদেশের প্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হয়। প্রাথমিকে ২০টি এবং প্রাক-প্রাথমিকে দুটি দেশীয় প্রতিষ্ঠানকে সর্বনিম্ন দরদাতা হিসেবে বাছাই করে এনসিটিবি।
পরবর্তী সময়ে গত ১৯ জুলাই নিয়ম অনুযায়ী এনসিটিবি বিশ্বব্যাংকের সম্মতির জন্য চিঠি দেয়। বিশ্বব্যাংক এক মাস পর এই চিঠির জবাবে সম্মতি না দিয়ে গত মঙ্গলবার নতুন কয়েকটি শর্ত আরোপ করে। উল্লেখ্য, প্রাথমিকের বই ছাপার ক্ষেত্রে ৯ ভাগের কিছু বেশি ঋণ দেয় বিশ্বব্যাংক। এজন্য এই বই ছাপার ক্ষেত্রে বিশ্বব্যাংকের সম্মতি লাগে। বিশ্বব্যাংকের শর্তের মধ্যে একটি হল পাঠ্যবইয়ের গুণগত মান নিশ্চিত করতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করতে হবে। কার্যাদেশ দেওয়ার আগে এনসিটিবি থেকে নির্বাচিত প্রতিষ্ঠানের কাজের সম্মতি চেয়ে দেওয়া নোটিফিকেশন অ্যাওয়ার্ডেও বিশ্বব্যাংকের অনুমতি লাগবে। পাঠ্যবই ছাপার কাগজ ১০ শিট, ফর্মা ১০ শিট এবং ছাপা বই ১০ কপি করে বিশ্বব্যাংকে জমা দিতে হবে। বিশ্বব্যাংক যেকোনো সময় ছাপাখানা পরিদর্শন করবে। এগুলোর কোনো পর্যায়ে বিশ্বব্যাংক যদি মনে করে মান খারাপ হচ্ছে তাহলে সংশ্লিষ্ট ছাপাকারকের কোনো বিল পরিশোধ করা হবে না।


মুদ্রণ শিল্প সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মো. তোফায়েল খান বলেন, ‘পাঠ্যবই আমদানির সময় ভারতীয় প্রতিষ্ঠানকে এলসির মাধ্যমে ৮০ ভাগ বিল বই ছাপার আগেই পরিশোধ করেছে বোর্ড। আর আমরা সার্বক্ষণিক বোর্ডের মনিটরিংয়ের মধ্যে থেকে কাজ করে বই পৌঁছে দেওয়ার পর মান ভালো না হওয়ার অজুহাত দেখিয়ে বিল পরিশোধ করা হবে না। এটা মানা যায় না।’ উল্লেখ্য, ২০১০ সাল থেকে প্রাথমিক পর্যায়ের পাঠ্যবই আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ছাপানো শুরু হয়। সে বছরই প্রাথমিকের প্রায় তিন কোটি বই ছাপার কাজ পায় ভারত। এভাবে গত পাঁচ বছরে প্রাথমিকের প্রায় ১৪ কোটি পাঠ্যবই ছাপায় ভারত। কিন্তু এবার ভারতের কোনো প্রতিষ্ঠান ছাপার কাজ পায়নি। অন্যান্য বছরের চেয়ে এবার দেশীয় প্রতিষ্ঠান অনেক কম দামে বই ছাপার দর নির্ধারণ করায় বইয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এনসিটিবির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বোর্ড থেকে এর জবাবও দেওয়া হচ্ছে। এরপর নতুন করে শর্ত আরোপে ক্ষুব্ধ হয়েছেন ছাপাখানার মালিকরা।
দর কমের বিষয়ে মো. তোফায়েল খান বলেন, আন্তর্জাতিক বাজারে কাগজের দাম কমেছে। এ ছাড়া বোর্ডই এবার পাঠ্যবইয়ের কাগজের গুণগত মান একটু কমিয়েছে। গত বছর কাগজের ব্রাইটনেস ছিল ৮৫ শতাংশ। এবার তা নির্ধারণ করা হয়েছে ৮০ শতাংশ। তাই এখানে প্রতি টন কাগজের দাম ১০ থেকে ১২ হাজার টাকা কমে গেছে। আর আগে দেশীয় প্রতিষ্ঠানকে ম্যানুয়ালি বই ছাপার অনেক কাজ করতে হতো। এখন সব প্রযুক্তির মাধ্যমে করায় খরচ অনেক কমে গেছে। সব মিলিয়ে বই ছাপানোর খরচ কমে গেছে। তাই বোর্ডের সম্ভাব্য দরের চেয়ে ৩১ শতাংশ কমে আমরা দর দিতে পেরেছি। ভারতের প্রতিষ্ঠানও অনেক কম দাম দিয়েছে। তাই দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত ভারতের অনেক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের পার্থক্য তিন থেকে পাঁচ ভাগের মতো হয়েছে। তিনি বলেন, শুধু প্রাথমিকেই নয়, মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল, কারিগরি সব পর্যায়ের পাঠ্যবইয়ে এবার ২৮ থেকে ৪০ ভাগ পর্যন্ত দর কমেছে। সেগুলোর কার্যাদেশও দেওয়া হয়েছে। ছাপার কাজ চলছে। কিন্তু ৯ ভাগেরও কম ঋণ দেওয়া বিশ্বব্যাংক প্রাথমিকের বইয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছে। অথচ মানসম্মত বই না ছাপালে দরপত্রের শিডিউলের শর্ত অনুযায়ী শাস্তিরও ব্যবস্থা রয়েছে।


তিনি বলেন, বাংলাদেশে বিদেশ থেকে ছাপানো বই আমদানির ক্ষেত্রে ১২ ভাগ শুল্ক দিতে হয়। ভারত থেকে যে পাঠ্যবই ছাপিয়ে আনা হতো তার এই শুল্ক আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে এনসিটিবি দিয়ে এসেছে। ভারতীয় প্রতিষ্ঠানকে এ শুল্ক দিতে হলে তাদের বই ছাপার খরচ আরও অনেক বেশি পড়ত। তাছাড়া দেশীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এনসিটিবি থেকে পাওয়া মোট কাজের দামের ওপর শতকরা পাঁচ ভাগ ট্যাক্স কেটে রাখা হয়। পাশাপাশি দেশীয় ছাপাখানার মালিকদের বিদেশ থেকে কাগজসহ অন্যান্য উপকরণ আমদানির ক্ষেত্রে সব মিলিয়ে প্রায় ৬১ ভাগ ট্যাক্স দিতে হয়। এসব কারণে বিদেশের সঙ্গে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মাধ্যমে প্রাথমিকের পাঠ্যবই ছাপার কাজ পেত। এ ছাড়া আন্তর্জাতিক দরপত্রে বই ছাপার ক্ষেত্রে আগের কিছু নিয়ম শিথিল করা হয়েছে। এর মধ্যে নিজস্ব ছাপাখানা থাকার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। ফলে অন্য কোনো ছাপাখানার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সরবরাহকারী প্রতিষ্ঠানও দরপত্রে অংশ নিচ্ছে। এই সুযোগে বিগত বছরগুলোয় ভারতের বেশ কয়েকটি ট্রেডার্স বা সরবরাহকারী প্রতিষ্ঠান বই ছাপার কাজ পেয়েছে।