বিটিভিতে রাইফেল মফিজ
বিটিভির জন্য নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘রাইফেল মফিজ’। রাশেদা সাজ্জাদের রচনা ও পরিচালনায় এ নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন শহিদ আলমগীর। নাটকের গল্পে দেখা যাবে, মফিজের পূর্বপুরুষেরা সবাই লাঠি হাতে সিকিউরিটি গার্ডের চাকরি করে। বেকার মফিজকেও এই চাকরি করতে তার বাবা, দুই ভাই ও দুই ভাবি জোর করে। কিছুতেই মফিজ লাঠি হাতে সিকিউরিটি গার্ডের চাকরি করতে চায় না। কারণ প্রেমিকা লালীর মা মফিজকে শর্ত দেয় রাইফেলওয়ালা সিকিউরিটি গার্ডের চাকরি নিতে পারলে লালীর সঙ্গে মফিজের বিয়ে দিবে। একসময় মফিজ রাইফেলওয়ালা সিকিউরিটি গার্ডের চাকরি খুঁজে পায়। সেই থেকে তার নাম হয় ‘রাইফেল মফিজ’। কিন্তু এই চাকরিতে মফিজকে রাইফেল দেয়া হলেও সেই রাইফেলে গুলি দেয়া হয় না। এতে মনক্ষুণ্ণ হয় মফিজ। ধীরে ধীরে মানসিক যন্ত্রণা রাইফেল মফিজকে কাবু করে ফেলে। এভাবেই এগিয়ে যাবে নাটকের কাাহিনী। নাটকে শহিদ আলমগীরের বিপরীতে লালী চরিত্রে অভিনয় করেছেন ঈশানা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, আরমান পারভেজ মুরাদ, সমু চৌধুরী, লিটু আনাম, আরফান, কল্যাণ কোরাইয়া, তানজিকা, হোমায়রা হিমু, আয়েশা সালমা মুক্তি, মাসুদ আলী খান, শবনম পারভীন, ফিরোজ শাহী, আহসান কবির, জিনিয়া, কাজী রাজু প্রমুখ। নাটকটি প্রতি শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে।











