শেয়ারবাজারে টানা পতন রোধে নেই উদ্যোগ
আবু আলী
টানা দরপতনের বৃত্তে দেশের শেয়ারবাজার। প্রতিদিনই বড় দরপতন ঘটছে। ফলে নানা শ্রেণির বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে দিয়ে নিজেদের গুটিয়ে নিচ্ছেন। পুঁজিবাজার-সংশ্লিষ্টরা বলেছেন, টানা দরপতনের কারণে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। এ কারণে প্রতিদিনই বাজারে নিষ্ক্রিয় বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। লোকসান কমাতে শেয়ার বিক্রি করে দিচ্ছেন অনেকে। তাতে একদিকে কমছে শেয়ারের দাম, অন্যদিকে লেনদেনও কমছে উল্লেখযোগ্য পরিমাণে। তাঁরা আরও বলেছেনÑ বাজারে ছোট, মাঝারি ও বড় সব শ্রেণির বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ভর করায় নতুন করে কেউ বিনিয়োগে এগিয়ে আসছেন না। সরকার ও নিয়ন্ত্রক সংস্থার তরফে পতন থামাতে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় বিনিয়োগকারীদের হতাশা আরও বাড়ছে। গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর যাঁরা নতুন করে বিনিয়োগে আগ্রহী হয়েছিলেন, তাঁরাও এখন আর আগ্রহ দেখাচ্ছেন না।
বিনিয়োগকারীদের অভিযোগ, বাজারে টানা দরপতনের পরও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা তাদের মূল দায়িত্ব। অথচ বাজারে যে গভীর সংকট সৃষ্টি হয়েছে, সেই তুলনায় কার্যকর তৎপরতার ঘাটতি রয়েছে। কার্যত, শেয়ারবাজারে দরপতন থামানোর কোনো উদ্যোগ নেই।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। গতকাল লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বেড়েছে ৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ২৩৬টির। আর ৬৫টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪১টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ১৪০টির দাম কমেছে এবং ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ২৩টি কোম্পানির শেয়ারের দাম বাড়ার বিপরীতে ৫১টির দাম কমেছে এবং ছয়টির দাম অপরিবর্তিত রয়েছে।
বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩১টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৪৫টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। আর তালিকাভুক্ত ৩৫টি মিউচুয়াল ফান্ডের মধ্যে আটটির দাম বেড়েছে। বিপরীতে ১০টির দাম কমেছে এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৪১ টাকা। লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির
২১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৯২ লাখ টাকার। ১০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম।
ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑ বিডি থাই অ্যালুমিনিয়াম, ডমিনেজ স্টিল বিল্ডিং, ওরিয়ন ইনফিউশন, মুন্নু ফেব্রিক্স, প্রগতি ইন্স্যুরেন্স, একমি পেস্টিসাইজ ও সায়হাম কটন।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮১ প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৯টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১২ কোটি ৫১ লাখ টাকা।











