শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন প্লেব্যাকে নাওমি

news-image

পড়াশোনা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন সময়ের আলোচিত কণ্ঠশিল্পী জেরিন তাসনিম নাওমি। আর সে কারণেই খুব বেছে বেছে কম সংখ্যক গান এখন করছেন তিনি। তবে খুব শিগগিরই নিজের ক্যারিয়ারের দ্বিতীয় একক অ্যালবামের কাজ শুরু করতে যাচ্ছেন চ্যানেল আই ক্ষুদে গানরাজ থেকে আসা এ সংগীতশিল্পী। আপাতত মিশ্র অ্যালবামে তেমন একটা কাজ করছেন না। তবে চলচ্চিত্রের গানে নিয়মিত কাজ করছেন নাওমি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি নতুন ছবির গানে কণ্ঠ দিলেন তিনি। ছবির নাম ‘মাস্তান পুলিশ’। পরিচালনা করছেন রকিবুল আলম রকিব। এ ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন কাজী মারুফ ও তানিন সুবহা। সম্প্রতি বাজনা রেকর্ডিং স্টুডিওতে এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। ‘তোমার ওই চোখে হারিয়েছি আমার মন’ শিরোনামের এ গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন ফিরোজ প্লাবন। গানটিতে নাওমির সহশিল্পী হিসেবে ছিলেন প্রতীক হাসান। 
গানটিতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে নাওমি বলেন, গত বছর ধারাবাহিকভাবে বেশ কয়েকটি ভাল ও বড় বাজেটের ছবিতে কণ্ঠ দিয়েছিলাম। কিন্তু চলতি বছর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় গানে সময় কম দিতে পারছি। তবে যতটুকু সম্ভব আমি নিয়মিত প্লেব্যাক করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় ‘মাস্তান পুলিশ’ ছবিতে গান গাইলাম। এখানে প্রতীক ভাইয়া আমার সঙ্গে দ্বৈত গেয়েছেন। অনেক সুন্দর কথা, সুর ও সংগীতের একটি গান ছিল এটি। আশা করছি শ্রোতাদের ভাল লাগবে। এদিকে আসছে কোরবানি ঈদে নাওমির কয়েকটি নতুন গান প্রকাশ হওয়ার কথা রয়েছে। পাশাপাশি নতুন ভিডিও ও অ্যালবাম নিয়েও খুব শিগগিরই শ্রোতাদের সামনে আসবেন তিনি। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে নাওমি বলেন, অনেক দিন ধরেই নতুন অ্যালবাম করার কথা চলছে। তবে আমি নিজে সময় করে উঠতে পারছি না। কারণ, পড়াশোনার ব্যস্ততা অনেক। তবে চলতি বছরই অ্যালবামের কাজ শুরু করার চেষ্টা করবো।