শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ মৌসুমী হামিদের অভিষেক

news-image

লাক্স চ্যানেল আই সুপার স্টার মৌসুমী হামিদের বড় পর্দায় অভিষেক হচ্ছে আজ। সফল পরিচালক সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ ছবির মাধ্যমে সিনেমার নায়িকা হিসেবে দর্শকদের অভিবাদন জানাবেন ছোট পর্দার উজ্জ্বল মুখ মৌসুমী হামিদ। নতুন প্রযোজনা সংস্থা মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত জমজমাট গল্প, শ্রুতিমধুর গান ও শ্বাসরুদ্ধকর অ্যাকশনের ছবি ‘ব্ল্যাক মানি’ আজ সারা দেশের ৮৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এই ছবিতে মৌসুমী হামিদ অভিনয় করেছেন অন্যতম নায়িকা চরিত্রে। ছবির নায়ক সাইমন। আরেক নায়িকা কেয়া। মৌসুমী হামিদ অভিনয় করেছেন লন্ডনে অধ্যয়নরত এক অত্যাধুনিক তরুণীর চরিত্রে, যে পড়াশোনার কাজে কিছুদিনের জন্য দেশে এসে জড়িয়ে পড়ে নানা ঘটনায়। ছবিতে তার ঠোঁটে গান রয়েছে দুটি। পেয়েছেন নিজেকে উপস্থাপন করার দারুণ সুযোগ। এতে আনন্দিত মৌসুমী হামিদ বলেন, খুব ভাল লাগছে সুন্দর একটি ছবি নিয়ে আমি সিনেমাপ্রেমী দর্শকদের সামনে আসতে পেরে। প্রথম ছবিতে দর্শকরা তাদের পছন্দের মৌসুমী হামিদকে দেখতে পাবেন। তিনি বলেন, ‘ব্ল্যাক মানি’ সুন্দর গল্পের সুনির্মিত ছবি। পরিচালক সাফিউদ্দিন সাফির সঙ্গে আমার প্রথম কাজ। এই কাজ করতে করতেই আমি তার আরেক ছবি ‘ক্যাপ্টেন’ (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-টু)-এ সুযোগ পেয়েছি। তা ছাড়া, মুক্তির মিছিলে রয়েছে অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’। সব মিলিয়ে সিনেমার শুরুটা আমার খুবই ভাল হবে বলে আমি আশা করছি। সুঅভিনেত্রী মৌসুমী হামিদ সর্বপ্রথম সিনেমার ক্যামেরার সামনে দাঁড়ান অনিমেষ আইচ পরিচালিত ‘না মানুষ’ ছবিতে। কিন্তু ছবিটি শেষ হয়নি। এরপর তিনি অভিনয় করেন ‘ব্ল্যাকমেইল’ ছবিতে। কিন্তু তার প্রথম ছবি হিসেবে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক মানি’। মুক্তির আগেই ব্যাপকভাবে আলোচিত এই ছবির মাধ্যমে চলচ্চিত্রের নতুন নায়িকা মৌসুমী হামিদের আগমন সফল হোক- এমন প্রত্যাশা সবার।