কর বৃদ্ধির পর কতটা বাড়বে এসি-ফ্রিজের দাম?
সাইফুল হক মিঠু
এক সময় কেবল বিত্তবানদের ঘরেই থাকতো রেফ্রিজারেটর। বিদেশি কোম্পানির উচ্চমূল্যের ফ্রিজ কেনার সামর্থ্য হতো না মধ্য ও নিম্নবিত্ত পরিবারের। সেই দিন বদলেছে। দেশীয় কোম্পানিগুলোর বদৌলতে দাম কমেছে ফ্রিজের। ফলে নিম্ন আয়ের মানুষের ঘরেও জায়গা করে নিয়েছে ফ্রিজ।
একই অবস্থা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির। ফ্রিজের মতো এসিতেও দেশীয় ব্র্যান্ডের দাপট বেড়েছে। ফলে কমেছে দাম। মোটরসাইকেলও এখন আমদানি করতে হয় না। বিভিন্ন দেশের ব্র্যান্ডের মোটরসাইকেল এখন বাংলাদেশেই তৈরি হয়। মূলত দেশে গ্যাস-বিদ্যুতের সরবরাহ, প্রয়োজনীয় অবকাঠামো আর কর সুবিধা পেয়েই এ তিনটি পণ্য আমদানি থেকে বেরিয়েছে। আবার দেশে তৈরি পণ্য অনেক দেশে রপ্তানিও হচ্ছে। তবে এবার এসব শিল্পে করপোরেট কর বা আয়কর দ্বিগুণ করা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের খুচরা যন্ত্রাংশেও আয়কর দ্বিগুণ করা হয়েছে।
এ বিষয়ে গত মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারি করেছে। আয়কর দ্বিগুণ করায় এসব শিল্প নতুন করে চাপের মুখে পড়বে, পাশাপাশি পণ্যের দাম বাড়তে পারে বলে খাত-সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশিদের কাছে আকর্ষণীয় হচ্ছে আমিরাতের শ্রমবাজার
২০০৯ সাল থেকে ইলেকট্রনিকস শিল্পের করে ছাড় দিয়েছে সরকার। এসব শিল্পের করপোরেট কর, কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর এবং উৎপাদন ও সরবরাহ পর্যায়ে কর ছাড় দেওয়ায় দেশে অন্তত এক ডজনের বেশি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব শিল্প ২০২১ সাল থেকে যন্ত্রপাতি আমদানিতে ২ শতাংশ এআইটি এবং আয়ের ওপর ১০ শতাংশ কর দেওয়ার সুবিধা পেয়ে আসছিল। এসব সুবিধা ২০৩২ সাল পর্যন্ত বলবৎ থাকার কথা ছিল। তবে ২০২৪-২৫ অর্থবছরের মাঝামাঝি সময়ে ফ্রিজার, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, কম্প্রেসর ও মোটরসাইকেলের করপোরেট কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে দ্বিগুণ হতে পারে কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়করও।
এনবিআর মনে করছে, এই উদ্যোগের ফলে চার হাজার কোটি টাকা আয়কর আদায় বাড়বে। যদিও আয়কর দ্বিগুণ হওয়ায় দেশে তৈরি মোটরসাইকেল, ফ্রিজ, এয়ারকন্ডিশনারের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।
জানতে চাইলে যমুনা ইলেকট্রনিকসের পরিচালক (বিপণন) সেলিম উল্যা সেলিম জাগো নিউজকে বলেন, কর সুবিধার কারণেই আমদানিনির্ভর পণ্যগুলো এখন দেশেই উৎপাদন হচ্ছে। মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে গেছে। বর্তমানে কর বৃদ্ধির যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা দেশের অর্থনীতির জন্য সুখকর কিছু হবে না। যে হারে ভ্যাট- ট্যাক্স বাড়ানো হয়েছে, এতে পণ্যের দাম আরও বেড়ে যাবে।
এদিকে অর্ধশতাধিক পণ্য ও সেবার ভ্যাট বাড়ানোর প্রস্তাব করেছে এনবিআর। হোটেল-রেস্তোরাঁয় খাওয়া, বিমানের টিকিটসহ সিগারেট, সিগারেট ছাড়াও ওষুধ, গুঁড়া দুধ, বিস্কুট, জুস, ফল, সাবান, মিষ্টি, মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারেনেট রয়েছে ভ্যাট ও শুল্ক করের তালিকায়।
এসব পণ্যে মোট ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে, যা এতদিন ৫ থেকে সাড়ে ৭ শতাংশ ছিল। এছাড়া বিভিন্ন পণ্য ও সেবায় আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।











