শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা সংস্কার চাই, বেশি চাই। তবে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। দেশের সংকট বাড়ছে। সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। দ্রব্যমূল্য এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে, সাধারণ মানুষ চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না। এটার দিকে তাদের (অন্তর্বর্তী সরকার) কোনো খেয়ালই নেই।’

শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত- প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘মানুষের মনে এখন বেশি করে আশঙ্কা তৈরি হবে, এটা করতে গিয়ে আরও সময় যাবে, কালক্ষেপণ হবে। মানুষের মনে ধারণা সৃষ্টি হচ্ছে, কেন যেন এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে।’

তিনি বলেন, ‘এখন তাহলে আবার নতুন করে ভোটার তালিকা করতে হবে। আপনি প্রথমেই বলে দিচ্ছেন, ভোটারের বয়স ১৭ হলে ভালো হয়। আপনি যখন বলছেন, তখন নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি হয়। এটা ইলেকশন কমিশনের কাজ, তাদের ওপর ছেড়ে দিন। ১৮ বছর তো আছে, সবার কাছে গ্রহণযোগ্য। যদি কমাতে চান, সেটা ইলেকশন কমিশন প্রস্তাব করুক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন। তাহলে কোনো বিতর্কের সৃষ্টি হতো না।’

ফ্যাসিবাদী আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিত ও সচেতনভাবে দ্বিতীয়বারের মতো একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিল মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ, যার নেতা ছিল শেখ মুজিবুর রহমান। যিনি স্বাধীনতার পর বাংলাদেশকে গঠন করবার নামে দেশটাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল। সেই সময়ে দুর্ভিক্ষ ও দুঃশাসনের দেশ তৈরি করেছিল আওয়ামী লীগ, আর নেতৃত্বে ছিলেন শেখ মুজিব। আওয়ামী লীগ গণতন্ত্রকে কখনোই বিশ্বাস করত না। গুম করে, হত্যা ও বিনা বিচারে হত্যা করার প্রথম প্রথা শেখ মুজিবের আমলে শুরু হয়েছিল।’

তিনি বলেন, ‘সংস্কার কোনো নতুন ধারণা নয়, কেউ যদি দাবি করে আমরা (এখন যারা সংস্কার নিয়ে কথা বলছেন) সংস্কার দফা নিয়ে আসছি, এই ধারণা ভুল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সেজন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন একটি অনির্বাচিত সরকার দেশ চালাতে পারে না। সংস্কার করেন, আমাদের কোনো আপত্তি নেই। দেশে যে অস্থিতিশীলতা, অনেকটাই কমে যাবে যদি একটি নির্বাচিত সরকার থাকে। কারণ নির্বাচিত সরকারের পেছনে জনগণ থাকে।’

প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘অনেক উপদেষ্টা রাজনীতিতে জড়িয়ে পড়ছেন, তারা রাজনীতিবিদদের মতো বক্তৃতা দিচ্ছেন কটাক্ষ করে। রাজনৈতিক দল আপনাদের প্রতিপক্ষ নয়, তারা আপনাদের সহযোগিতা করছে এবং করে যাচ্ছে। আপনারাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের কথাবার্তা বলছেন না। সহযোগিতাও সেভাবে করছেন না।’

ড. ইউনূসের প্রতি আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, সরকার প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে। সংস্কার তো সবাই চায়, সেই সঙ্গে মানুষ শান্তি চাই, বাঁচতে চায়।’

জাগপা সভাপতি খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার প্রেসিডিয়াম সদস্য খন্দকার আবিদুর রহমান, আ স ম মেজবাহ উদ্দিন, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের