সুইফটের বিয়ের বাদ্যি!
টেলর সুইফট‘লাভ স্টোরি’ গানে অসম্ভব সুন্দর ছবি এঁকেছেন, কীভাবে তাঁর জীবনে আসবে রোমিও। কীভাবে সেই রোমিও তাঁকে পোড়ামুখো কর্কশ বাস্তবতার এই পৃথিবী থেকে নিয়ে যাবে রোমান্সের উদ্যানে। হাঁটু গেড়ে বসবে প্রার্থনার ভঙ্গিতে, হাতে ঝিকিমিকি করবে একটা আংটি। রোমিও আকুতিমাখা গলায় বলবে, ‘আমাকে বিয়ে করবে, জুলিয়েট?’ সেই গানটাই নাকি সত্যি হয়ে ধরা দিতে চলেছে টেলর সুইফটের জীবনে। কল্পনার সব কটি টুকরা ছবি একসঙ্গে জোড়া লাগাচ্ছেন সুইফটের প্রেমিক ক্যালভিন হ্যারিস। শিগগিরই সুইফটের অনামিকায় আংটি পরাতে চলেছেন এই স্কটিশ শিল্পী। সেই আংটির দামই নাকি পাঁচ লাখ ডলার (প্রায় চার কোটি টাকা)। ১০ ক্যারেটের হিরের আংটি বলে কথা! গত মার্চ থেকে দুজনে প্রেম করছেন। গত জুনে ফোর্বস-এর তালিকায় সবচেয়ে বেশি আয় করা জুটির শীর্ষস্থানেও ছিলেন। সময়টা হয়তো খুব বেশি নয়। কিন্তু এমনই ঝোড়ো আর উদ্দাম প্রেমই নাকি চেয়েছিলেন সুইফট। তবে কি বিয়ের সানাইও বাজতে চলেছে সুইফটের? হলিউড লাইফ।











