বিটিভিতে ঈদের বিশেষ ‘ইত্যাদি’ পুনঃপ্রচার আজ
দর্শকদের প্রশংসাধন্য ঈদের বিশেষ ‘ইত্যাদি’ পুনঃপ্রচার হবে বিটিভিতে আজ রাত আটটার বাংলা সংবাদের পর। বরাবরের মতো এবারও ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে শুরু হয় ঈদের ‘ইত্যাদি’। আর এতে প্রথমবারের মতো অংশগ্রহণ করেন শতাধিক কাওয়ালি শিল্পী। সংগীত তারকা সাবিনা ইয়াসমীন ও তার কন্যা বাঁধন এবং নৃত্য তারকা মৌ ও তার কন্যা পুষ্পিতাকে এই প্রথম একসঙ্গে দেখা গেছে ‘ইত্যাদি’র ঈদমঞ্চে। রয়েছে এ্যান্ড্রু কিশোরের পরিবেশনায় একটি বিষয়ভিত্তিক গান। এবারের ঈদের একটি বিশেষ পর্ব হচ্ছে সামপ্রতিক সময়ে আলোচিত কিছু বিষয় নিয়ে ‘সাত ভাই চম্পা’ গানের সুরে একটি গান। ঈদের ‘ইত্যাদি’র আর একটি পর্বে রয়েছে বিয়ে নিয়ে ৪ মিনিটের একটি নাট্যাংশ। রয়েছে স্বামী-স্ত্রীর কলহ এবং দ্বন্দ্ব নিয়ে তৈরি একটি মিউজিক্যাল ড্রামা। এ ছাড়া রয়েছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক দলীয় নৃত্য। ইত্যাদির প্রতি ঈদের অনুষ্ঠানেই বিদেশীদের নিয়ে একটি মজার পর্ব থাকে। এবারও রয়েছে তেমনি একটি পর্ব। জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের অংশগ্রহণে রয়েছে দর্শক পর্ব। এ ছাড়া নিয়মিত মামা-ভাগ্নে, নানি-নাতি পর্বের পাশাপাশি রয়েছে ঈদকে ঘিরে ডজনখানেক বিদ্রূপাত্মক রসাল নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
এটিএন বাংলা: বিকাল ৩টা ১০ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘ঘড়ছাড়া’। এটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ৬ খণ্ডের ধারাবাহিক ‘অস্থির পারভেজ’। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আর বি প্রীতম। রাত ১০টা ৪৫ মিনিটে দেখা যাবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ধন্যবাদ উল্টাপাল্টা’। এটি পরিচালনা করেছেন নাহিদ রহমান ও লবি রহমান।
চ্যানেল আই: ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ঘরোয়া জামাই। ফেরারি ফরহাদের রচনায় এটি পরিচালনা করেছেন রবিন খান। এতে অভিনয় করেছেন আমিন খান, মৌসুমী হামিদ, আ খ ম হাসান, রুমানা স্বর্ণা, ফারুক আহমেদ, মাসুমা আখতার, রাশেদ মামুন অপু প্রমুখ। বিকাল ৪টা ১০ মিনিটে প্রচার হবে ওমর সানি-মৌসুমীর পুত্র ফারদিন এহসান স্বাধীনের পরিচালনায় টেলিছবি ‘ডেস্টিনেশন’। এতে অভিনয় করেছেন সুজনা, ওমর সানি, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, ড্যানি রাজ ও একটি বিশেষ চরিত্রে মৌসুমী। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘ম্যাচিউরড’। মোস্তফা কামাল রাজের পরিচালনায় এতে অভিনয় করেছেন নাঈম, মেহজাবিন প্রমুখ।
এনটিভি: সকাল ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘ভালবাসার গল্প’। এতে অংশ নিয়েছেন শখ, সোহেল, নিশিতা, রমা, মুহিন ও রিয়া। ২টা ৩৫ মিনিটে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় দেখা যাবে টেলিছবি ‘ক্রিস-ক্রস’। অভিনয়ে রহমান মিলন, রিচি সোলায়মান, অপর্ণা ঘোষ, মাহমুদুল ইসলাম মিঠু, শিরিন আলম, খলিলুর রহমান কাদেরী, হিন্দোল রায়, বৈদ্যনাথ সাহা প্রমুখ।
আরটিভি: বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে ছোটদের অনুষ্ঠান ‘সিমসিম মিসটেক’ । রাত ৮টা ৫০ মিনিটে দেখা যাবে ৬ পর্বের ধারাবাহিক ‘ইয়ার আলীর নতুন বউ’। বৃন্দাবন দাসের রচনায় এটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, অহনা, আ খ ম হাসান, প্রাণ রায়, আরফান, শাহনাজ খুশী, বৃন্দাবন দাশ, মধু প্রমুখ।
একুশে টিভি: সকাল ৮টা ১৫ মিনিটে ‘একুশের সকাল’-এর বিশেষ পর্বটি প্রচার হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ। বিকাল ৪টা ৫ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘ মুঁই হইবেক রাজা’। এতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, শহীদুজ্জামান সেলিম, নিশা, মিশু সাব্বিরসহ অনেকে।
বাংলাভিশন: বিকাল ৪টা ৩০ মিনিটে শাফিন আহমেদ, সামিনা চৌধুরী, ফুয়াদ নাসের বাবু, বাপ্পা মজুমদার, বালাম ও এলিটার অংশগ্রহণে গানের অনুষ্ঠান ‘একই সুরে গাঁথা’ প্রচার হবে। রাত ৮টায় দেখা যাবে মাবরুর রশিদ বান্নাহর রচনা ও পরিচালনায় নাটক ‘ক্রাই বেবী ক্রাই’। এতে অভিনয় করেছেন জন, মিথিলা প্রমুখ। ৬ পর্বের ধারাবাহিক ‘মুকুল মাস্টার’ দেখা যাবে রাত ১১টা ১০ মিনিটে। সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আরফান উদ্দিন আহমেদ, নিলয়, ওয়াহিদা মল্লিক জলি, নওশাবা, মীম, লিমি, জিল্লু প্রমুখ।
দেশটিভি: বিকাল ৩টায় প্রচার হবে মিউজিক্যাল লাইভ ‘এত সুর এত গান’। আজকের শিল্পী বাদশাহ বুলবুল ও অনুপমা মুক্তি।
বৈশাখী টিভি: সকাল ৯টা ১৫ মিনিটে প্রচার হবে ছোটদের অনুষ্ঠান ‘ইচ্ছেঘুড়ি’। দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে ঈদের বিশেষ নাটক ‘সুপিরিয়র কমপ্লেক্স’। এ ছাড়া সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ ঈদ ধারাবাহিক ‘বদরুদ্দিন এখন বদরুদ্দিন খ্রি’।
মাছরাঙা
দুপুর ২টা ৪০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘বিষ কিংবা ভালোবাসার গল্প’। রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘টুয়েলভ আওয়ার্স’। রাত ১০টা ৩০ মিনিটে দেখা যাবে নাটক ‘ওয়ান ফাইন ডে’।
জিটিভি: সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘দ্য মীরর গেম’। এটি রচনা ও পরিচালনা করেছেন গৌতম কৌরি। অভিনয় করেছেন অপূর্ব, রোজা পারমিতা প্রমুখ। রাত ৮টা ৪৫ মিনিটে থাকছে চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটক ‘তোমার পৃথিবী ছেড়ে’। এতে অভিনয় করেছেন মিলন, ফারাহ রুমা, নাজিরা আহমেদ মৌ প্রমুখ।











