শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পুলিশ আসিবার আগেই তাহারা মারা গেল’

news-image

‘ডাক্তার আসিবার আগেই রোগী মারা গেল’ এমনি দায়সারা গোছের একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে পুলিশের সদর দপ্তর থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ জাকাতের কাপড় দেয়ার জন্যে লোক সমাগম করলে তার আগে পুলিশের সহায়তা নিতে হবে। পুলিশের এ চৈতন্যদয় হয়েছে ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে যেয়ে জাকাতদাতাদের লাঠি চার্জ, ভিড়ে হুড়োহুড়ি করে প“লিত হয়ে ২৭ জন মানুষ মারা যাওয়ার পর। পুলিশ সদর দপ্তর মনে হয় ওয়াকিবহাল ছিল না যে বাংলাদেশে প্রায় প্রতিবছর কোথাও কোথাও এধরনের ঘটনায় মানুষের মৃত্যু হয়ে থাকে। তাহলে ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে যাওয়ার আগে এধরনের ঘটনা ঘটতে পারে তা পুলিশ বা গোয়েন্দারা আগে ভাগে টের পাননি কেন। পুলিশ এধরনের জনগুরুত্ব বিষয়ে আগেভাগে সচেতন কেন হবে না। এ প্রশ্ন নিয়ে পুলিশ প্রশাসনের কেউ চিন্তা করার নেই।

যিনি জাকাত দেবেন তার একটা আয়োজন থাকে। এ আয়োজনে বিপুল পরিমাণ লোক সমাগম হবার কথা থাকলে এমনিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় পুলিশ থাকার কথা। ময়মনসিংহের দূর দূরান্ত থেকে মানুষ জাকাতের খোঁজ পেয়ে আসতে পেরেছে কিন্তু পুলিশ খোঁজ পায়নি। এক্ষেত্রে পুলিশ একটি মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর ‘রিএ্যাক্টিভ’ ভূমিকা পালন করছে। পুলিশ এক্ষেত্রে ‘প্রোঅ্যাক্টিভ’ ভূমিকা নিলে অতগুলো মানুষ মারা যেত না। পুলিশ যে দেশে ‘প্রোঅ্যাক্টিভ’ ভূমিকা নেয় না তা বলা যায় না। বিরোধীদলের রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা হওয়ার পর, কয়েকজন দুস্কৃতিকারীর জন্যে শত শত অজ্ঞাতনামা সন্দেহভাজন মানুষের বিরুদ্ধে মামলা করে পাইকারীভাবে আটক বাণিজ্য করা পুলিশের নিয়মিত কাজের অংশ হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে পুলিশের অনেকে বলে থাকেন তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, বেতন ভাতা কম, গাড়ি নেই ইত্যাদি। এ সরকারের আমলে পুলিশের পদে অনেক লোকবল নেয়া হয়েছে। আরো নেয়া হবে। কিন্তু পুলিশ যদি জনগণের জানমাল রক্ষায় পূর্বাপর কোনো ভূমিকা না রাখে তাহলে তাকে রাজনৈতিক ব্যবহার করার প্রয়োজন হয় না বরং সে নিজেই রাজনৈতিক ব্যবহারের সুযোগ খুঁজতে থাকে। যে সরকার ক্ষমতায় থাকে পুলিশ একটি বিশেষ জেলার কোটারি স্বার্থ রক্ষা করে চলে যা ওপেন সিক্রেট। এরফলে পুলিশর জবাবদিহীতা ও সচ্ছতা অনেকাংশে হ্রাস পায়।

ময়মনসিংহে জাকাতদাতা শামীম তালুকদার সহ ৮ ব্যক্তিকে শনিবার আদালতে হাজির করা হবে। এরপর হয়ত জিজ্ঞাসাবাদের জন্যে রিমা-ে নেয়া হবে। তারপর আইনের ফাঁক দিয়ে তারা একসময় মুক্তিও পেয়ে যাবে। জেলা ও জরিমানাও হবে। তবে এক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া খুবই দুস্কর যা সাভারে রানা প্লাজা ধসের পর দেখা যাচ্ছে। ‘জাস্টিস হারিড, জাস্টিস বারিড কিংবা জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড’ এধরনের আপ্তবাক্যের মধ্যে ঘুরপাক খেতে থাকবে বিচারের বাণী। আর যারা ময়মনসিংহে জাকাতের কাপড় আনতে মারা গেছেন তাদের স্বজনরা নিভৃতে কাঁদতেই থাকবেন।

পুলিশ ময়মনসিংহে জাকাতদাতাদের যে ৮ জনকে গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে বলছে। কিন্তু এধরনের হত্যা মামলার পরিণতি কি হয় তা দেখার জন্যে জনগণের ফুরসত নেই। সাধারণ মানুষ চায় এধরনের ঘটনা ঘটার আগেই পর্যাপ্ত ব্যবস্থা প্রশাসন থেকে শুরু করে জাকাতদাতারা যেন নেয়। আর না নিলে তাদের বিরুদ্ধে অতিদ্রুত যদি ব্যবস্থা নেয়া হত তাহলে অতীতের মত এধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটত না। অবাক করা কা- যে গ্রেফতারকৃত আসামিদের মধ্যে দায়িত্বে অবহেলার জন্যে প্রশাসনের কেউ নেই। খোদা না করুক, এধরনের ঘটনা কোনো রাজনৈতিক দলের সমাবেশে হলে অন্তত গোটা কয়েক বরখাস্তের ঘটনা ঘটত। কোনো অভিজাত শ্রেণির অনুষ্ঠানে হলে অন্তত একটি তদন্ত কমিটি হত।

তবে জাকাতের কাপড় আনতে যেয়ে যারা মারা গেছেন তাদের নিয়ে সচিত্র প্রতিবেদন দিন কয়েক মিডিয়া সরগরম হবে মাত্র। কোনো রাজনীতিক, সংসদ সদস্য, বুদ্ধিজীবী বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এ নিয়ে খুব একটা মাথা ঘামাতে চান না। কারণ তারা গরিব এবং প্রান্তিক মানুষ। তারা যদি ধনবান হতেন, রাজনৈতিকভাবে শক্তিশালী হতেন তাহলে তাদের মৃত্যুতে শোকের বিউগল বেজে উঠত। প্রতিবছর তাদের স্মরণ করারা জন্যে হাতে কিছু ফুল নিয়ে জাকাত দেয়ার ব্যবস্থা এমনি সুষ্ঠুভাবে গড়ে উঠতে মনে হত বাংলাদেশে কোনোকালে এধরনের ঘটনাই ঘটেনি।
 

 

আমাদের সময়.কম