শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দ আশরাফ এখন দপ্তরবিহীন মন্ত্রী এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে খন্দকার মোশাররফ

news-image

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) থেকে সরিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে। তার স্থলে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে। তিনি প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।গতকাল বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টন সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস-১৯৯৬ এর রুল ৩ (৪)-এ দেওয়া ক্ষমতাবলে দুই মন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। এর আগে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, খন্দকার মোশাররফ হোসেনকে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর বাইরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সূত্র জানায়, এলজিআরডি মন্ত্রণালয় থেকে অব্যাহতির এমন ঘোষণা আসার আগে সৈয়দ আশরাফ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে শেখ হাসিনার সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সৈয়দ আশরাফের প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে কী আলোচনা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কেউ কিছু জানাতে পারেননি। এদিকে মন্ত্রিসভার দপ্তর হারানোর ঘণ্টা দুয়েক পর সৈয়দ আশরাফ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর যুবলীগের ইফতার মাহফিলে যোগ দেন। ওই অনুষ্ঠানে দপ্তর হারানোর বিষয়ে কোনো প্রতিক্রিয়াই জানাননি তিনি। গণমাধ্যম কর্মীদের বারংবার প্রশ্নের মুখেও তিনি ছিলেন নীরব। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা শেখ হাসিনার সরকারের চলতি মেয়াদে এ নিয়ে দু'জন মন্ত্রী তাদের মন্ত্রণালয় হারালেন। এর আগে ইসলাম ধর্ম ও পবিত্র হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও দল থেকে অব্যাহতি দেওয়া হয়। এবার সৈয়দ আশরাফকে নিজ মন্ত্রণালয় থেকে বাদ দিয়ে দপ্তরবিহনীন মন্ত্রী করা হলো। মহাজোট সরকারের মেয়াদে রেলের ৭০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা হয় প্রায় দুই বছর। সরকারের উচ্চ পর্যায়ের সূত্র জানায়, আপাতত খন্দকার মোশাররফ হোসেনকে এলজিআরডি মন্ত্রণালয়ের বাইরে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বে রাখা হয়েছে। ঈদের পর মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের সম্ভাবনা রয়েছে। ওই সময় কয়েকজন হেভিওয়েট মন্ত্রী মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন। মন্ত্রিসভায় সৎ, দক্ষ কয়েকজন নেতার অন্তর্ভুর্ক্তির কথাও শোনা যাচ্ছে। সে সময় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন কোনো মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হতে পারে। স্বাধীনতার পর থেকে সব সরকারের আমলেই ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকই এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এর কারণ হলো, এ মন্ত্রণালয়ের কর্মকাণ্ড প্রতিটি স্তরে ছড়িয়ে রয়েছে। এর সঙ্গে মন্ত্রী-এমপি থেকে শুরু করে স্থানীয় সরকারের জনপ্রতিনিধির সম্পৃক্ততাও রয়েছে। এ মন্ত্রণালয় পরিচালনায় একজন বিজ্ঞ রাজনীতিবিদের প্রয়োজন হয়। এ বিবেচনায় আওয়ামী লীগের কোনো জ্যেষ্ঠ নেতাকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। সেক্ষেত্রে খন্দকার মোশাররফ হোসেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বেই থাকতে পারেন বলে সরকারের একটি সূত্র জানিয়েছে। অন্য একটি সূত্র জানায়, খন্দকার মোশাররফ হোসেনের এলজিআরডি মন্ত্রণালয়ের কার্যক্রম বিষয়ে অভিজ্ঞতা থাকায় তাকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে যদিও প্রধানমন্ত্রী আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতাকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে বলেছিলেন। কিন্তু তিনি অপারগতা প্রকাশ করলে খন্দকার মোশাররফকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর খন্দকার মোশাররফ হোসেন সমকালকে বলেছেন, স্থানীয় সরকারের মতো বড় ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াকে জনগণের সেবা করার বড় সুযোগ হিসেবে দেখছেন। প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন তা সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন তিনি। দেশের গ্রামাঞ্চল পর্যন্ত এলজিআরডির কর্মকাণ্ড রয়েছে, সেদিকে তিনি মনোযোগ দেবেন। এর আগে তার এ মন্ত্রণালয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রতিষ্ঠায় তার ভূমিকা রয়েছে। আগামী রোববার থেকে তিনি নতুন মন্ত্রণালয়ে অফিস করবেন বলেও জানান। ফরিদপুর শহরের বদরপুরে নিজের বাড়িতে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় জানান, সরকারের এই মন্ত্রণালয়টি দলের গুরুত্বপূর্ণ পদে যারা থাকেন তাদের দেওয়া হয়। আমি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে দেশের উন্নয়নে তথা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাব। এর আগে গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকে অনুপস্থিত থাকায় সৈয়দ আশরাফুল ইসলামকে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে অনীহা, ঠিকমতো অফিসে না আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দ আশরাফের প্রতি অনেক দিন থেকেই ক্ষুব্ধ ছিলেন, যার বহিঃপ্রকাশ ঘটে গত মঙ্গলবার একনেক বৈঠকে। বিশেষ করে মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কর্মকাণ্ডে মনোযোগী না হওয়ার দায়েই দপ্তর হারালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী। সৈয়দ আশরাফের ঘনিষ্ঠজনরা বলেন, তার যোগ্যতাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশের বাইরে কোনো কাজ করতে চান না। আওয়ামী লীগ সভাপতি তাকে যতটুকু কাজ করার নির্দেশ দিয়েছেন আজ পর্যন্ত তার কোনো ব্যত্যয় ঘটেনি। নিজে আগ বাড়িয়ে কিছু করতে যাওয়ার মতো মানসিকতা সৈয়দ আশরাফের নেই। এমনকি অনেক সিনিয়র মন্ত্রী মন্ত্রিত্ব উপভোগ করলেও সৈয়দ আশরাফ তার ব্যতিক্রম। দেশের প্রথম অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম ছাত্রজীবনে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৫ সালে জাতীয় চার নেতাকে হত্যার পর তিনি লন্ডন চলে যান। সেখানে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৯৬ সালে দেশে ফিরে কিশোরগঞ্জ সদর আসন থেকে এমপি নির্বাচিত হলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে। ২০০১ সালেও তিনি একই আসন থেকে এমপি নির্বাচিত হন। ওয়ান ইলেভেনে দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক আবদুুল জলিলকে কারাবন্দি করা হলে তিনি দলের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন। পরে গত মহাজোট সরকারের সময়েও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান সৈয়দ আশরাফুল ইসলাম। গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের পর ১২ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। সেই মন্ত্রিসভায়ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান সৈয়দ আশরাফ।