শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজ্জাক সুস্থ হয়ে বাসায়

news-image

নায়করাজ রাজ্জাক সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। প্রায় দুই সপ্তাহ চিকিৎসা শেষে শঙ্কামুক্ত হয়ে চিকিৎসকের অনুমতি নিয়েই বুধবার তাকে বাসায় ফিরিয়ে নেওয়া হয়। গত ২৬ জুন রাজ্জাক শ্বাসকষ্ট অনুভব করলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। নায়ক রাজ্জাকের ছোট ছেলে সম্রাট গণমাধ্যমকে জানিয়েছেন, শারীরিক অবস্থা কিছুটা ভালো অনুভব করায় রাজ্জাককে হাসপাতাল থেকে তাদের গুলশানের বাসা লক্ষীকুঞ্জে আনা হয়েছে। গত ২৬ জুন তাকে হাসপাতালে ভর্তি করার পরদিন সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে স্থানান্তর করা হয়। গত সোমবার দুপুরে রাজ্জাকের বাসায় ফেরার কথা ছিল। তবে তার শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। সম্রাট বলেন, আমাদের এই দুঃসময়ে দেশবাসী ও আমাদের পরিবার এবং বাবার শুভাকাঙ্খীরা পাশে ছিলেন। চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা এবং সবার দোয়া ও ভালোবাসায় বাবা সুস্থ হয়ে উঠেছেন। সবার কাছে আমরা কৃতজ্ঞ। বাবা আমাদের সঙ্গে কথা বলছেন। সবার সম্পর্কে খোঁজ-খবরও নিচ্ছেন। বিপদে পাশে দাঁড়ানোর জন্য সব বন্ধু, পরিবারের সদস্য ও অন্যদের ধন্যবাদ জানান তিনি। রাজ্জাকের অসুস্থতার খবরে তার সহকর্মী কবরী, আলমগীর, উজ্জ্বল, চম্পা, ফেরদৌস, সিমলা, গাজী মাজহারুল আনোয়ার, আবুল হায়াত, খোরশেদ আলম, খসরু, চয়নিকা চৌধুরী এবং ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হকসহ অনেক ভক্ত অনুরাগী হাসপাতালে ছুটে গেছেন।