শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবের গলাধাক্কা খেয়ে মুক্তিযোদ্ধার আত্মহত্যা

news-image

ঘুষের টাকা ফেরত চাওয়ায় সচিবের গলাধাক্কা খেয়ে অপমানে আত্মহত্যা করেছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধা আইয়ুব খান। মৃত্যুর আগে চার পৃষ্ঠার চিঠিতে এমনটাই লিখে গেছেন এই মুক্তিযোদ্ধা। এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন স্বজনরা। তারা তদন্তপূর্বক ওই সচিবের বিচার দাবি করেন। অন্যদিকে মুুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান গণমাধম্যের কাছে বিষয়টি অস্বীকার করে তিনিও তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত দাবি করেছেন। অপরদিকে মৃত্যুর আগে মুক্তিযোদ্ধা আইয়ুব খানের লেখা চার পৃষ্ঠার ওই চিঠি নিয়ে পুলিশ রহস্যের সৃষ্টি করেছে। গোপন করে যাচ্ছে চিঠিতে লেখা অনেক গুরুত্বপূর্ণ তথ্য। বিষয়টি ধামাচাপা দিয়ে পুলিশ অপমৃত্যুর মামলা নিয়েছে বলে মুক্তিযোদ্ধা আইয়ুব খানের স্বজদের অভিযোগ। গত মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের কর্নফুলী আবাসিক হোটেলে বিষপান করেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধা আইয়ুব খান। পরে হোটলে কর্তৃপক্ষ তাকে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মুক্তিযোদ্ধার পকেট থেকে চার পৃষ্ঠার একটি চিঠি উদ্ধার করে। মৃত আইয়ুব খান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রামের সাতকানিয়া ইউনিটের সাবেক কমান্ডার।শাহবাগ থানা সূত্রে জানা গেছে, ঢাকা জেলা প্রশাসক বরাবর লেখা চার পৃষ্ঠার ওই চিঠিতে তিনি অভিযোগ করে লিখেছেনÑ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান তাকে বাসা থেকে গলাধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। আর এই অপমান সইতে না পেরে তিনি আত্মহত্যা করলেন। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী বলেন, মৃত মুক্তিযোদ্ধা আইয়ুব খানের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব। মঙ্গলবার সকালে তিনি তোপখানা রোডের কর্ণফুলী হোটেলের ২০৪ নম্বর কক্ষে বিষপান করেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ৭০২ নম্বর কক্ষে তাকে ভর্তি করা হয়। ওইদিন দুপুর ১২টার দিকে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়। পরে কর্নফুলী হোটেলের ২০৪ নম্বর কক্ষে তল্লাশি চালায় পুলিশ। সে সময় সেখান থেকে তার লেখা চার পৃষ্ঠার ওই চিঠি উদ্ধার করা হয়।তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী আরো জানান, চিঠিতে আইয়ুব খান লিখেছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট কমান্ড ঘোষণার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নানকে মাছ, শুঁটকি ও টাকা দিয়েছেন। এরপর দক্ষিণ জেলা ইউনিট কমান্ড ঘোষণা করার জন্য বারবার আবেদন করার পরও সচিব ঘোষণা করেননি। এ জন্য সচিবের বাসায় গিয়ে টাকা ফেরত চাইলে সচিব এম এ হান্নান মুক্তিযোদ্ধা আইয়ুব খানকে গলাধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেন। এ অপমান সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। তবে চার পৃষ্ঠার চিঠিতে আর কি লেখা ছিল সে বিষয়ে মুখ খোলেননি তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী। এ ঘটনায় মঙ্গলবার শাহবাগ থানায় নিহতের মামাতো ভাই আমীর হোসেন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এদিকে মুক্তিযোদ্ধা আত্মহত্যার ঘটনায় নিহতের স্বজনরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।
গতকাল বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়া থেকে সাংবাদিকদের মুঠোফোনে এ দাবির কথা জানান নিহত আইয়ুব খানের মামাতো ভাই আমীর হোসেন। আমীর হোসেন বলেন, আইয়ুব খান যে হোটেলে আত্মহত্যা করেছেন, সেখানে পাওয়া একটি চিঠি শাহবাগ থানা-পুলিশের কাছে আছে। তিনি (মুক্তিযোদ্ধা আইয়ুব খান) কেন এই আত্মহত্যার পথ বেছে নিলেন সে সম্পর্কে ওই চিঠিতে বিস্তারিত লেখা আছে। চিঠিতে প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদনও ছিল। কিন্তু ওই চিঠির কোনো অনুলিপি পুলিশ তাদের দেয়নি। তিনি দাবি করেন, ওই চিঠির সূত্র ধরে বিচার বিভাগীয় তদন্ত করলে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে। আমীর হোসেন আরো বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর মরদেহ চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সেখানে তার দাফন সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, আইয়ুব খান আর্থিকভাবে অসচ্ছল ছিলেন। তার দুই ছেলে দুই মেয়ে। বড় ছেলে আরিফ হোসেন (১৮) চট্টগ্রামে একটি দোকানে কাজ করেন। এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, অপমৃত্যু মামলার প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখা হবে। মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের হোটেল কর্ণফুলী নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আইয়ুব খানকে অচেতন অবস্থায় পুলিশ উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে তিনি একটি সুইসাইড নোট (চিরকুট) রেখে গেছেন। এতে মন্ত্রণালয়ের একজন সচিবকে অভিযুক্ত করে লেখা রয়েছে, ‘গলাধাক্কা দিয়ে অপমান করে বের করে দেওয়ায় আমি আত্মহত্যা করলাম’Ñ জানান ওসি আবু বকর সিদ্দিক। তিনি জানান, চিঠিতে আরো লেখা রয়েছে, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট ঘোষণার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নানকে টাকা দিয়েছিলাম। টাকা দিয়ে বারবার আবেদন করার পরও তিনি দক্ষিণ জেলা ইউনিট ঘোষণা করেননি। তার বাসায় গিয়ে টাকা ফেরত চাইলে তিনি গলাধাক্কা দিয়ে অপমান করে বের করে দেওয়ায় আমি আত্মহত্যা করলাম। আমার লাশটা যেন ঢাকায় দাফন করা হয়। ওসি আরো জানান, গত ১৫ দিন আগে আইয়ুব খান তোপখানা রোডে হোটেল কর্ণফুলীর ২০৪ নম্বর কক্ষে উঠেছিলেন। গত মঙ্গলবার সকালে হঠাৎ ভেতর থেকে কীটনাশকের গন্ধ বের হলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। তারা গিয়ে দেখে, ভেতর থেকে দরজা বন্ধ। খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান গতকাল যমুনা টেলিভিশনকে বলেন, আইয়ুব খান নামে তিনি কোনো ব্যক্তিকে চেনেন না। এবং তার বাসায় এ ধরনের কোনো ঘটনা ঘটনা ঘটেনি। তিনি বলেন, এ ঘটনার যে কোনো তদন্ত হতে পারে।