শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লঞ্চের ‍অগ্রিম টিকিট মোবাইলে!

news-image

ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলগামী ঘরমুখী যাত্রীদের লঞ্চের অগ্রিম টিকিট এখন মোবাইলে! এমন সংবাদে ঈদে ঘরমুখো দক্ষিণাঞ্চলের যাত্রীরা হয়ত স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন। তবে প্রকৃত চিত্রটা নাড়ির টানে ঘরে ফেরা মানুষদের অগ্রিম টিকিট প্রাপ্তির ক্ষেত্রে হয়রানির। ঈদ উপলক্ষে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট পেতে কমলাপুর বা গাবতলীতে মানুষের দীর্ঘ লাইনের চিত্র দেখা গেছে। কিন্তু লঞ্চের অগ্রিম টিকিট পেতে সদরঘাট টার্মিনালে লাইন নেই। কোনো লঞ্চেরই অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে না এখান থেকে। লঞ্চে গিয়ে অগ্রিম টিকিট চাওয়া হলে যাত্রীদের বলা হচ্ছে, মোবাইল ফোনের মাধ্যমে সংশ্লিষ্ট লঞ্চের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে। অগ্রিম টিকিট পেতে হলে এর কোনো বিকল্প নেই। সরেজমিনে দেখা গেছে, কোনো লঞ্চ থেকেই দেওয়া হচ্ছে না ঈদের আগের চারদিনের অগ্রিম টিকিট। এসব দিনের টিকিট চাইতে গেলে লঞ্চের ম্যানেজারের মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে। কোনো কোনো লঞ্চের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে বরিশাল অফিস থেকে। ফলে টিকিট না পেয়ে অনেকেই দ্বারস্থ হচ্ছেন কালোবাজারিদের। ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী সুরভী-৯ লঞ্চে গিয়ে অগ্রিম টিকিট প্রাপ্তির ব্যাপারটি জানতে চাওয়া হলে লঞ্চটির ক্লার্ক শফিক  বলেন, ঈদ উপলক্ষে কোনো টিকিট লঞ্চ থেকে দেওয়া হয় না। অগ্রিম টিকিট পেতে হলে যোগযোগ করতে হবে বরিশালের পেয়ার রোডের অফিসে। সুরভী-৭, ৮ এবং ৯ লঞ্চের টিকিটও সেখান থেকেই দেওয়া হয়। ঢাকার যাত্রী সেখানে গিয়ে টিকিট কাটবে কিভাবে, জানতে চাইলে তিনি বলেন, অফিসে গিয়েই অগ্রিম টিকিট কাটতে হবে। পরিচিত হলে মোবাইলে বুকিং দিয়ে অফিসে লোক পাঠিয়ে অ্যাডভান্স করতে হবে। কালোবাজারি ঠেকাতে এমন ব্যবস্থা দাবি করে সুরভী-৯ লঞ্চের সুপার ভাইজার আব্দুর রব বাংলানিউজকে বলেন, ঈদের সময় টিকিট কালোবাজারিদের হাতে চলে যায়। এতে যাত্রীরা হয়রানির শিকার হন। তাই কালোবাজারি ঠেকাতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। এ রুটে চলাচলকারী পারাবত-১০ লঞ্চের ক্লার্ক কবীর সিকদার  বলেন, লঞ্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। বাকি দিনগুলোর অগ্রিম টিকিটের জন্য ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর অগ্রিম টিকিটতো সাধারণ যাত্রীদের জন্য না। যারা নিয়মিত যাতায়াত করেন তাদের অগ্রাধিকার দেওয়া হয়। ভোলা-ঢাকা-ভোলা রুটের এ রহমান অ্যান্ড সন্সের একটি লঞ্চে অগ্রিম টিকিটের ব্যাপারে জানতে চাইলে লঞ্চের ক্লার্ক জসিম   বলেন, কারওয়ান বাজারের অফিসে গিয়ে অগ্রিম টিকিট কাটতে হবে। এছাড়া অফিস থেকে আমাদের ফোন করা হলে এখান থেকে টিকিট দেওয়া হচ্ছে। ম্যানেজার কোথায় জানতে চাইলে তিনি বলেন, উনি কোথায় থাকেন, কোনো ঠিক-ঠিকানা নাই। সন্ধ্যার পর লঞ্চে আসতেও পারেন, আবার নাও আসতে পারেন। ম্যানেজারের মোবাইল নম্বরে যোগাযোগ করেন। একই কথা জানালেন ঢাকা-বোরহান উদ্দিন রুটের বন্ধন-৭ লঞ্চের সুপারভাইজার মিজানুর এবং ঢাকা-নাজিরপুর-ঘোষেরহাট রুটের কর্নফুলী-৪ লঞ্চের ক্লার্ক রিপনও।