শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রক্ত কথা বলে তা বঙ্গবন্ধুর নাতনি টিউলিপের বিজয়ে প্রমাণিত হয়েছে: প্রধানমন্ত্রী

news-image

বৃটিশ পার্লামেন্টে নির্বাচিত বাংলাদেশী বংশোদ্ভুত তিন বঙ্গকন্যাকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, রক্ত কথা বলে তা বঙ্গবন্ধুর নাতনি বৃটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বক্তব্যে ও বিজয়ে প্রমাণ হয়েছে। অথচ নির্বাচনে টিউলিপকে হারাতে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র (তারেক রহমান) সব ধরণের চেষ্টা করেছে, এমনকি ভোটারের ওপর হামলা পর্যন্ত করেছে। আসলে এরা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই বাংলাদেশের মেয়ের বিজয়ের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ‘বাংলাদেশী বংশোদ্ভুত তিন নারী রুশনারা হক, রুপা হক ও টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের সদস্য নির্বাচিত হওয়ায় সংসদে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ছাড়াও সরকার ও বিরোধী দলের ২২ জন সংসদ সদস্য আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে স্পিকার প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। প্রস্তাবটি গৃহীত হওয়ার পর সরকার ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়িয়ে বাংলাদেশী বংশোদ্ভুত তিন বৃটিশ এমপিকে অভিনন্দন জানান। সংসদে এসংক্রান্ত প্রস্তাবটি উত্থাপন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। প্রায় দুই ঘন্টার আলোচনায় অংশ নেন সরকারি দলের তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব-উল আলম হানিফ, আবদুল মান্নান, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মেহের আফরোজ চুমকি, সাগুফতা ইয়াসমীন এমিলি, আবু জাহির, একেএম শাহজাহান কামাল, মুনিরুল ইসলাম, ফজিলাতুন নেসা বাপ্পি ও সানজিদা খানম, স্বতন্ত্র সদস্য ডা. রুস্তম আলী ফরাজী ও জাতীয় পার্টির পীর ফজলুর রহমান। প্রধানমন্ত্রী টিউলিপি সিদ্দিকীসহ নির্বাচিত তিন বাঙালী বৃটিশ এমপির জন্য দেশবাসীর দোয়া কামনা করে বলেন, আমাদের অনেক ঘাত-প্রতিঘাত মোকাবেলা করেই চলতে হয়েছে। জাতির পিতা যে আদর্শ শিখিয়ে গেছেন, সেই আদর্শ নিয়েই আমরা দু’বোন সন্তানদের মানুষ করেছি। আমাদের সন্তানরা মানুষের কল্যাণে কাজ করতে পারে, সেজন্য দেশবাসীর দোয়া চাই। তিনি বলেন, সত্যিই এ বিজয় আমাদের গৌরবের। যে ব্রিটিশরা আমাদের ২শ’ বছর শাসন করেছে, সেই ব্রিটিশ পার্লামেন্টে এখন আমাদের তিন কন্যা এমপি নির্বাচিত হয়েছেন। এটা পুরো দেশের গৌরব, গোটা জাতির গৌরব। তাঁরা আমাদের দেশের মুখ উজ্জ্বল ও দেশের মানুষকে সম্মানিত করেছে। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পরবর্তী কঠিন ও বন্ধুর পথ অতিক্রমের কথা স্মরণ করে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের ৩০ জুন শেখ রেহানাকে নিয়ে আমি স্বামীর কর্মস্থল জার্মানীতে গিয়েছিলাম। অল্প দিনেই দেশে ফিরতে চেয়েছিলাম। কিন্তু মাত্র ১৫ দিনের মধ্যে সব শেষ হয়ে গেল। বাবা-মাসহ সবাইকে হত্যা করলো ঘাতকরা। দেশে ফিরতে চাইলে আমাদের ফিরতে দেওয়া হয়নি। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান নির্দেশ দিয়েছিল আমরা যেন দেশে ফিরে আসতে না পারি। ‘৮১ সালে আমাকে আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচিত করার পরই আমাকে দেশে ফিরতে দিলেও জেনারেল জিয়া আমাকে আমাদের ৩২ নম্বর বাড়িতে প্রবেশ করতে দেয়নি। প্রধানমন্ত্রী বলেন, আমি দেশে ফিরলেও ‘৭৬ সালের ডিসেম্বরে লন্ডনে যায় শেখ রেহানা। আমার বাবা বঙ্গবন্ধু সততা ও আদর্শ নিয়ে রাজনীতি করে গেছেন, আমাদের জন্য কিছু সম্পদও রেখে যাননি। যার ফলে শেখ রেহানাকে লন্ডনে পড়াশুনার খরচ বহন করাও অসম্ভব ছিল। লন্ডনে গিয়ে শেখ রেহানা একটা চাকুরি নেয়, তাঁর বিয়ে হয়। চাকুরি করেই তাঁর তিন ছেলে-মেয়ে ও আমার ছেলে-মেয়েকে পড়াশুনা করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলে। তিনি বলেন, আমার বাবা প্রধানমন্ত্রী ছিলেন, আমিও দু’বার প্রধানমন্ত্রী ছিলাম। কিন্তু শেখ রেহানা এখনো বাসে চড়ে গিয়ে চাকুরি করে। বঙ্গবন্ধুর নাতনি এমপি নির্বাচিত হওয়ার পর টিউলিপ সিদ্দিকীর পার্লামেন্টে প্রথম ভাষণের সময় উপস্থিত থাকার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শেখ হাসিনা বলেন, রক্ত কথা বলে তা টিউলিপের স্বল্প সময়ে সুন্দর বক্তব্যে তা ফুটে উঠে। এতো ছোট্ট মেয়ে যে কী কষ্ট করতে পারে তা নির্বাচনের সময় প্রমাণ করেছে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে সে ভোট চেয়েছে। শত প্রতিকূলতা এবং অপপ্রচার মোকাবেলা করে টিউলিপকে বিজয়ী হতে হয়েছে। টিউলিপের আন্তরিকতা, নিষ্ঠা ও কর্মদক্ষতা সত্যিই অবাক করার মতো। তিন বঙ্গকন্যাকে বিজয়ী করার জন্য প্রবাসী সকল বাঙালীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাইকে হারিয়ে শুধুমাত্র দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করছি। দেশের মানুষের কল্যাণ ও উন্নত জীবন দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।