শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারে থাকা না থাকা প্রশ্নে জাপায় দফায় দফায় বৈঠক

news-image

সরকারে থাকা না থাকা প্রশ্নে আবার নতুন মেরুকরণ দেখা দিয়েছে হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিতে। এ নিয়ে পার্টির শীর্ষ দুই নেতা এরশাদ ও তার স্ত্রী রওশন এরশাদ এখন দুই মেরুতে অবস্থান নিয়েছেন। তবে তাদের এবারের অবস্থান আগের সিদ্ধান্তের উল্টো। বিষয়টি নিয়ে দীর্ঘ দিন ধরে নানা আলোচনা-সমালোচনা চললেও গতকাল হঠাৎ করেই তৎপর হয়ে উঠেন জাপার নেতারা। সংসদ অধিবেশন চলাকালেই গতকাল বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এ নিয়ে দফায় দফায় বৈঠক করেন। তিনি প্রথম দফায় আওয়ামী লীগের দুই জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদের সাথে বৈঠক করেন। এরপরই তিনি বৈঠক করেন দলীয় সংসদ সদস্যদের সাথে।

যদিও এ বিষয়ে সরাসরি কেউ মুখ খুলতে রাজি হননি। জাপা সূত্র জানায়, বর্তমান সরকার গঠনের শুরুতে এরশাদ চেয়েছিলেন জাপা দলীয় মন্ত্রীরা মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসুক। আর তখন রওশন চেয়েছিলেন তারা মন্ত্রিসভায় থাকুক। এক বছর পরে পুরো দৃশ্যপটই পাল্টে গেছে। এখন এরশাদ নিজেই চান তার দলের মন্ত্রীদের মন্ত্রিসভায় থাকার পাশাপাশি আরো দুইজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে আর রওশন চান জাপাকে সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালনের জন্য দলীয় মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে বের করে আনতে। এমন এক জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে এরশাদের জাতীয় পার্টি। ফলে এরশাদ রওশনের মধ্যকার নেতৃত্বের দ্বন্দ্ব আবারো প্রকাশ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে। এ নিয়ে দলে নতুন করে সঙ্কট সৃষ্টি হয়েছে বলে পার্টির একাধিক সিনিয়র নেতা নিশ্চিত করেছেন। আর এরই অংশ হিসেবে গতকাল সংসদ ভবনে আওয়ামী লীগের দুই জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদের সাথে বৈঠক করে নিজের এই চাওয়ার কথা জানিয়েছেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ। আর এরশাদ এখন শুধু মন্ত্রিসভায় থাকার পক্ষেই নন, তিনি মন্ত্রিসভায় জাপার সদস্য সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করতে তৎপর হয়ে উঠেছেন। তিনি পার্টির প্রেসিডিয়াম সদস্য ছোটভাই জি এম কাদের ও দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকেও মন্ত্রী করতে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন।

 গতকাল সংসদের অধিবেশন চলাকালেই সংসদ ভবনে বিরোধী দলের লবিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে বৈঠক করেন রওশন এরশাদ। প্রায় ১০ মিনিটেরও বেশি সময় চলা এই বৈঠকে জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব ফখরুল ইমামসহ দলটির আরো দু-তিনজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে আওয়ামী লীগের এ দুই জ্যেষ্ঠ নেতাকে রওশন বলেছেন ‘আমরা (জাপা) শুধু বিরোধী দল হিসেবেই থাকতে চাই। সরকারে থাকা আমাদের ঠিক হচ্ছে না। দেশী-বিদেশী অনেকের সাথে আমার আলাপ হয়েছে, কেউ বিষয়টিকে ভালোভাবে দেখছে না। আমাদের তো তিনজন মন্ত্রিসভায় রয়েছেন। আপনারা (সরকার) তাদের পদত্যাগ করতে বলুন। তাহলে বিষয়টি আপনাদের (সরকারের) জন্যও ভালো হবে, আমাদের জন্যও ভালো হবে। আপনারা চিন্তাভাবনা করুন, প্রধানমন্ত্রীর সাথেও কথা বলুন। আমরাও আমাদের দলের নেতাদের সাথে কথা বলব। আমাদের দলও চায় মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসতে। এ সময় রওশনকে আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ বলেছেন, সরকারের এই পর্যায়ে এসে মন্ত্রিসভা থেকে জাপার বের হয়ে যাওয়াটা রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত হবে বলে মনে হয় না। এ কথা ঠিক, বিষয়টি নিয়ে শুরুতে কিছু কথাবার্তা ছিল, বিতর্ক ছিল, অনেকে সমালোচনা করেছে। কিন্তু এত দিনে বিষয়টি স্বাভাবিক হয়ে গেছে।

সুতরাং এখন মন্ত্রিসভা থেকে বের হয়ে আসার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। আওয়ামী লীগের এ দুই নেতা রওশনকে এ-ও বলেছেন, মন্ত্রিসভা থেকে জাপার বের হয়ে আসার সময় এখনো আসেনি। তা ছাড়া প্রধানমন্ত্রী নিজেও নাকি এখন চাচ্ছেন না জাপা এই মন্ত্রিসভা থেকে বেরিয়ে যাক। ফলে বিষয়টি নিয়ে আরো চিন্তা-ভাবনা করতে তারা রওশনকে অনুরোধ করেছেন বলে বৈঠক সূত্রের দাবি। বৈঠকের বিষয়টি জাপার সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ নিশ্চিত করলেও আলোচনার বিষয়ে কিছু জানাতে রাজি হননি। মন্ত্রিসভায় জাপার থাকা না থাকাসহ অন্যান্য প্রসঙ্গে আলোচনার বিষয়ে বৈঠকে উপস্থিত থাকা জাপার আরেক সংসদ সদস্য ফখরুল ইমামের কাছে জানতে চাইলে তিনি ‘হ্যাঁ’ কিংবা ‘না’ কোনো মন্তব্য না করে বলেন তারা দু’জন সরকারের সিনিয়র মন্ত্রী ও দলের গুরুত্বপূর্ণ নেতা। তাদের সাথে অনেক বিষয়েই আলোচনা হতে পারে।  বৈঠক সূত্র জানায়, বৈঠকে রওশন দলীয় নেতাকর্মীদের কিছু ক্ষোভের কথাও জানান আমু-তোফায়েলকে। তিনি জানান, যারা এমপি-মন্ত্রী হতে পারেননি, জাপার এমন নেতাদের সরকারি কিছু সুযোগ-সুবিধা দেয়ার জন্য আগে প্রস্তাব করা হয়েছিল। কিন্তু সরকার সে বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ নিয়ে জাপার ভেতরে বেশ অসন্তোষ রয়েছে।

আওয়ামী লীগের এই দুই নেতাকে রওশন বলেছেন, দলের কয়েকজনকে সরকার বিভিন্ন সরকারি ব্যাংকের পরিচালক করতে পারে, বিআরটিসিসহ সরকারি ও আধাসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চেয়ারম্যান পদেও আমাদের দলের নেতাদের নিয়োগ দিতে পারে। কিন্তু সরকার তা করেনি। এ ছাড়াও সরকারি বিভিন্ন নিয়োগ এবং কার্যক্রমে আওয়ামী লীগসহ অন্যরা বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও জাপার নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ জানান তিনি। আমু-তোফায়েলের সাথে রওশনের যখন এই বৈঠক চলছিল, তখন সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে তোফায়েল আহমেদকে প্রধানমন্ত্রীর সাথে তার পাশের আসনে বসে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেছে। এ দিকে এই বৈঠক শেষে রওশন এরশাদ সংসদ ভবনে তার কার্যালয়ে দলের বেশ ক’জন সংসদ সদস্যকে নিয়ে প্রায় আধা ঘণ্টা বৈঠক করেছেন। এই বৈঠকে উপস্থিত থাকা জাপার একাধিক সংসদ সদস্য জানান, আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদের সাথে বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে দলীয় এমপিদের সাথে আলাপ করেন রওশন। সেখানে এমপিদের কাছে নিজ অবস্থানের পক্ষে যুক্তি ব্যাখ্যা করেন তিনি। এমপিরাও নিজেদের মতামত দেন। বেশির ভাগ এমপি রওশনের অবস্থানের পক্ষে বললেও কয়েকজন বিষয়টি নিয়ে আরো গভীরভাবে ভাবার পরামর্শ দেন। প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি এবং দুই মাস আগেও এরশাদ বলেছিলেন, সত্যিকারের বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে হলে জাপাকে মন্ত্রিসভা থেকে বের হয়ে আসতে হবে। তখন জাপার প্রেসিডিয়াম সদস্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছিলেন ‘স্যার (এরশাদ) নিজেই তো পূর্ণমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত, তার স্ত্রীও (রওশন) পূর্ণমন্ত্রীর মর্যাদায় সংসদের বিরোধীদলীয় নেতা। কাজেই আমাদের মন্ত্রিসভা ছাড়ার কথা বলার আগে এরশাদেরই উচিত মন্ত্রিত্ব ছাড়া। প্রায় অভিন্ন কথা বলেছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুও। মন্ত্রিসভায় থাকা জাপার আরেক সদস্য পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, মন্ত্রিসভা থেকে আমাদের পদত্যাগের বিষয়ে দলের কোনো ফোরামে সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর বিশেষ দূত’এর দায়িত্ব থেকে এরশাদকে ‘মুক্তি’ দেয়ার জন্য গত ১৬ জুন কাজী ফিরোজ রশীদও জোর দাবি জানিয়েছিলেন। রওশন এখন মন্ত্রিসভায় থাকার বিরোধিতা করলেও চলতি দশম সংসদের প্রথম অধিবেশনে প্রথম বক্তৃতায় তিনি বলেছিলেন অনেকে মন্ত্রিসভায় জাপার থাকা নিয়ে সমালোচনা করছে এটা একটি নিউ কনসেপ্ট (নতুন ধারণা)। যেমন আগে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছিল না, তখন সেটিও আমাদের কাছে নিউ কনসেপ্ট ছিল।