টিকিট না পেয়ে যাত্রীরা হতাশ লঞ্চের কেবিনের টিকিট উধাও
ঈদের আগাম টিকিট কিনতে বাস ও লঞ্চ টার্মিনালে ভিড় করছেন দূরপাল্লার যাত্রীরা। কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। মিললেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। লঞ্চের কেবিনের টিকিট আগাম বিক্রির শুরু আগেই উধাও। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে কোন কোন কাউন্টারে টিকিট ছাড়ার দেড়ঘণ্টার মধ্যেই শেষ। তাতে হতাশায় পড়েন যাত্রীরা। শনিবার গাবতলীতে যাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। প্রথমদিনের মতো গতকালও ভোর রাত থেকে কাউন্টারগুলোর সামনে টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড় ছিল লক্ষণীয়। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না তাদের কাঙিক্ষত টিকিট। অপরদিকে অনেকের অভিযোগ, কাউন্টারের লোকজনকে অতিরিক্ত টাকা দিলেই মিলছে গন্তব্যের টিকিট। কিন্তু ভোর থেকে দীর্ঘলাইন দাঁড়িয়েও ফিরতে হচ্ছে হতাশা নিয়ে। তবে, টিকিট বিক্রেতারা জানান, ভাড়া কিছুটা বেশি নেয়া হচ্ছে। অন্যান্য সময়ের চেয়ে টিকিট প্রতি ৭০ থেকে ১০০ টাকা বেশি নেয়া নিচ্ছেন তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও অনেকে সেহরি খেয়েই যাচ্ছেন টিকিট সংগ্রহে। যে কারণে ঈগল, হানিফ, সোহাগ, শ্যামলী, এস. আলমসহ বিভিন্ন পরিবহন কাউন্টারের সামনে মানুষের দীর্ঘ লাইন সৃষ্টি হয়। যাত্রীরা অভিযোগ করে বলেন, অগ্রিম টিকিট কয়েকদিন ধরে বিক্রি হওয়ার কথা কিন্তু বিক্রির দ্বিতীয় দিনেই টিকিট শেষ। এটা কেমন কথা? বরিশালগামী যাত্রী ইয়ারুল জানান, সাকুরা পরিবহনের টেকনিক্যাল কাউন্টার থেকে সকাল ৭টায় টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু সাড়ে ৮টার দিকেই কাউন্টার থেকে জানানো হয় টিকিট শেষ। তবে, অনেক অনুরোধে এবং বাড়তি টাকায় কেউ কেউ টিকিট পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। রেজাউল ইসলাম যাবেন নাটোর। কিন্তু টিকিট সংগ্রহ করতে পারেননি। তিনি বলেন, একদিকে কাউন্টার থেকে বলা হচ্ছে টিকিট নেই। অন্যদিকে বাড়তি টাকা দিলে পাওয়া যাবে বলে জানানো হয়। তিনি আরও জানান, নাটোরের ভাড়া ৩৫০ টাকা। কিন্তু ২১০ টাকা বাড়িয়ে ভাড়া নেয়া হচ্ছে ৫৬০ টাকা। খুলনাগামী একে ট্রাভেলস কাউন্টারের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, কাউন্টারে ও অনলাইনে একযোগে টিকিট বিক্রি করা হচ্ছে। এ কারণে একটু এদিক সেদিক হতে পারে। তবে, কাউন্টারের লোকজন সুষ্ঠুভাবে টিকিট বিক্রির জন্য সর্বোচ্চ চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, ১৬ই জুলাই থেকে সরকারি-বেসরকারি অফিস ছুটির কারণে ওই দিনের অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। ১৬, ১৭ ও ১৮ই জুলাইর টিকিট এখন আমাদের কাছে ১টি অথবা ২ টি থাকতে পারে। তা ছাড়া আমাদের আরো কাউন্টার রয়েছে। কাউন্টার প্রতি আমরা ১০ টির মতো ছিট পেয়ে থাকি। তাই যাত্রীদের টিকিট দিতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে বলে বিক্রয় প্রতিনিধিরা জানিয়েছেন। লঞ্চের কেবিনের টিকিট উধাও: দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের বড় লঞ্চগুলোর কেবিনের ঈদের আগের পাঁচ দিনের টিকিট পাওয়া যাচ্ছে না। রাজধানীর সদরঘাট টার্মিনালে বিভিন্ন বড় লঞ্চের কেবিনের টিকিট না পেয়ে হতাশা নিয়ে ফিরছেন টিকিট প্রত্যাশীরা। লঞ্চগুলোর কর্মীরা বলছেন, কয়েকদিন আগেই কেবিনের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এবার ঈদে সরকারি নতুন একটি স্টিমার ও বেসরকারি মালিকানার ১১টি বড় নতুন লঞ্চ যাত্রী বহনে নামছে। এদিকে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন ঠেকাতে সদরঘাট টার্মিনালে ঢোকার আগে যাত্রীদের নাম তালিকাভুক্ত করার সিদ্ধান্ত এবারও কার্যকর হচ্ছে না। তবে কোন লঞ্চ যাতে ছাদে যাত্রী নিতে না পারে, এ ব্যাপারে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্থাটি বলছে, এ ছাড়া লঞ্চ ভরলেই টার্মিনাল ছাড়তে বাধ্য করা হবে। এটি না মানলে প্রেপ্তার ও জরিমানা করা হবে।











