মহাখালীতে ঈদের অগ্রিম টিকিট ৮ জুলাই
ঈদ উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে শুক্রবার (৩ জুলাই) থেকে। কিন্তু রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল মহাখালীতে বিভিন্ন রুটের অগ্রিম টিকিট পাওয়া যাবে বুধবার (৮ জুলাই) থেকে। মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতি জানিয়েছে, ওইদিন থেকে রাজশাহী, রংপুর, বগুড়া, নওগাঁ, সিলেট, বিয়ানিবাজার, চট্টগ্রাম রুটে অগ্রিম টিকিট বিক্রি হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশ থাকার পরও টিকিট বিক্রির না করার কারণ সম্পর্কে মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, ‘মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। টিকিট বাণিজ্য বন্ধে ১৯৮৪ সালে টার্মিনাল প্রতিষ্ঠার পর থেকেই এ কৌশল অবলম্বন করছি আমরা।’ তিনি বলেন, রোজার মাঝে অগ্রিম টিকিট বিক্রি হলে কালোবাজারিরা তা দ্রুত কিনে ফেলে। পরবর্তীতে সে টিকিট অধিক দামে বিক্রি করেন তারা। ফলে পরিবহণের সুনাম নষ্ট হয়। মালেক দাবি বলেন, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে আজ অগ্রিম টিকেট ছাড়লে কালকেই পাওয়া যাবে না। কালোবাজারিদের কারণে দেখা যাবে, সাধারণ মানুষ ১০০ টাকার টিকেট ৫০০ টাকায় কিনছে। এদিকে এবারও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কথা অবলীলায় স্বীকার করেছেন কাউন্টার ম্যনেজার আসলাম (ছদ্মনাম)। তিনি বলেন, অগ্রিম টিকেট বিক্রির একদিন আগে ভাড়া বৃদ্ধির চার্ট টানিয়ে দেওয়া হবে। বাড়তি টাকা আদায়ের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘ ঈদের আগে ঢাকা থেকে যাত্রীবোঝাই গাড়ি ছাড়ে। জ্যামের কারণে সকালের গাড়ি রাতে পৌঁছায়। তার ওপর ঢাকায় ফিরতে হয় খালি গাড়ি নিয়ে। এসব কারণেই বাড়তি টাকা রাখা হয়।











