মুক্তি দেয়া হলো লতিফ সিদ্দিকীকে
হজ, তাবলিগ জামায়াত ও প্রধানমন্ত্রীপুত্র জয় সম্পর্কে কটূক্তি করে কারাগারে থাকা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকী জামিনে মুক্ত হয়েছেন। সোমবার দুপুরে জামিন পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি মুক্তি লাভ করেন। গত মঙ্গলবার বিচারপতি নিজামুল হক ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর হাইকোর্ট বেঞ্চ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ১০ মামলায় লতিফ সিদ্দিকীকে জামিন দেয়। এর আগে গত ২৬ মে একই বেঞ্চ থেকে আরো ৭ মামলায় জামিন পান তিনি। এসব জামিনের পর তার আইনজীবীরা জানান, লতিফ সিদ্দিকীর কারাগার থেকে মুক্ত হতে তার আর কোনো বাধা নেই। উল্লেখ্য, গত বছরের ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতির এক মতবিনিময় সভায় হজ, তাবলিগ জামায়াত ও প্রধানমন্ত্রীপুত্র জয় সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেন। ওই ঘটনার প্রতিক্রিয়ায় দেশে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা দায়ের হয়।











