শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মূর্তি ও ভাস্কর্য এক নয়, দাবি ধর্ম প্রতিমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে ধর্মভিত্তিক দলগুলোর আপত্তির জবাব দিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি দাবি করেন, ‘ভাস্কর্য আর মূর্তি এক নয়। দুটোর মধ্যে পার্থক্য আছে। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে।’

যারা এটা নিয়ে আন্দোলন করছেন তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে বলেও জানান নবনিযুক্ত এ ধর্ম প্রতিমন্ত্রী।

গত সপ্তাহে শপথ নেয়া ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রথম অফিস করেন। এ সময় তিনি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এমনকি বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।

কিছুদিন ধরে ভাস্কর্যকে মূর্তি হিসেবে আখ্যায়িত করে তা নির্মাণ বন্ধে আন্দোলন করছে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ধর্মভিত্তিক দল।

এটাকে ভুল বোঝাবুঝি আখ্যায়িত করে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। পাকিস্তানে যান, ভারতে যান, সারা বিশ্বে যেকোনো রাষ্ট্রে যান না কেন, সব জায়গাতে ভাস্কর্য আছে। ভাস্কর্য যদি মূর্তি হয়, তাহলে টাকার ভেতরে বঙ্গবন্ধুর ছবি আছে, আগে যারা ছিলেন তাদের ছবি ছিল, সেগুলো পকেটে নিয়ে তো সবাই ঘুরে বেড়ায়।’

এসময় প্রতিমন্ত্রী নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘মিসরে গিয়ে দেখেছি, সৌদি আরবেও আছে। বাংলাদেশে যারা এটা নিয়ে আলোচনা করছে, তাদের চিন্তা করতে হবে যে, মূর্তি আর ভাস্কর্য এক নয়।’

প্রতিমন্ত্রী জানান, ভাস্কর্যের যারা বিরোধিতা করছেন তাদের সঙ্গে তিনি বসবেন, আলোচনা করবেন।

ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমরা যে ধর্মেরই হই না কেন, যার যার ধর্ম পালন করব। আমরা সবাই কমবেশি জানি, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে কিছু দুষ্ট লোক থাকে, যারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ নষ্ট করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের সব দুষ্ট চক্রকে কঠোর হস্তে দমন করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে।’

ধর্ম মন্ত্রণালয়ের সাফল্যের কথা তুলে ধরে ফরিদুল হক খান বলেন, ‘প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনার আলোকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে হজ ব্যবস্থাপনার যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, সারাদেশে মডেল মসজিদ নির্মাণ, মঠ-মন্দির, প্যাগোডা সংস্কার ও উন্নয়ন; মসজিদ, মন্দির, প্যাগোডাভিত্তিক শিশু ও গণশিক্ষাসহ বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী দিনে আপনাদের সবার সহযোগিতায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করতে চাই। এ ক্ষেত্রে আমি আপনাদের আন্তরিক সহযোগিতা পাবো বলে বিশ্বাস করি।’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবো। এ ক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা চাই। আমি বিশ্বাস করি, সবাই মিলে সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কাজ করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারবো, ইনশাআল্লাহ।’

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ