আশুগঞ্জ বন্দরে আটকে গেল ভারতীয় চাল
কাভার্ডভ্যান সঙ্কটে আগরতলায় পাঠানো ভারতীয় চাল আশুগঞ্জ নৌবন্দরে আটকে গেছে। এর ফলে খালাসের অপেক্ষায় জাহাজেই পড়ে রয়েছে ৯৩৭ টন চাল। রোববার চাল পরিবহনের কথা থাকলেও কাভার্ডভ্যান না থাকায় চালের প্রথম চালান নিয়ে নিউটেক-৬ নামে একটি কার্গো জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে আটকে রয়েছে।
তবে ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান না থাকায় ঢাকা ও চট্টগ্রামে খবর দেয়া হয়েছে। দুই একদিনের মধ্যে এসব কাভার্ডভ্যান আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছাবে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। নৌবন্দর সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভারতীয় ৯৩৭ টন চাল নিয়ে আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছায় জেড শিপিং লাইন্সের জাহাজ এমভি নিউটেক-৬। ৯৩৭ টন চাল পরিবহনের জন্য ১৫০টি কাভার্ডভ্যানের প্রয়োজন। কাভার্ডভ্যান ব্রাহ্মণবাড়িয়ায় না থাকায় ঢাকা ও চট্টগ্রামে খবর দেয়া হয়েছে। দুই একদিনের মধ্যে এগুলো বন্দরে পৌঁছাবে।
তবে চাল পরিবহনে কাভার্ডভ্যানের বদলে আশুগঞ্জের পণ্যবাহী ট্রাক ব্যবহার না করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কাউছার আহমেদ।
তিনি জানান, আশুগঞ্জ বন্দরের ৫শ’ ও বাইরের প্রায় ৩শ’ ট্রাক রয়েছে। তারা আশা করেছিলেন কর্তৃপক্ষ এসব ট্রাক ব্যবহার করবে। কিন্তু তারা ট্রাক ব্যবহার করেনি। এতে তাদের ট্রাকগুলো অলস পড়ে রয়েছে।
ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি নাছির মিয়া জানান, ঢাকা এবং চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যান আসার কথা রয়েছে। কাভার্ডভ্যানগুলো আশুগঞ্জ বন্দরে আসলেই চাল পরিবহনের কাজ শুরু হবে। তবে নির্ধারিত সময়ের একদিন আগেই ভারতীয় জাহাজ আশুগঞ্জ নৌ বন্দরে এসে পড়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।
এ ব্যপারে আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম জানান, কার্ভাডভ্যান না আসা পর্যন্ত জাহাজেই চাল থাকবে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, চালগুলো পুলিশ হেফাজতে রয়েছে। নির্বিঘ্নে চাল ভারতে পৌঁছে দেয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।











