মুশফিকের ডাবলের পর নাঈম ঘূর্ণিতে দিন শেষ
স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ২৬৫ রানের বিপরীতে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে প্রথম ইনিংস থেকে করেছে ৫৬০ রান। লিড নিয়েছে ২৯৫ রানের। এরপর শেষ বেলায় নাঈম হাসানের ঘূর্ণিতে ২ উইকেট হারিয়ে কাপে সফরকারীরা।
জিম্বাবুয়ে তৃতীয় দিন শেষে ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৯ রান তুলেছে।
বাংলাদেশ দলের হয়ে অধিনায়ক মুমিনুল হক ১৩২ রান করে আউট হন। তবে মুশফিকুর রহিম তুলে নেন ডাবল সেঞ্চুরি। তিনি ২০৩ রান করে অপরাজিত থাকেন। ক্যারিয়ারের তিন ডাবলের দুটিতেই অপরাজিত থাকলেন তিনি।
আর বাংলাদেশের পাঁচ ডাবল সেঞ্চুরির মধ্যে তিনটিই নিজের নামে লিখিয়েছেন মুশফিক। এর আগে সর্বশেষ এই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেই ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। খেলেছিলেন ক্যারিয়ার সেরা ২১৯ রানের ইনিংস।
মুশফিকের সঙ্গে ক্রিজে ছিলেন তাইজুল ইসলাম। তিনি হার না মানা ১৪ রান করেছেন। এর আগে মোহাম্মদ মিঠুন ফিরে গেছেন ১৭ রান করে। মুশফিকের সঙ্গে ভালো জুটি গড়ে খেলা লিটন দাস ৫৩ রান করে আউট হয়েছেন। এর আগে প্রথম ইনিংস থেকে ২৬৫ রান তুলতে পারে সফরকারী জিম্বাবুয়ে।
দ্বিতীয় দিন বাংলাদেশ ৩ উইকেটে ২৪০ রান তুলে শেষ করে। মুমিনুল হক ৭৯ রানে অপরাজিত ছিলেন। মুশফিক করেছিলেন ৩২ রান। তারা দু’জন তৃতীয় দিনের সকালটা নিবিঘ্নেই পার করেন। এর আগে দ্বিতীয় দিনেও ভালো ব্যাটিং করে স্বাগতিকরা। তবে ৭১ রানের দারুণ এক ইনিংস খেলে উইকেট বিসর্জন দিয়ে ফেরেন নাজমুল শান্ত। তামিম আউট হন ৪১ রান করে।
মিরপুর টেস্টে টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের হয়ে তাদের দলীয় অধিনায়ক ক্রেগ আরভিন ১০৭ রানের দারুণ ইনিংস খেলেন। অধিনায়ক হিসেবে তুলে নেন প্রথম সেঞ্চুরি। এছাড়া প্রিন্স মাসভুরে ৬৪ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংস থেকে পেসার আবু জায়েদ রাহী এবং ডানহাতি অফ স্পিনার নাঈম হাসান চারটি করে উইকেট নেন।











