দায়িত্বশীল নেতাদের দায়িত্বহীন কথা বলা থেকে বিরত থাকার আহ্বান ওবায়দুল কাদেরের!
রাজনীতি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় খেলা, আর সে খেলায় একবার কেউ পিছলে পড়লে উতরে উঠা বড্ড মুশকিল বলেছেন, উপমহাদেশের বরণ্যে রাজনৈতিক বুদ্ধদেব ভট্টাচার্য।তিনি বলেন রাজনীতিতে বক্তব্য চয়নে যে নেতা যত পারদর্শী সে তত সফল। যারা কথার কথা রাজনীতির মাঠে বলে বেড়ায়, তাদের উল্কার মতই পতন ঘটে। বর্তমানে আওয়মী লীগের বেশ কয়েকজন নেতার বক্তব্য শুধু রাজনীতির মাঠকেই উতপ্ত করেনি, বরং নিজেদের ব্যক্তি ইমেজকেও সংকটে ফেলে দিয়েছে।
সম্প্রতি ডেঙ্গু ও প্রিয়া সাহা নিয়ে মাতোয়ারা রাজনীতির মাঠ। তবে এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্ত্রী, এমপি ও দায়িত্বশীল নেতাদের দায়িত্বহীন কথা বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।এছাড়া ক্ষমাতাসীন দলের অন্যতম শরিক নেতা ওয়ার্কর্স পাটির সভাপতি রাশেদ খান মেননও এক কদম এগিয়ে বলেছেন, মশার ওষুধ কেনায় দুর্নীতি ঢাকতেই ডেঙ্গুর প্রাদুর্ভাবের খবরকে দক্ষিণের মেয়র ‘গুজব’ বলে অবহিত করেছেন।
আর স্বাস্থ্যমন্ত্রী এডিস মশার বৃদ্ধির সাথে রোহিঙ্গা জনগোষ্ঠির ন্যায় অধিক সংখ্যক প্রজনন ক্ষমতার সাথে তুলনা করেছেন। অথচ নিজ দেশের মানুষের মৃত্যু তার কাছে কিছুই মনে হচ্ছে না। কবে হবে তাদের বোধ?একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় অপেক্ষাকৃত নবীন ও ক্লিন ইমেজ সম্পূর্ণদের নিয়ে গঠিত হয় মন্ত্রিসভা। এরই মাঝে একবার রদবদল, আরেকবার নতুন একজনকে যুক্ত ও একজনকে পদোন্নতি দেয়া হয়েছে।
এই মন্ত্রিসভার প্রতিটি সদস্যই নিজ দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে সচেষ্ট রয়েছে কিন্তু হঠাৎই ছন্দ পতন ঘটতে যাচ্ছে কথা ও কাজের মাঝে। প্রশ্ন উঠেছে তাদের কর্মদক্ষতা ও কথপোকথন নিয়ে।বিশেষ করে প্রিয়া সাহার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ- এদেশে সংখ্যালঘুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে। সম্পত্তি কেড়ে নেয়া হচ্ছে। ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু জনগোষ্ঠি নিখোঁজ।
তার এ বক্তব্যে উত্তাপ ছড়িয়েছে দেশজুড়ে এবং নিন্দার ঝড় উঠে সকল মহল থেকে। বাদ যাননি ক্ষমতাসীন রাজনৈতিকরাও। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সেটা আপাতত থেমেছে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।তার আগে প্রিয়া সাহা কেন এমন কথা বললো, কি তার উদ্দেশ্য নানা প্রশ্ন তুলেছিল ক্ষমতাসীন নেতা থেকে শুরু করে শরিকরাও। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশে ফিরলে বিচারের আওতায় আনা হবে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ‘প্রিয়া সাহার বিরুদ্ধে তড়িঘড়ি করে আইনি ব্যবস্থা নয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
এদিকে ডেঙ্গু জ্বর নিয়েও বেফাঁস বক্তব্য দিয়েছেন মন্ত্রী-মেয়ররা। গণমাধ্যমের খবরকে অতিরঞ্জিত উল্লেখ করে দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেছেন ‘ডেঙ্গু নিয়ে ছেলে ধরার মতো গুজব ছড়ানো হচ্ছে।অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী এডিস মশার সাথে রোহিঙ্গা গোষ্ঠির তুলনা করে বলেছেন, ‘এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো-যা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’
ডেঙ্গু নিয়ে কোনো অজুহাত সৃষ্টি না করে মশার উৎস ধ্বংস করতে ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি।তিনি বলেন, এ বছর ডেঙ্গুর প্রকোপ একটু বেশি। তাই দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে বলব, এখন ডেঙ্গু নিয়ে সভা-সেমিনার করে লাভ নেই। এখন আপনাদের কাজ হবে ডেঙ্গুর উৎস ধ্বংস করা। অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন। এতে করে আপনাদের যেমন ভাল হবে তেমন সরকারের জন্যও ভাল।
ওবায়দুল কাদের এবিষয়ে ধানমন্ডিতে রবিবার (২৮ জুলাই) বলেন, ডেঙ্গু নিয়ে আমরা কোনো অজুহাত সৃষ্টি করছি না। ডেঙ্গুর বর্তমান পরিস্থিতিতে জনগণ আতঙ্কিত ও উদ্বেগের মধ্যে রয়েছে, একথা অস্বীকার করছি না।তবে ডেঙ্গু মোকাবিলায় সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। মশার উৎস ধ্বংস করতে ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছে। এ বছর ডেঙ্গুর প্রকোপ একটু বেশি। আশা করি অচিরেই এ সমস্যার সমাধান হবে।
সরকারের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গদের বিষয়ে বিশিষ্ট ব্লগার ও সাংবাদিক আরিফ দেবজতক লিখেছেন, দেশের বাস্তবতা, সরকারের সামর্থ্য, সরকারি আমলাদের অধিকাংশের অদক্ষতা, এই সব কিছুই আমি বিবেচনায় নেই কিন্তু ডেঙ্গুর প্রকোপ আমাকে যতটুকু বিচলিত করেছে, তার চাইতে অনেক অনেকগুণ বেশি ক্ষুব্ধ, বিরক্ত করছে দায়িত্বশীল লোকদের আচার-আচরণ, তাদের কথাবার্তা।
নেংটাদের কেউ বলেনি যে তারা নেংটা, তাই বলে তোরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নিচের নেংটুগিরি দেখিয়ে যাবি? এদের মধ্যে সাঈদ খোকনের কথাবার্তা এখন রীতিমতো উৎপাতের পর্যায়ে চলে গেছে।কোনটা রেখে কোনটা কোট করবো, একটা কথার চাইতে আরেকটা কথা বেশি ফাজলামো ভরা। সাঈদ খোকন ডেঙ্গু মিয়া, মশা মারতে না পারেন ভালো কথা, আল্লাহর ওয়াস্তে মুখটা বন্ধ করেন।
আমি জানি, আপনাদের এসব মেয়রটেয়র হতে আমাদের ভোটটোটের কোনো প্রয়োজন পড়ে না। তাই আমাদের কাছে আপনাদের কোনো দায়বদ্ধতা নেই। তবু বলি আল্লাহর ওয়াস্তে চুপ করেন।এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, সরকারে কাজ করার সময় যেমন ভুল হয়, তেমন দুই-একটা কথা এদিক সেদিক হতে পারে। এটা মস্ত বড় কোন অন্যায় নই। তবে এমন কথা না বলাই ভাল।
এতে করে নিজের যেমন সুনাম ক্ষুণ হয়, সেই সঙ্গে দলের ভাবমূর্তিও সংকটের মধ্যে পড়ে যায়। তাই আশা করি, ভবিষ্যতে এমন কথা বলবে না তারা। আমাদের পার্টির সাধারণ সম্পাদক ইতোমধ্যে দায়িত্বশীল কথা বলার নির্দেশ দিয়েছেন। আমি তার সঙ্গে একমত।










