ছাত্রদলের তফসিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনে তফসিল ঘোষণা করেছে এ সংক্রান্ত নির্বাচন পরিচালনা কমিটি। আগামী ১৫ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। তবে ভোটকেন্দ্রের স্থান এখনো ঠিক করা হয়নি।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুকদের অবশ্যই ২০০০ সালে মধ্যে এসএসসি পরীক্ষার্থী হতে হবে। বিবাহিত কেউ প্রার্থী হতে পারবেন না।
গতকাল রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন ‘কাউন্সিল-২০১৯’ এর এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী আজ সোমবার ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ভোটার তালিকার ওপর আপত্তি ১৪ জুন, চূড়ান্ত ভোটার তালিকা ২৬ জুন, মনোনয়নপত্র বিতরণ ২৭ ও ২৮ জুন, মনোনয়নপত্র জমাদান ২৯ ও ৩০ জুন, প্রার্থী বাছাই ১, ২ ও ৩ জুলাই হবে। আগামী ৪ জুলাই প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, তালিকার ওপর আপত্তি ও নিষ্পত্তি ৫ ও ৬ জুলাই এবং চূড়ান্ত তালিকা ৭ জুলাই প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী প্রার্থীরা আগামী ১৩ জুলাই রাত ১২টা পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১৪ সালের ১৪ অক্টোবর ঘোষিত রাজীব আহসান ও আকরামুল হাসান মিন্টুর নেতৃত্বাধীন কমিটি গত ৩ জুন বিলুপ্ত করা হয়।
এদিকে, ছাত্রদলের ঘোষিত কাউন্সিল ভুল করতে প্রস্তুতি নিচ্ছে বিলুপ্ত কমিটির আন্দোলনরত বয়স্ক নেতারা। বয়সসীমা তুলে দিয়ে ধারাবাহিক কমিটি গঠনে তাদের দাবি না মানলে তারা ছাত্রদলের কোনো কাউন্সিল করতে দেবে না। গতকাল রোববার সন্ধ্যায় বিদ্রোহী এসব নেতারা যাবতীয় করণীয় ঠিক করতে বৈঠকও করেছেন। তারা আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিলুপ্ত কমিটির সহসভাপতি ইখতিয়ার রহমান কবির বলেন, ‘বয়সসীমা তুলে দেওয়ার দাবিতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। কেউ বাধা দিলে আমরা তা প্রতিহত করবে।’
আন্দোলনকারীদের অপর এক নেতা বলেন, ‘আমাদের দাবি না মানলে কাউন্সিল করতে দেওয়া হবে না, তা ভুল আমরা করবই।’
প্রসঙ্গত, গত ১১ জুন থেকে বয়সসীমা তুলে দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে বিলুপ্ত কমিটির বয়স্ক নেতারা। সর্বশেষ গত শনিবার বেলা সাড়ে ১১টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল শেষে কার্যালয় প্রবেশের সময় বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীকে লাঞ্চিত করার চেষ্টা করা হয়। এরপর তাদের দাবির পক্ষে তারা সংবাদ সম্মেলন করে। ওই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহিরউদ্দিন তুহিন, ছাত্রদলের বিলুপ্ত কমিটির সাবেক সহসভাপতি এজমল হোসেন পাইলট, ইখতিয়ার কবির, জয়দেব জয়, মামুন বিল্লাহ, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বায়েজিদ আরেফিন, সাবেক সহসাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার, সাবেক সহসাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, আব্দুল মালেক ও সাবেক কমিটির সদস্য আজীম পাটোয়ায়িকে বহিষ্কার হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়।
এদিকে, গত শনিবার উল্লিখিত নেতাদের বহিষ্কারের পর ঢাকা মহানগর বিএনপিসহ অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতাদের দলের হাইকমান্ড থেকে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যার যার অফিস করতে বলা হয়েছে। যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে পারে।
বিএনপির সিনিয়র এক নেতা বলেন, ‘অবস্থা যেদিকে গড়াচ্ছে কোনো ইতিবাচক সমাধান না হলে নয়াপল্টনে নিজ দলের নেতাকর্মীদের মধ্যে রক্তারক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দোরত এক নেতা বলেন, প্রয়োজনে এ নিয়ে আদালতে রিটও করা হতে পারে।’
তফসিল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপির ভাইসচেয়ারম্যান শামসুজ্জামান দুদু ১২ নেতার বহিষ্কারের সিদ্ধান্ত সম্পর্কে বলেন, ‘ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পরে আমরা এখানে (নয়াপল্টনের কার্যালয়ে) তাদের (বিক্ষুব্ধদের) সঙ্গে কথা বলার জন্য এসেছিলাম। আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এখানে পার্টির নির্দেশে কাজ করছেন, পার্টি তাকে যেটা বলতে বলে সে ততটুকু বলে। সেখানে তাকে টার্গেট করাটা সমচিত তো নয়ই , এটা শৃঙ্খলার মধ্যে পড়ে না। এটা নৈতিক ও শাস্তিরযোগ্য অপরাধ, এটা ছাত্র দলের সঙ্গে যায় না। এই বিষয়ে পার্টির যে সিদ্ধান্ত নিয়েছে তা যথাযথ সিদ্ধান্ত নিয়েছে।’
এক প্রশ্নের জবাবে দুদু বলেন, ‘যারা এই নির্বাচনের প্রার্থী হবেন তাদেরকে অবশ্যই অবিবাহিত হতে হবে। বিবাহিতরা প্রার্থী হতে পারবেন না, তারা তো ছাত্র না।’
ভোট কোথায় হবে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা (স্থান) দুই-একদিনের মধ্যে আমরা জানাব।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে ড. আসাদুজ্জামান রিপন, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আজিজুল বারী হেলাল, এবিএম মোশাররফ হোসেন, শফিউল বারী বাবু, আমিরুল ইসলাম খান আলিম, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, রাজীব আহসান, আকরামুল হাসান প্রমুখ।










