এবার দুই অভিনেত্রীকে নিয়ে বিতর্কে রাহুল
স্পোর্টস ডেস্ক : নতুন করে আবারও সমালোচনায় ভারতীয় ক্রিকেট তারকা কে এল রাহুল। সম্প্রতি এক শোতে নারীদের নিয়ে যৌন ও আপত্তিকর মন্তব্য করে বিতর্কে আসেন তিনি। এবার তার সঙ্গে নাম জড়িয়েছে বলিউডের দুই অভিনেত্রীর।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে গোপনে ডেটিং করছেন লোকেশ রাহুল। এমনকি একসঙ্গে অভিসারেও দেখা গেছে সোনাল-রাহুলকে।
কিন্তু পুরো বিষয়টি ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিয়েছেন সোনাল। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রেমের বিষয়টিকে পুরোপুরি অস্বীকার করেছেন সোনাল। তিনি বলেন, ‘আমাদের মধ্যে এমন কিছু চলছে না। রাহুল একজন দক্ষ খেলোয়াড় এবং খুব ভালো মানুষ। আমরা খুব ভালো বন্ধু।’
একই সময়ে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বান্ধবী আকাঙ্ক্ষা কাপুরের সঙ্গেও নাম জড়িয়েছে রাহুলের। অনেক জায়গায় একসঙ্গে ঘুরে বেড়াতেও দেখা গেছে তাদের।
তবে এখানেই শেষ নয়, পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়াকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রেমের প্রস্তাব দিয়ে ফের আলোচনায় এসেছেন ডানহাতি এ ওপেনার। তবে লোকেশ রাহুল শেষ পর্যন্ত কাকে বেছে নেন সেটাই এখন দেখার বিষয়।
এর আগেও বলিউডের একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচিত হয়েছেন রাহুল। শুরুতে বলিউড অভিনেত্রী নিধি আগারওয়ালের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। তখন ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছিল, নিধিকে নিয়ে প্রায়ই গোপন অভিসারে বের হন রাহুল। একাধিকবার একসঙ্গে ফটোগ্রাফারদের ক্যামেরায়ও ধরা পড়েন তারা। প্রত্যেকবার একই গাড়িতে চড়ে দ্রুত স্থান ত্যাগ করেন তারা।
কিছুদিন পর জানা যায়, বলিউড অভিনেত্রী দিশা পাটানির প্রেমে মজেছেন লোকেশ রাহুল। এক সাক্ষাৎকারে ডানহাতি ব্যাটসম্যান জানান, দিশা পাটানির রূপে তিনি মুগ্ধ হয়েছেন। এ ছাড়া টাইগার শ্রফের প্রেমিকাকে ‘সিক্রেট ক্রাশ’ বলেও উল্লেখ করেছিলেন তিনি।
প্রসঙ্গত, এর আগে বছরের শুরুতে, কে এল রাহুল এবং হার্ডিক পান্ডিয়া চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের অনুষ্ঠান কফি উইথ করণে যৌন ও আপত্তিকর মন্তব্যের জন্য শিরোনামে উঠে আসেন। দুই খেলোয়াড়ের খেলার ওপর প্রাথমিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের নিষেধাজ্ঞা জারি করেছিল তবে পরবর্তীকালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।










