এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় দুদকের মামলা যেকোনো দিন
ডেস্ক রিপোর্ট : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক এক চেয়ারম্যান, একাধিক অথরাইজড অফিসার, ইমারত পরিদর্শক ও রূপায়ন গ্রুপের পরিচালনা পরিষদের কর্তাব্যক্তিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নকশা অনুমোদনে অনিয়ম, অনুমোদিত ১৫ তলা থেকে ৮ তলা বেশি ২৩ তলায় রূপান্তর, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর ও সিভিল এভিয়েশনের অনুমোদন ছাড়াই এফ আর টাওয়ার ব্যবহারের ছাড়পত্র দেয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এখন কমিশনের চূড়ান্ত অনুমোদন পেলে যেকোনো দিনই হবে মামলা। দুদক সূত্রে জানা গেছে এ তথ্য।
গত ২৮ মার্চ দুপুরে বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগে। এতে নিহত হন ২৭ জন, আহত অর্ধশতাধিক মানুষ। ঘটনার পরদিন ঘটনাস্থল পরিদর্শন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ঘোষণা দেন, এফ আর টাওয়ারের অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে। এ অনুযায়ী ২২ মে সংবাদ সম্মেলন করে মন্ত্রী এফ আর টাওয়ারের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। বলেন, যাদের নাম এ প্রতিবেদনে এসেছে, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, দুদকের অনুসন্ধানে মিলেছে আরও ভয়াবহ তথ্য। জানা গেছে, ১৮ থেকে ২৩ তলা নির্মাণের কোনো তথ্যই নেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে। জমির মালিক ও ডেভেলপমেন্ট কোম্পানি প্রশাসনের নাকের ডগায় নিজ সিদ্ধান্তে নির্মাণ করেছে বাকি ৫ তলা। যেখানে সংশ্লিষ্টতা মিলেছে ভবন মালিক, ডেভেলপার কোম্পানি রূপায়ন গ্রুপ ও রাজউকের ঊর্ধ্বতনদের (যারা ১৯৯৬ সাল থেকে ২০০৮ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন)।
নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দৈনিক জাগরণকে বলেন, এফ আর টাওয়ারের ৮ তলা পর্যন্ত নকশা অনুমোদন বৈধভাবে হলেও ১৫ তলা অনুমোদনে মানা হয়নি কোনো নিয়মকানুন। প্রথম ধাপে ১৯৯৬ সালের নভেম্বরে সিভিল এভিয়েশনের শর্তসহ বিভিন্ন কারণে নকশা অনুমোদন না দিয়ে এফ আর টাওয়ার কর্তৃপক্ষকে ফিরিয়ে দিলেও পরবর্তী সময়ে ওই একই বছরের ডিসেম্বরে অদ্ভুত অজুহাতে ১৮ তলার অনুমোদন দেয় রাজউক কর্তৃপক্ষ। অনুমোদন ফাইলে নোট ছিল, ‘আশাপাশের যেহেতু ১৮ তলা আছে তাই নকশা অনুমোদন দেয়া যায়।’ ফাইলে কাগজপত্র ছিল সবই ভুয়া। নেয়া হয়নি স্টেট শাখার অনুমোদনও।
এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, এফআর টাওয়ারের অনিয়মের সঙ্গে জড়িতদের নাম বেরিয়ে আসছে। দোষীদের কেউই ছাড় পাবে না।
এর আগে বনানীর এফ আর টাওয়ারের নকশা অনুমোদনে জমির মালিক এস এম এইচ আই ফারুক হোসেন ও রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, কাশেম ড্রাইসেল ব্যাটারির মালিক ও এফ আর টাওয়ারের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলাম এবং রাজউকের সংশ্লিষ্ট ইমারত পরিদর্শকসহ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এর পর অনিয়ম খতিয়ে দেখতে গত ৩ মার্চ রাজউক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, ঢাকা ওয়াসা, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেশন কমিটি, ঢাকা উত্তর সিটি করপোরেশন, তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড ও ফায়ার সার্ভিসকে নথিপত্র সংগ্রহে চিঠি দেয় সংস্থাটি। সংস্থার উপ-পরিচালক আবু বকর সিদ্দিকের সই করা চিঠিতে ভবনের ছাড়পত্র প্রদান সংক্রান্ত নথির সত্যায়িত কপি, হাইরাইজ ভবনের ছাড়পত্র প্রদান সংক্রান্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট বিধিমালা বা নীতিমালার সত্যায়িত কপি, ভবন নির্মাণের সময়ে কোন কোন কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন এবং কতবার ভবন পরিদর্শন করেছেন এর বিবরণসহ প্রতিবেদন ইত্যাদি নথিপত্র চাওয়া হয়।
কাগজপত্র পরীক্ষা করে দুদক কর্মকর্তারা দেখতে পান, ফারুক হোসেন ১৯৯৬ সালে তার মালিকানাধীন ১০ কাঠা জায়গায় ১৮ তলা ভবন নির্মাণের জন্য রাজউকে আবেদন করেন। সেই অনুসারে ভবন নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তী সময়ে ২০০৩ সালে রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণের জন্য ফারুক হোসেন মালিকের ৪৫ শতাংশ ও ডেভেলপারের ৫৫ শতাংশ হিসেবে রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলীর সঙ্গে রাজউকের মাধ্যমে আমমোক্তারনামা চুক্তি করেন। ২০০৫ সালে ভবনের মালিক ফারুক হোসেন কর্তৃক রাজউক অনুমোদিত নকশায় ২৩ তলা ভবন নির্মাণ করা হয়েছে মর্মে রাজউককে জানান এবং ২০০৭ সালে বিষয়টি তদন্ত করে অনুমোদিত নকশায় অতিরিক্ত পাঁচতলা নির্মাণের প্রমাণ পেয়েও কোনো আইনি ব্যবস্থা নেয়নি রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা অবৈধ সুবিধা নিয়ে অবৈধভাবে নির্মিত অংশ বিক্রির অনুমোদন দিলে কাশেম ড্রাইসেল ব্যাটারির মালিক তাসভির উল ইসলাম তা ক্রয় করেন।
এদিকে, এফ আর টাওয়ারের নকশা অনুমোদনে বিধি লঙ্ঘন এবং নির্মাণের ক্ষেত্রে ত্রুটি-বিচ্যুতির জন্য রাজউকের প্রাক্তন চেয়ারম্যানসহ অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীকে চিহ্নিত করে প্রতিবেদন প্রকাশ করেছে এ সংক্রান্ত তদন্ত কমিটি। গত ২২ মে সংবাদ সম্মেলনে এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, তদন্ত প্রতিবেদনে যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী বলেন, ১৯৯০ সালে এফ আর টাওয়ারের মাল্টি পারপাস কমার্শিয়াল ১৫ তলা ভবনের নকশা অনুমোদন প্রক্রিয়া এবং অনুমোদন যথাযথ ছিল। কিন্তু ১৯৯৬ সালে ওই ভবনের ১৮ তলা আবাসিক কাম বাণিজ্যিক ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে ইমারত বিধিমালা মানা হয়নি। ১৯৯৬ সালের ইমারত বিধিমালা জারি হওয়ার পরেও বনানীর এফ আর টাওয়ারের নকশা অনুমোদন করা হয় ১৯৮৪ সালের পুরনো বিধিমালার আলোকে। এক্ষেত্রে রাজউকের তৎকালীন চেয়ারম্যান হুমায়ুন খাদেম তার দায় এড়াতে পারেন না। বিধি লঙ্ঘনের ক্ষেত্রে হুমায়ুন খাদেম ছাড়াও রাজউকের সাবেক সদস্য ডি এম ব্যাপারী, রাজউকের সাবেক নগর পরিকল্পনাবিদ জাকির হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান, সাবেক অথরাইজড অফিসার-২ সৈয়দ মকবুল আহমেদ, সাবেক সহকারী পরিচালক মোহাম্মদ উল্লাহ এবং জমির মূল মালিক এস এম এইচ আই ফারুকের দায় রয়েছে। মন্ত্রী জানান, অবৈধ অনুমোদনের সঙ্গে রাজউকের ১৩ জন কর্মকর্তাসহ অগ্নিকাণ্ড ও জানমালের ক্ষতির জন্য বিভিন্ন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত অন্তত ৬৭ জন দায়ী বলে শনাক্ত করা হয়েছে। জাগরণ










