আগস্টে বাংলাদেশ সফরে আসতে পারেন মোদি
ডেস্ক রিপোর্ট : আগামী ৮ জুন নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড-তিন দেশ সফর শেষে ঢাকা ফেরার পথে ভারতের নয়াদিল্লিতে যাত্রা বিরতিকালে এ বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক সূত্র বিষয়টি জানিয়েছে।
তবে এটি কোনো দ্বিপক্ষীয় সফর নয়। উচ্চ পর্যায়ের একটি কূটনৈতিক সূত্র যাত্রাবিরতিকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে ‘গুড উইল এক্সচেঞ্জ’ বলে অভিহিত করেছে। এদিকে দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটে বিজয়ী নরেন্দ্র মোদি আগস্টে বাংলাদেশ সফরে আসতে পারেন।
কূটনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে যাত্রাবিরতি, নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকসহ সংক্ষিপ্ত সূচি নিয়ে প্রস্তুতি শুরু করেছেন ঢাকা ও নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। নয়াদিল্লির কাছে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রস্তাবও পাঠানো হয়েছে।
২৮ মে জাপান সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তিন দিনের সফর শুরু করবেন।
জাপান থেকে প্রধানমন্ত্রী সৌদি আরবে যাবেন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনে যোগদানের জন্য। সেখান থেকে যাবেন ফিনল্যান্ডে। ফিনল্যান্ড সফর শেষে দেশে ফেরার পথে নয়াদিল্লিতে যাত্রাবিরতি করবেন। ৮ জুন স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ফিনল্যান্ড থেকে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি পৌঁছানোর কথা। একইদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করবেন।
এদিকে দ্বিতীয় মেয়াদে বিপুল জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী আগস্টে বাংলাদেশ সফর করতে পারেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। ভারতের ক্ষমতাসীন সরকারের ‘প্রতিবেশী প্রথম’ নীতির আওতায় বাংলাদেশ সফর করবেন নরেন্দ্র মোদি। তার এ সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে ধারণা সংশ্লিষ্টদের। প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৪ সালে প্রথম বিদেশ সফরে ভুটান গিয়েছিলেন নরেন্দ্র মোদি। ২০১৫ সালে তিনি ঢাকা সফর করেন। ভারতের কোনো কোনো মিডিয়া অবশ্য জানাচ্ছে নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হওয়ার পর প্রথম দেশ সফর হিসেবে মালদ্বীপ যেতে পারেন।
নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে আগস্টে বাংলাদেশ সফরে আসবেন এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আমাদের সময়কে বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে যদি হয় তবে বাংলাদেশ খুশি হবে।
কূটনৈতিক সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য বাংলাদেশ সফরে দ্বিপক্ষীয় নানা ইস্যু আলোচনা হবে। দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা ইস্যুতে আসতে পারে নাটকীয় ঘোষণা। তিস্তার পানিবণ্টন চুক্তি বাংলাদেশের দীর্ঘদিনের চাওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ নয়াদিল্লি সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন, তার সরকারের মেয়াদে তিস্তার পানিবণ্টন চুক্তি হবে। কিন্তু তার বাস্তবায়ন হয়নি। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ সফরে মোদিকে সেটি স্মরণ করিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের মোদি সরকারের সঙ্গে বাংলাদেশের সব সময় সম্পর্ক ভালো ছিল। এখনো থাকবে। আমরা তাদের অভিনন্দন জানাই। আশা করি নতুন এই সরকারের আমলে তিস্তা চুক্তি হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি নদীর সম্পৃক্ততা আছে। তিস্তা নদী চুক্তি ভারতের কেন্দ্রীয় সরকার অনেক আগেই অনুমোদন দিয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ সরকার দেয়নি। আশা করি নতুন সরকারের আমলে তিস্তা চুক্তি হবে।
আগামী ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় দফায় শপথ নেবেন মোদি। ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। কিন্তু আগে থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান ও ওআইসি সম্মেলনে অংশ নেওয়ার জন্য সৌদি আরব সফরের সূচি নির্ধারিত থাকায় নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে বাংলাদেশের পে প্রতিনিধিত্ব করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। দৈনিক আমাদের সময়










