টাইগারদের নিয়ে খুদে ভক্তদের হুলস্থুল কাণ্ড (ভিডিও)
স্পোর্টস ডেস্কঃ বিশ্বজুড়ে জনপ্রিয় বাংলাদেশের ক্রিকেট দল। দেশের বাইরে যেখানেই গেছেন টিম টাইগার সেখানেই পেয়েছেন অগণিত ভক্ত-অনুরাগীর উচ্ছ্বাস, ভালোবাসা। বিশেষ করে টাইগারদের প্রতি শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এবার একইরকম চিত্র দেখা গেল কার্ডিফে। সেখানে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলকে এক নজর দেখতে কিংবা একটু ছুঁয়ে দিতে হুলস্থুল লেগে গেল স্থানীয় ভক্ত-সমর্থকদের মধ্যে।
এমন একটি ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ছড়িয়েছে। ভিডিওটি নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন জাতীয় দলের স্পিনার মেহেদী হাসান মিরাজ। ভিডিওতে দেখা গেছে, মুশফিক, তামিম, সৌম্য, মিরাজরা মাঠে অনুশীলনের যাচ্ছিলেন। এ সময় তাদের একটু ছুঁয়ে দেখারর জন্য হাত বাড়িয়ে দেয় স্কুল পড়ুয়া শিশুরা।
তাদের নিরাশ করেননি স্পিনার মেহেদী হাসান মিরাজ। তিনি নিজেই এগিয়ে গিয়ে খুদে ভক্তদের সঙ্গে হাত মেলান। পরে মাঠের মধ্যে খুদে ভক্তদের অটোগ্রাফের আবদারও মেটান টাইগাররা। হাসি মুখে তাদের অটোগ্রাফ দিতে দেখা গেছে মুশফিক-রিয়াদদের।
খুদে ভক্তদের এমন কাণ্ডতে বোঝাই যাচ্ছে ইংল্যান্ডের নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ ক্রিকেট দল কতটা জনপ্রিয়। এদিকে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো। আগামী ২৬ ও ২৮ মে রয়েছে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ। দুটোই হবে কার্ডিফে।
সে লক্ষ্যে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সাকিবরা। অনুশীলন শেষে সাংবাদিকদের সুখবরও দেন দলের ডানহাতি পেসার রুবেল হোসেন। তিনি বলেন, বিশ্বকাপে অংশ নেয়া অন্যান্য দলের মতো চোটে পড়েনি টাইগারদের কেউ। তিনি ও ত্রিদেশীয় সিরিজে চোট পাওয়া অলরাউন্ডার সাকিব বেশ ফিট আছেন।
কার্ডিফে ২৬ মে ভারত ও ২৮ মে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুইটি খেলবে মাশরাফি বাহিনী। ২৯ মে লন্ডনে যাবে দলটি। আগামী ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে টাইগারদের।
https://www.facebook.com/MehidyMirazOfficial/videos/364256841112182/?t=37










