এক কেজি গরুর মাংস মিলছে না এক মণ ধানে
ডেস্ক রিপোর্ট : প্রাকৃতিক দূর্যোগ কাটিয়ে বোরো ধানের বাম্পার ফলন ঘটিয়েছেন গোপালগঞ্জের কৃষকেরা। ইতিমধ্যে ধান কেটে ঘরে তুলতে শুরু করেছেন তারা। আর ঠিক এসমমই দেখা দিয়েছে ধান কাটা শ্রমিকের তীব্র সংকট। চড়া দামেও মিলছে না শ্রমিক। ফলে মাঠ ভরা পাকা ধান নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে কৃষকদের।
এদিকে শ্রমিক না পাওয়ায় জমির ধান জমিতেই নষ্ট হবার আশঙ্কার সাথে সাথে দাম কম নিয়ে চিন্তায় পড়েছেন জেলার কৃষকেরা। ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় পড়েছেন তারা। এক মণ ধান বিক্রি করে পাওয়া যাচ্ছে না এক কেজি গরুর মাংস।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলায় এ বছর ৭৭ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় সরকারিভাবে ধান ক্রয় করা শুরু হয়নি।
জেলার বিভিন্ন স্থানে ঘুরে জানা গেছে, যে দিকে চোখ যাবে সেদিকেই মাঠের পর মাঠে সোনালি ধান দোল খাচ্ছে। এসব পাকা ধান ঘরে তোলার সময় হওয়ায় আনন্দে আত্মহারা কৃষক। আর এমন সময় জেলায় দেখা দিয়েছে ধান কাটা শ্রমিকের তীব্র সংকট। তিন বেলা খাবারসহ দৈনিক মজুরি ৭’শ টাকা দিয়েও মিলছে না শ্রমিক। ফলে পাকা ধান জমিতেই ঝরে পরে নষ্ঠ হচ্ছে। আর এ কারণেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের।
এদিকে শ্রমিক সংকটের সাথে সাথে দাম না পাওয়ায় বাম্পার ফলনেও হাসি নেই কৃষককের মুখে। উৎপাদন খরচের চেয়ে বিক্রি মূল্য কম থাকায় এই ধান নিয়ে কৃষকরা বিপাকে পড়েছে। অনেক কৃষকের ঘরে আবার গত বছরের উৎপাদিত ধান রয়ে গেছে। দাম কম থাকার কারণে এসব ধান গত বছর বিক্রি না করলেও এবছর এক মন ধান বিক্রি হচ্ছে ৫’শ থেকে ৬’শ টাকায়। বীজ, সার ও পরিচর্যা খরচ এবং শ্রমিকের অধিক মুল্য চুকিয়ে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়েও সংশয় প্রকাশ করেছে জেলা কৃষকরা।
জেলার বিভিন্ন হাট-বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বোরো ধানের দাম তুলনামূলক খুবই কম। প্রকারভেদে প্রতি মণ ধান ৫’শ থেকে ৬’শ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে সম্প্রতি ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষক পরিবারের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমানে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
সদর উপজেলার কাঠি গ্রামের মনিরুল সরদার বলেন, সকাল ৮টার পরে গরমের কারণে আর জমিতে কাজ করা যায় না। তাই আমরা খুব ভোরে জমিতে গিয়ে ৮টা পর্যন্ত যতটুকু পারি ধান কেটে বাড়ি নিয়ে আসি। এভাবে ধান কাটলে সমস্ত ধান মাঠেই নষ্ট হবে।
কোটালীপাড়া উপজেলার পূর্ণবর্তী গ্রামের কৃষক অলিউল্লাহ হাওলাদার বলেন, আমি এ বছর ২৬ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। প্রায় ১২’শ মন ধান আমার উৎপাদন হয়েছে। আমার পরিবারে বছরে এক মন ধান খাবার জন্য প্রয়োজন হয়। বাকি ধান আমি বিক্রি করে দেই। কিন্তু বর্তমানে বাজারে ৫’শ টাকা করে ধান বিক্রি হচ্ছে। আমার প্রতি মন ধান উৎপাদন করতে ৬’শ থেকে ৭’শ টাকা খরচ হয়েছে। বর্তমানে বাজারে যে দাম আছে সেই দামে ধান বিক্রি করলে প্রতিমন ধানে দেড় থেকে ২’শ টাকা লোকসান হবে।
কুরপালা গ্রামের চয়ন হাওলাদার বলেন, গত শুক্রবার ঘাঘর বাজারে গিয়ে ৫’শ টাকা করে ধান বিক্রি করেছি। বাড়িতে মেহমান থাকায় গরুর মাংস কিনতে হয়েছে ৫’শ ৫০ টাকা করে। এখন এক মন ধান বিক্রি করলেও এক কেজি গরুর মাংস কিনতে পারছি না। শুনেছি সরকার ১হাজার ৪০টাকা করে ধান ক্রয় করবে। এই দামে ধান বিক্রি করতে পারলে আমরা লাভবান হবো।
কাশিয়ানী উপজেলার শিল্টা গ্রামের কৃষক সাফায়েত মোল্যা বলেন, আমি ১০ বিঘা জমিতে এবার বোরো ধানের আবাদ করেছি। যার ৮ বিঘা জমির ধান পুরোদমে পাক ধরেছে। কিন্তু ধান কাটার কৃষাক পাচ্ছি না।
একই গ্রামের কৃষক বাবু মোল্যা বলেন, একজন ধান কাটা শ্রমিককে তিন বেলা খাবারসহ দৈনিক ৬’শ থেকে সাড়ে ৭’শ টাকা মজুরি দিতে হচ্ছে। অথচ বাজারে এক মণ ধান ৫’শ থেকে ৬’শ টাকা দরে বিক্রি হচ্ছে।
উদীচী কোটালীপাড়া শাখার সাধারণ সম্পাদক রতন সেন কংকন বলেন, ব্যক্তি জীবনে আমিও একজন কৃষক। আমি মনে করি আগামীতে কৃষকরা যদি রপ্তানিমুখী ধান চাষ করে তাহলে তারা অনেকটাই ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। এ জন্য সরকারকে রপ্তানিমুখী ধান চাষে উদ্যোগ গ্রহণ করতে হবে।
কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক কৃষিবিদ মাহামুদুলন্নবী বলেন, কৃষিক্ষেত্রে যান্ত্রিকিকরণ ও কৃষিতে ভর্তুকি বাড়াতে হবে। কৃষিতে যান্ত্রিকিকরণ ও ভর্তুকি বাড়িয়ে দিলে কৃষকদের ধান চাষসহ অন্যান্য চাষে খরচ কম হবে।
গোপালগঞ্জ জেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা হরলাল মধু বলেন, জেলার অধিকাংশ বোরো চাষীরা ব্রি-২৯ জাতের ধান চাষ করে। এই জাতের ধান একটু দেরি করে পাকে। এ বছর চাষীরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে ব্রি-২৮ জাতের ধান চাষের পরামর্শ দিয়েছি। এ বছর উপজেলার অধিকাংশ চাষীরা ব্রি-২৮ জাতের ধান চাষ করেছেন। তবে জেলার অধিকাংশ জমির ধান পেকে গেলেও কিষাণ এবং তাপদাহের কারণে ধান কাটা সম্ভব হচ্ছে না। তবে ধানের উৎপাদন এবার ভাল হলেও ধান কম দামে বিক্রি হচ্ছে এমনটি স্বীকার করেন এ কৃষি কর্মকর্তা।










