বার্সা নাকি রিয়াল? কোন ম্যাচে ধারাভাষ্য দেবেন বাংলাদেশ অধিনায়ক?
স্পোর্টস ডেস্ক।। যেটুকু অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। স্প্যানিশ লা লিগার ম্যাচে ধারভাষ্য দেওয়ার জন্য নিজের ক্লাবের কাছ থেকে অনুমতি পেয়ে গেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। আগামী ১৭ মে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। লা লিগার এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে ক্রীড়া টেলিভিশন চ্যানেল বিইন স্পোর্টসের হয়ে কথা বলার কারিশমা দেখাবেন জামাল। শুধু ধারাভাষ্য নয়, ম্যাচ বিশ্লেষণও করতে হবে তাকে।
কিছুদিন আগেই স্প্যানিশ লিগের অফিশিয়াল ফেসবুক পেইজে দেখা গেছে জামাল ভুঁইয়াকে। শুধু বাংলাদেশি ইউজারদের জন্য একটি কাস্টমাইজড পোস্টে ফুটবলপ্রেমীদের সঙ্গে আড্ডা দিয়েছিলেন তিনি। এবার আরও বড় সুযোগ। জানা গেছে, ১৯ মে লা লিগার দুটি ম্যাচে ধারাভাষ্য দেওয়ার জন্য জামালের কাছে প্রস্তাব পাঠিয়েছে বিইএন। স্প্যানিশ লিগের শেষ দিনে ম্যাচ আছে মোট ১০টি। তবে এই প্রস্তাবে সাড়া দেওয়ার ব্যাপারে একটু দ্বিধা ছিল জামালের। কারণ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে তার ক্লাব সাইফ স্পোর্টিংয়ের।
শেষ পর্যন্ত সাইফ স্পোর্টিং অনুমতি দিয়েছে জামালকে। এটা দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ১৮ মে স্প্যানিশ লিগের শেষ দিনে জনপ্রিয় দুই ক্লাব বার্সেলোনা খেলবে এইবারের বিপক্ষে ও রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। চ্যানেলের পক্ষ থেকে বার্সেলোনা ম্যাচের প্রস্তাব দেওয়া হলেও রিয়ালের ম্যাচ নিয়েও কথা বলার সুযোগ আছে জামালের। কোন ম্যাচটিকে বেছে নেবেন, তা এখনো চূড়ান্ত করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। তবে সিদ্ধান্ত নেওয়ার সময়ও পাচ্ছেন তিনি। সেইসঙ্গে ধারাভাষ্য দিয়ে পাবেন মোটা পারিশ্রমিক। উৎস: কালের কণ্ঠ।










