মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার সঙ্গে শিগগিরই মুক্ত বাণিজ্য চুক্তি

news-image

দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানো এবং প্রবাসীদের সুরক্ষায় মালয়েশিয়ার সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে চায় বাংলাদেশ। বেশ আগেই এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হলেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আপত্তির কারণে এ চুক্তি করা সম্ভব হয়নি। তবে এখন এফটিএ করার জন্য সবুজ সংকেত দিয়েছে এনবিআর। এ কারণে খুব শিগগিরই পণ্য আমদানি-রফতানিসহ সেবা খাতকে সংযুক্ত করে এফটিএ করার জন্য মালয়েশিয়া সরকারের কাছে প্রস্তাব পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয়।বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম  বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে এফটিএ করার উদ্যোগ অনেক আগেই নেয়া হয়েছিল। এজন্য দুই দেশই ফিজিবিলিটি স্ট্যাডিও (সম্ভাব্যতা যাচাই) সম্পন্ন করেছিল। কিন্তু রাজস্ব কমে যাবে বলে এ বিষয়ে বাধা দেয় এনবিআর। ফলে এফটিএ বিষয়টি আটকে যায়।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে মুক্তবাজার অর্থনীতিতে ধীরে ধীরে আমদানি-রফতানির ক্ষেত্রে শুল্ক উঠে যাবে। এটি বিবেচনায় এনবিআর এখন এফটিএ করতে বাধা দিচ্ছে না। এনবিআর থেকে সবুজ সংকেত পাওয়ার পর আবারও মালয়েশিয়া সরকারের কাছে এফটিএ প্রস্তাব পাঠানোর জন্য রিপোর্ট প্রস্তুত করছে বাণিজ্য মন্ত্রণালয়। শিগগিরই পণ্য আমদানি-রফতানিসহ সেবা খাতকে সংযুক্ত করে প্রস্তাব পাঠানো হবে। এ বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে আলাপ-আলোচনা চলছে।’

সেবা খাতকে সংযুক্ত করে এফটিএ করলে বাংলাদেশ কোন ধরনের সুযোগ-সুবিধা পাবে, জানতে চাইলে তিনি বলেন, ‘এখন আমাদের দেশ থেকে অনেক শ্রমিক মালয়েশিয়ায় যায়। কিন্তু কিছুদিন পরপর তাদের ফেরত পাঠানো হয়। আবার অনেক সময় তারা শ্রমিক নিতে চায় না। তাই এফটিএ-তে সেবা খাত সংযুক্ত করলে হুটহাট করে তারা শ্রমিক ফেরত পাঠাতে পারবে না। আবার ইচ্ছা হলেই শ্রমিক নেব না, এটাও বলতে পারবে না। এক কথায়, একটি স্থিতিশীল শ্রমবাজার পাওয়া যাবে।’

সূত্র জানায়, বর্তমানে প্রায় সাত লাখ বাংলাদেশি মালয়েশিয়ায় বিভিন্ন কাজে যুক্ত। তারা গত ২০১৭-১৮ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১১০ কোটি ৭২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ব্যাংকিং চ্যানেল ছাড়াও অনেক রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন এসব প্রবাসী। সেবা খাতকে সংযুক্ত করে এফটিএ করা হলে প্রবাসীদের যেমন দেশে ফেরত আসার আশঙ্কা থাকবে না, তেমনি অনেক মানুষ নতুন করে মালয়েশিয়ায় যেতে পারবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ ২৩ কোটি ২৪ লাখ ডলারের পণ্য মালয়েশিয়ায় রফতানি করেছে। একই সময়ে মালয়েশিয়া থেকে ১৩৬ কোটি ৩১ লাখ ডলারের পণ্য বাংলাদেশ আমদানি করেছে। এসব পণ্য আমদানি-রফতানিতে শুল্ক হিসেবে এনবিআর আয় করেছে প্রায় ১০ লাখ মার্কিন ডলার। এফটিএ হলে এ রাজস্ব হারাবে এনবিআর। এ কারণে এতদিন তারা এফটিএ করার বিপক্ষে ছিল।

তবে বর্তমানে বিশ্ব ধীরে ধীরে মুক্ত বাণিজ্য অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে। মুক্ত বাণিজ্য অর্থনীতিতে এক দেশের পণ্য অন্য দেশে প্রবেশের সময় বর্ডারে কোনো শুল্ক দিতে হবে না। তাই বিশ্ব বাণিজ্যে টিকে থাকতে বাংলাদেশও এ পথে হাঁটতে চায়। ফলে মালয়েশিয়ার সঙ্গে এফটিএ করার বিষয়ে অনাপত্তি তুলে নিয়েছে এনবিআর।

malaysia

এছাড়া এফটিএ না থাকায় মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক তেমন প্রবেশ করতে পারে না। নিজস্ব উৎপাদিত পোশাক ছাড়াও মালয়েশিয়ার বাজার দখল করে আছে চীনের তৈরি পোশাক। এফটিএ হয়ে গেলে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাকের নতুন বাজার তৈরি হবে।

সূত্র জানায়, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে অর্থনৈতিক ও বাণিজ্য কূটনীতির মাধ্যমে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পাদনসহ মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন, শুল্ক সুবিধা নিশ্চিতকরণের মাধ্যমে বাংলাদেশের পণ্য ও সেবার জন্য আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, অশুল্ক বাধা দূরীকরণ এবং বিভিন্ন আন্তর্জাতিক ট্রেড ফোরামে নেগোসিয়েশনের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ সংরক্ষণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়।

কিন্তু এখন পর্যন্ত কোনো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) হয়নি। তবে শিগগিরই মালয়েশিয়া ছাড়াও শ্রীলঙ্কা, তুরস্ক, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ করার উদ্যোগ নিচ্ছে সরকার।

জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক