ইসির ৪৮ কোটি টাকা ‘ভরা’ থাকল ট্যাবে
নিউজ ডেস্ক : কেন্দ্রগুলো থেকে নির্বাচনে ভোটের ফল দ্রুত সংগ্রহের লক্ষ্যে ৪৮ কোটি টাকা ব্যয়ে কেনা হয় ৪২ হাজার ট্যাব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এসব ট্যাব কেনার সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়ন হয়নি। নানা বাধা ডিঙিয়ে কেনা সেসব ট্যাব উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে কয়েকটি কেন্দ্রে ব্যবহার করা হয়। তাতে ধরা পড়ে ত্রুটি। এরপর সেগুলো আর ব্যবহার না করার সিদ্ধান্ত হয়।
এ অবস্থায় নির্বাচন কমিশনের (ইসি) ৪৮ কোটি টাকা আটকে গেল ট্যাবে। গত ২৮ মার্চ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহ সদর, পটুয়াখালী সদর, বাগেরহাট সদর, কক্সবাজার সদর, ফেনী সদর ও মুন্সীগঞ্জ সদর উপজেলার সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। তৃতীয় পর্যায়ে ২৪ মার্চ অনুষ্ঠিত গোপালগঞ্জ সদর ও মানিকগঞ্জ সদর উপজেলায় ট্যাব ও সফটওয়ার ব্যবহার করে ফল প্রেরণে কারিগরি সমস্যা দেখা যায়।
উপযুক্ত পরীক্ষা-নিরীক্ষা না করায় ৩১ মার্চ অনুষ্ঠিতব্য উল্লিখিত ছয়টি উপজেলায় ইভিএম কেন্দ্রগুলোয় ট্যাব ব্যবহার না করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ অবস্থায় ছয়টি উপজেলায় ইভিএম কেন্দ্রগুলোয় ট্যাব ব্যবহার না করা এবং ইভিএম প্রশিক্ষণ ও মক ভোটিংয়ে এ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত না করার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে।’
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, আমরা শুনেছি তবে কমিশন সচিবালয় এ বিষয়ে আমাদের কিছু জানায়নি। আমরা তাদের একটি রিপোর্ট দিতে বলব। সেই আলোকে পরবর্তী কমিশন সভায় বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ইসির সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আখতার বলেন, আমরা সব ট্যাব হাতে পেয়েছি, পরীক্ষামূলকভাবে সেগুলো চালানো হয়েছে। শুনেছি ট্যাব ব্যবহার করে ফল প্রেরণে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। আগামীতে কবে ব্যবহার করা হবে, তা কমিশন বলতে পারবে। ইসি কর্মকর্তারা জানান, এ ট্যাব ব্যবহারের জন্য রিটার্নিং অফিসারদের দেওয়া হলেও প্রয়োজনীয় সফটওয়্যার ছিল না। সাধারণ কেন্দ্রের রিটার্নিং অফিসাররা আগের পদ্ধতিতেই ফল পাঠান। ইভিএম কেন্দ্রের ফল ট্যাবের মাধ্যমে সংগ্রহ করার চেষ্টা করা হলেও তাতে সফলতা আসেনি। ফল পেতে অনেক সময় লাগে।
জানা গেছে, উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ট্যাবের মাধ্যমে ফল সংগ্রহে বিলম্ব ও ত্রুটি ধরা পড়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মৌখিকভাবে সতর্ক করেন ইসি সচিব। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন, প্রস্তুতি না থাকলে মাঠে পাঠানো হলো কেন? ইসি কর্মকর্তারা জানান, একাদশ সংসদ নির্বাচনের আগে ৪২ হাজার ট্যাব কিনে ব্যবহার করার কথা ছিল ইসির। কিছু জটিলতার কারণে সংসদ নির্বাচনে এ ট্যাব কিনে ব্যবহার করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে উপজেলা নির্বাচনের আগে ট্যাবগুলো হাতে পায় ইসি। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে কয়েকটি ইভিএম কেন্দ্রে প্রাথমিকভাবে ব্যবহার করে ফল প্রেরণে কারিগরি ত্রুটি দেখা দেয়। এ কারণে ইসি সিদ্ধান্ত নেয় উপযুক্ত পরীক্ষা-নিরীক্ষা না হওয়া পর্যন্ত আগামী নির্বাচনগুলোয় এ ট্যাব ব্যবহার করা যাবে না।
সূত্র জানায়, ইসিকে এসব ট্যাব সরবরাহ করে কম্পিউটার সার্ভিস লিমিটেড নামের একটি আইটি প্রতিষ্ঠান। প্রতিটি ট্যাবে র্যাম ২ জিবি, রোম ১৬ জিবি রয়েছে বলে জানা গেছে। ৪২ হাজার ২০০ ট্যাবের সঙ্গে আনুষঙ্গিক মিলিয়ে মোট খরচ প্রায় ৫৫ কোটি টাকা। সরবরাহ করা ট্যাবের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ইসি কর্মকর্তারা। ২০১৮ সালের ১৯ মার্চ কমিশনের ২২তম সভায় স্থানীয় সরকার নির্বাচনে পাইলটিং হিসেবে কিছু ট্যাব কেনার সিদ্ধান্ত হয়। এর আলোকে সে বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের জন্য ট্যাব কেনার প্রস্তাব করে ইসির আইসিটি অনুবিভাগ।
এতে আপত্তি জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। সিইসির ওই আপত্তির পর অক্টোবরের মাঝামাঝি পুনরায় ট্যাব ও বিভিন্ন ধরনের সফটওয়্যার কেনার প্রস্তাব তোলা হলে সেটি অনুমোদন পেয়ে যায়। জানা যায়, ইসির ২২তম সভায় বৈঠকে ট্যাব কেনার বিষয়ে তিনটি সিদ্ধান্ত হয়। সেগুলো হচ্ছে- কিছু কেন্দ্রে ব্যবহারের জন্য দ্রুত বেশকিছু ট্যাব কিনতে হবে; পাইলটিং হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে এসব ট্যাব ব্যবহার এবং পাশাপাশি বিদ্যমান পদ্ধতি বহাল রাখতে হবে।
নির্বাচনী ফল সরবরাহে ট্যাব ব্যবহার করতে হলে নির্বাচন পরিচালনা বিধিমালার পরিবর্তন আনতে হবে। তারা জানান, বিধিমালা পরিবর্তন না করেই এ তিন সিদ্ধান্তের আলোকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে চারটি কেন্দ্রে ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ২৫টি কেন্দ্রে ট্যাব পাইলট আকারে ব্যবহার করা হয়। এতে সুফল পায়নি বলে সে সময় জানায় ইসি। ইসি সূত্র জানায়, উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপ থেকে ট্যাব ব্যবহার বন্ধ রয়েছে। আগামী ময়মনসিংহ সিটি নির্বাচনে সব কটি কেন্দ্রে ইলেক্ট্র্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে।
এ ছাড়া উপজেলা পরিষদের পঞ্চম ধাপের ভোট ও পরে পৌরসভা ভোট রয়েছে, সেখানেও সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের পরিকল্পনা রয়েছে ইসির। ইসির অনুমোদন না পেলে কোনো নির্বাচনে ট্যাব ব্যবহার হবে না। প্রাথমিক প্রস্তাবে উল্লেখ ছিল, প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে একটি ট্যাব দেওয়া হবে। এ ট্যাবের মাধ্যমে ভোটগ্রহণ পরিস্থিতির তথ্য, নির্দিষ্ট সময়ের পর পর ভোট পড়ার হার ও ফল দ্রুত ইসি ও রিটার্নিং অফিসারদের কাছে পৌঁছবে।
এ ছাড়া ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার সফটওয়্যার ওই ট্যাবে ইনস্টল থাকবে। সক্ষমতা বিচেনায় ইসি এখনো অনুমোদন না দেওয়া পর্যন্ত এসব ট্যাব ব্যবহার হচ্ছে না। উল্লেখ্য, ইভিএম ও ট্যাব ব্যবহারের বিষয়টি তদারকি করে ইসির জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ।










