নির্বাচন বাতিলের সুযোগ নেই : প্রো-ভিসি
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বাতিলের সুযোগ নেই বলে জানিয়েছেন উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. আব্দুস সামাদ। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।উপ-উপাচার্য বলেন, ‘নির্বাচন হয়ে গেছে। ফলাফলও ঘোষণা করা হয়েছে। আমাদের গণতান্ত্রিক রীতিনীতি ও ডাকসুর গঠনতন্ত্র- এগুলো নিয়ে চলতে হবে।’পুনঃভোটের দাবি সরাসরি নাকচ করে তিনি বলেছেন, ‘নির্বাচন নতুন করে হওয়ার কোনো সুযোগ আর নেই।’
এদিকে, কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নূরুল হক নূরকে জালিয়াতি করে ডাকসুর ভিপি পদে জয়ী করা হয়েছে অভিযোগ করে ওই পদে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছেন ছাত্রলীগ। ভিপি পদে পরাজয় মানতে না পেরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।অপরদিকে বাম জোট, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীদের দুই জোটসহ ভোট বর্জনকারী প্যানেলগুলোর ডাকে মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন কর্মসূচি চলছে।
গতকাল রাতে ভিপি পদে বিজয়ী হিসেবে নুরুল হকের নাম ঘোষণার পর থেকে ক্ষোভে ফেটে পড়ে ছাত্রলীগ। রাতে ফল ঘোষণার সময় সিনেট ভবনের চারপাশে বিক্ষোভ করতে থাকে নেতাকর্মীরা। সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে তিনি বাসায় ফিরে যান।
এর আগে গত রাত সোয়া তিনটায় ঘোষিত ফলে দেখা যায়, ভোট বর্জন করেও সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন নুরুল হক। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের গোলাম রাব্বানী। সহসাধারণ সম্পাদক (এজিএস) হয়েছেন সাদ্দাম হোসেন। ডাকসুর মোট ২৫টি পদের মধ্যে ২৩টিতেই ছাত্রলীগের প্রার্থীরা জয়ী হয়েছেন।










