প্রবাসী আয় কমেছে ২৭ কোটি ডলার
নিউজ ডেস্ক : চলতি বছরের জানুয়ারির তুলনায় বর্তমানে প্রবাসী আয় কমেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। গত জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে অর্থ পাঠিয়েছিলেন ১৫৯ কোটি মার্কিন ডলার। যা ফেব্রুয়ারিতে কমে এর পরিমাণ দাড়িয়েছে ১৩১ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রবাসী আয় কমেছে ২৭ কোটি ২৩ লাখ মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় হয়েছে ১৩১ কোটি ৭৭ লাখ ডলার যা এর আগের মাসে অর্থাৎ জানুয়ারি শেষে ছিল ১৫৯ কোটি মার্কিন ডলার। অন্যদিকে, ২০১৮ সালের জানুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ১৩৭ কোটি ৯৭ লাখ ডলার। একই বছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় আসে ১১৪ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় কিছুটা বেড়েছে। এদিকে, ২০১৮-১৯ অর্থবছরে প্রথম আট মাসে অর্থাৎ গত জুলাই-১৮ থেকে ফেব্রুয়ারি-১৯ পর্যন্ত সময়ে প্রবাসীরা দেশে ১ হাজার ৩৫ কোটি ১৩ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। যা ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে ছিল ৯৪৬ কোটি ১১ লাখ মার্কিন ডলার। অর্থাৎ আগের অর্থবছরের একই সময়ের চেয়ে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৯০ কোটি মার্কিন ডলার।
এ প্রসঙ্গে জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ মির্জ্জা এবি আজিজুল ইসলাম বলেন, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাস দিন কম হওয়ায় প্রবাসী আয় কিছুটা কমেছে। তবে, গত বছরের তুলনায় প্রবাসী আয় বেড়েছে যা ইতিবচাক। তবে সবচেয়ে বড় কথা হলো কেন্দ্রীয় ব্যাংক হুন্ডি বন্ধ কার্যকর পদক্ষেপ নেয়ার কারণে প্রবাসী আয়ে ইতিবাচক ধারায় এসেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, গত কয়েক বছরে ব্যাংকিং চ্যানেল বহির্ভূতভাবে মোবাইল ব্যাংকিং হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বেড়ে যায়। এতে করে গত দুই অর্থবছরে প্রবাসী আয়ে ভাটা পড়ে। এ কারণে বাংলাদেশ ব্যাংক প্রবাসী আয় বাড়াতে চার্জ কমানোসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। এই কারণেই মূলত প্রবাসী আয় বেড়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
সূত্র আরো জানায়, চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম আট মাসের মধ্যে গত জুলাই মাসে প্রবাসীরা অর্থ পাঠায় ১৩১ কোটি ৭০ লাখ ডলার, আগষ্টে ১৪১ কোটি ১০ লাখ ডলার, সেপ্টেম্বরে ১১২ কোটি ৭৩ লাখ ডলার, অক্টোবরে ১১৭ কোটি ৮৩ লাখ ডলার, নভেম্বর ১১৮ কোটি ডলার, ডিসেম্বরে ১২৩ কোটি ডলার, গত বছরের জানুয়ারি মাসে ১৫৯ কোটি ডলার, সর্বশেষ ফেব্রুয়ারি মাসে আসে ১৩১ কোটি ৭৭ লাখ ডলার। সদ্য বিদায়ী বছরে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ১ হাজার ৫৫৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। যা ২০১৭ সালে ছিল ১ হাজার ৩৫৩ কোটি মার্কিন ডলার, ২০১৬ সালে ১ হাজার ৩৬১ কোটি মার্কিন ডলার এবং ২০১৫ সালে প্রবাসী আয় ছিল ১ হাজার ৫৩১ কোটি মার্কিন ডলার। জাগরণ










