মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বদি বললেন, গণমাধ্যম ও রাজনৈতিক শত্রুদের কারণেই আমি ইয়াবার গডফাদার

news-image

ডেস্ক রিপোর্ট : কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) এর সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন, বিএনপি ও জামায়াতের যারা ইয়াবার কারবার করছে, তাদের কারও নাম ইয়াবা পাচারকারীর তালিকায় নেই। আমি সব সময় ইয়াবা কারবারের বিরুদ্ধে সক্রিয় ছিলাম; কিন্তু কিছু সাংবাদিক আমার নামে অপপ্রচার চালিয়েছে, পাশাপাশি রাজনৈতিক শত্রুতাও আছে। এ কারণে ইয়াবা গডফাদারের তালিকায় আমি অন্তর্ভুক্ত। গতকাল সোমবার আমাদের সময়ের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

আবদুর রহমান বদি বলেন, অতীতে প্রশাসনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা, সাংবাদিক ও ইয়াবাকারবারি আমার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালিয়েছে। ওইসব দুর্নীতিবাজ কর্মকর্তা ইয়াবা-কারবারিকে প্রশ্রয় দিয়েছেন। তাদের কারণেই ইয়াবার বিস্তার ঘটে। অথচ সাংবাদিকরা সব সময় আমার বিরুদ্ধে উল্টোপাল্টা লিখছেন, কোনো তথ্য জানার পর যাচাই-বাছাই না করে। উদাহরণ হিসেবে বলি, কিছুদিন আগে
শামসুন্নাহার নামে এক মহিলা ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়ল। তখন সাংবাদিকরা লিখে দিল, এমপি বদির বোন ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে। কিন্তু প্রকৃত সত্য হলো ইয়াবাসহ গ্রেপ্তার মহিলা শামসুন্নাহার জ্যোতির বাড়ি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া।

ইয়াবার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযান প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণ চান ইয়াবার কারবার বন্ধ হোক। তবে আমাদের একটা সমস্যা আছে। মিয়ানমারের সঙ্গে বিস্তৃত সীমানা উন্মুক্ত। বঙ্গোপসাগরের সঙ্গে লাগোয়া বেড়িবাঁধ অরক্ষিত। ফলে এসব জায়গা দিয়ে ইয়াবা আসছে। খোঁজ নিয়ে দেখা গেছে, ১৪ থেকে ২০ বছর বয়সী কিশোর-যুবকরা ইয়াবাকারবারের সঙ্গে জড়িত। এটা আমাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই প্রতিটি পাড়া-মহল্লায়, স্কুল-কলেজ-মাদ্রাসায় এ ব্যাপারে সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছি। পাড়ায় পাড়ায় ওয়াজ-মাহফিল ও দোয়া-মাহফিল করছি। গত শনিবার টেকনাফ শহরে একটা বড় মাহফিলের আয়োজন করা হয়। এভাবে তরুণদের ইয়াবার কারবার থেকে মুক্ত করতে চেষ্টা থেমে নেই। তিনি বলেন, বর্তমানে ইয়াবাকারবারিদের আত্মসমর্পণের কাজটি শতভাগ স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে। প্রধানমন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন। তিনি মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। এই ধাক্কা টেকনাফেও পড়েছে। কাজেই সবাই এটা নিয়ে চাপে আছি। ইয়াবাকারবারিদের আত্মসমর্পণের সমন্বয়কের দায়িত্ব পালনের বিষয়টি সরাসরি স্বীকার না করলেও তিনি বলেন, ভবিষ্যতে একটাই কথা- সবাই ইয়াবামুক্ত টেকনাফ চাই।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে সাবেক এই এমপি বলেন, আমি দুইবার নির্বাচিত হয়েছি। সব সময় প্রশাসনের দুর্নীতিবাজ কর্র্মকর্তা, ইয়াবার সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক ও ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রেখেছি। কেউ প্রমাণ করতে পারবে না আমি কোনোদিন ইয়াবাকারাবরির সঙ্গে কথা বলেছি; তাদের সঙ্গে এক কাপ চা খেয়েছি। উল্টো জাতীয় সংসদে ইয়াবার বিরুদ্ধে বক্তৃতা করেছিলাম। এর পর থেকে কিছু সাংবাদিক সবসময় আমার বিরুদ্ধে লিখতে থাকে। এভাবে অনবরত লেখায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় এক নম্বরে আমার নাম উঠে যায়। পরবর্তী সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবেই বলেছেন, ইয়াবার সঙ্গে আমার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এটা পত্রিকায়ও এসেছে। মনোনয়ন দেওয়ার বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ার। ফলে তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন, আমি মেনে নিয়েছি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবা চোরাচালানের বিষয়ে বদি বলেন, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত সরকারের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ঘুরেফিরে টেকনাফ ও কক্সবাজার জেলায় বদলি হয়ে এসেছিলেন। সাধারণত সরকারি চাকরিতে এক জায়গায় টানা কাজ করার নিয়ম সর্বোচ্চ তিন বছর। কিন্তু ওইসব কর্মকর্তা ঘুরেফিরেই এখানে এসেছেন। আমার প্রশ্ন হলো, টেকনাফ ও কক্সবাজারে কি মধু আছে যে এখানে বারবার ঘুরে ঘুরে আসতে হবে? তাদের সঙ্গে বিএনপি-জামায়াতপন্থি ইয়াবারকারবারিদের আঁতাত ছিল। তাদের সহযোগিতায় তারা বস্তা বেঁধে টাকা নিয়ে গেছেন। তাদের কাছেই ইয়াবার সব টাকা রয়েছে। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক