সংরক্ষিত নারী আসন: ফরম কেনার হিড়িক
নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে এমপি হতে ইচ্ছুক নেত্রীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় ও ধানমন্ডিতে দলের নতুন ভবনে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা দক্ষিণ মহিলা আওয়ামী লীগের অন্যতম নেত্রী নার্গিস রহমানকে মনোনয়ন ফরম দেয়ার মাধ্যমে বিক্রি শুরু হয়। ফরম বাবদ জনপ্রতি ৩০ হাজার টাকা করে নেয়া হচ্ছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানান, নির্বাচন কমিশন নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করার আগ পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলবে।
বাংলাদেশের ৩৫০ আসনের সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। ৩০০ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে।
আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পেতে পারে।
নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এ নির্বাচনের ভোটের জন্য একটি দিন রাখা হলেও ফল জানা যায় তার আগেই। ৫০টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে দল ও জোটগতভাবে সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয়া হবে বলে প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার দিনই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।
ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, সদস্য এস এম কামাল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।
ফরম বিতরণের আগে সকাল ৯টা থেকে দলীয় কার্যালয়ের বাইরে লম্বা লাইন পড়ে যায়। শীত উপেক্ষা করতে ফরম কিনতে অনেকেই দূর দূরান্ত থেকে ঢাকায় এসে উপস্থিত হয়েছেন।
ঢাকা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ফরম বিতরণ করা হচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের ফরম বিক্রি করা হচ্ছে পাশের দলের নতুন ভবনে।
প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে নিরঙ্কুশ জয় পায়।আওয়ামী লীগ একাই পেয়েছে ২৫৯টি আসন। সংরক্ষিত ৫০ টি নারী আসনে আনুপাতিক হারে আওয়ামী লীগ ৪৩টি আসনে সংরক্ষিত নারী সংসদ সদস্য দিতে পারবে। বাংলাদেশ জার্নাল










