ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার ঘোষণা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়ে এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, যেকোনো ব্যক্তি যেকোনো বিষয়ে স্মারকলিপি দিতে পারেন।ঐক্যফ্রন্ট আগামীকাল স্মারকলিপি দিতে নির্বাচন কমিশন অভিমুখে আসবে। এটা নিয়ে আপনারা কী ভাবছেন জানতে চাইলে সচিব বলেন, নির্বাচন কমিশনে তো যেকোনো ব্যক্তি যেকোনো বিষয়ে স্মারকলিপি দিতে পারেন বা তাদের বক্তব্য রাখতে পারে এবং যেকোনো চিঠিপত্র দিতে পারে। এটা আমরা গ্রহণ করি এবং কমিশনে উপস্থাপন করি। তো কমিশন এটা সিদ্ধান্ত দেবেন যে কী করা যাবে।
এর আগে সোমবার রাতে রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন সাংবাদিকদের জানান, সার্বিক অবস্থা বিবেচনা করে আমরা কথিত নির্বাচনের ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। একইসঙ্গে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানাচ্ছি। এই নির্বাচন বাতিল করে ফের নির্বাচনের দাবিতে আগামী ৩ জানুয়ারি ঐক্যফ্রন্টের প্রার্থীরা নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দেবে। ওইদিনই পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হবে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সচিব বলেন, কমিশন এটা সিদ্ধান্ত নিয়েছে যেসমস্ত ছোটখাটো সহিংসতা হয়েছে সেগুলো তদন্ত করার জন্য পুলিশের আইজিপিকে নির্দেশনা দিয়েছেন এবং একটা প্রতিবেদনও চেয়েছেন। যাতে ভবিষ্যতে নির্বাচনগুলোতে এই সহিংসতা যাতে না হতে পারে, এগুলো যাতে ওভারকাম করা যায়।
খুলনায় একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে কমিশন কোনো নির্দেশনা দিয়েছে কি না জানতে চাইলে সচিব বলেন, আমি যতটুকু জেনেছি যে স্থানীয় প্রশাসন মামলা দিয়েছে। স্থানীয় প্রশাসনই এগুলো দেখভাল করছে।এ বিষয়ে যাতে কোনো বাড়াবাড়ি না হয় তার নির্দেশনা থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা আমরা খতিয়ে দেখছি। এখনো আমরা বিস্তারিত জানি না। ওখাকে কাকে গ্রেপ্তার করা হয়েছে, কি কারণে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়গুলো আমরা বিস্তারিত দেখি। তারপর কমেন্টস করা যাবে।










