ভোট বর্জন করলেন যেসব প্রার্থী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন একাধিক প্রার্থী। বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট মনোনীত একাধিক প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীও বিভিন্ন অভিযোগ তুলে একে একে নির্বাচন বর্জন করেছেন।
প্রতিনিধিদের পাঠানো খবরে…
ঢাকা-১ : এ আসন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম। ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করা হয়েছে অভিযোগ করে ভোট বর্জন করেন তিনি। আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘোষণা দেন সালমা ইসলাম।
ঢাকা-১৭ : এ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আন্দালিব রহমান পার্থ নির্বাচন বর্জন করেছেন। আজ রোববার বেলা সোয়া ১টার দিকে এ সিদ্ধান্তের কাছে জানান তিনি। তার অভিযোগ, ৮০টি কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পুলিশ এবং আওয়ামী লীগ কর্মীরা বেপরোয়াভাবে তার কর্মীদের লাঠিপেটা করেছে। নির্বাচন বর্জনের এই সিদ্ধান্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকেও জানিয়েছেন বলে জানান তিনি।
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) : এ আসনে বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেমের নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ রবিবার দুপুর ২টায় শ্রীনগর দোগাছি বাজার এলাকায় নিজ বাড়িতে সাংবাদি সম্মেলন করে তিনি প্রার্থীতা থেকে সরে দাড়ানো ঘোষণা দেন। তার অভিযোগ, এই আসনে ৯৯ভাগ ভোট বিএনপির পাওয়ার সম্ভাবনা থাকলেও কর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাঁধা দেওয়া হচ্ছে সকাল থেকে।
বগুড়া-৪ : এ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম ভোট বর্জন করেছেন। হামলা-মারধর ও এজেন্টকে বের করে দেওয়াসহ একাধিক অভিযোগে এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। রোববার সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
সিরাজগঞ্জ-১ : এ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সঙ্গীতশিল্পী ও বিএনপির মনোনীত প্রার্থী কনক চাঁপা। রোববার দুপুরে তার ফেসবুক পেজ থেকে ২ মিনিটের একটি ভিডিওতে ভোট বর্জনের বিষয়টি ঘোষণা করে। ভিডিওতে কনক চাঁপা বলেন, ‘সত্যিকার অর্থে এই ভোটের পরে আমি খুবই বিক্ষুদ্ধ অবস্থায় আছি। কারণ এটা আসলে কখনই মেনে নেওয়া যায় না। আর আমার প্রত্যেকটা বুথে বুথে আমি এজেন্ট পাঠিয়েছি, তাদের কাউকেই আসলে ঢুকতে দেওয়া হয়নি।
সিরাজগঞ্জ-২ : আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি রুমানা মাহমুদ ভোট বর্জন করেছেন।
সিরাজগঞ্জ-৩ : আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার ভোট বর্জন করেছেন।
সিরাজগঞ্জ-৪ : আসনে ধানের শীষের প্রার্থী ও জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান ভোট বর্জন করেছেন।
সিরাজগঞ্জ-৫ : আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা আমিরুল ইসলাম খান আলিম ভোট বর্জন করেছেন।
চট্টগ্রাম-১৫ : এ আসন থেকে ভোট বর্জন করেছেন জামায়াতের প্রার্থী আ ন ম শামসুল ইসলাম। তার অভিযোগ, কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে ও ভোট কারচুপি করা হচ্ছে। আজ রোববার সাতকানিয়ায় নিজ বাড়িতে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তার প্রধান নির্বচন সম্বন্বয়কারী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেক।
লক্ষ্মীপুর-৩ : এ আসনে ভোট বর্জন করেছেন ঐক্যফ্রন্ট প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বিএনপি নেতা ও ঐক্যফ্রন্ট প্রার্থীর এজেন্টদের বের করে কেন্দ্র দখল, জালভোট ও রাতে বেশির ভাগ কেন্দ্রের ভোট কেটে নেওয়াসহ নানা অভিযোগ তুলে পুনঃনির্বাচনের দাবি করেছেন। আজ রোববার সকাল ৮টায় ভোট শুরুর ঘণ্টাখানেক পর নিজ বাসভবনে এ দাবি করেন তিনি।
ফরিদপুর-২ (নগরকান্দা–শালথা) : এ আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভোট বর্জনের ঘোষণা সময় তিনি অভিযোগ করেন, এই আসনের ১২৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১০০টি কেন্দ্রে গতকাল রাতেই ভোট দিয়ে দেওয়া হয়েছে। আজ সকালে যেসব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে সেসব কেন্দ্রে বিএনপির কোনো পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। এর প্রতিবাদে নিজেও ভোট দেননি তিনি।
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) : এ আসনের জাতীয় পার্টির প্রার্থী সুনীল শুভ রায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। কেন্দ্র দখলের অভিযোগ এনে রোববার সকালে ভোট শুরুর পরই তিনি ভোট বর্জন করেন। তার অভিযোগ, ‘ওই আসনের সকল কেন্দ্র আওয়ামী লীগ দখল করে নিয়েছে।’ এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান দুপুর ১২টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
খুলনা-৩ : এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল দুপুর ১২টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
খুলনা-৪ : এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজীজুল বারী হেলাল দুপুর ১২টার দিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
খুলনা-৫ : এ আসনে নির্বাচন বর্জন করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। ভোটারদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া,দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনাগুলো রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করার পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি ভোট বর্জন করেছেন বলে জানিয়েছেন।
খুলনা-৬ : এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া জামায়াতের খুলনা মহানগর আমির আবুল কালাম আজাদ ভোট বর্জন করেন। নাশকতার মামলায় খুলনায় কারাবন্দী আছেন তিনি। তার প্রধান নির্বাচনী এজেন্ট লিয়াকত আলী ভোট বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।
শেরপুর-৩ : এ আসনের বিএনপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল ভোট বর্জনে ঘোষণা দিয়েছেন। আজ রোববার শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তার অভিযোগ, ‘নির্বাচনের আগে রাতেই আঁধারেই অধিকাংশ ভোট কাস্ট করে নিয়েছে আওয়ামী লীগ। আজ ভোট শুরুর এক ঘণ্টার মধ্যে সকল কেন্দ্র থেকেই আমার পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। কর্মী-সমর্থকদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না।’
বাগেরহাট-৩ : এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া জেলা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ আবদুল ওয়াদুদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
বাগেরহাট-৪ : এ আসনে জেলা জামায়াতের শুরা সদস্য মো. আবদুল আলীম বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ভোট বর্জন করেন। এ আসন থেকে জাপার উন্মুক্ত প্রার্থী সোমনাথ দে ভোট বর্জন করেছেন।
পাবনা-৫ : এ আসনে ঐক্যফ্রন্ট থেকে মনোনীত প্রার্থী ইকবাল হোসেন নির্বাচন বর্জন করেছেন। তার অভিযোগ, ভোট কেন্দ্রে পোলিং এজেন্টদের মারধোর করাসহ কেন্দ্রে ঢুকতে না দেওয়া।
জামালপুর-২ (ইসলামপুর) : এ আসনে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবু ভোট বর্জন করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ভোটারদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, কর্মী-সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ এনে তিনি নির্বাচন বর্জন করেন।
গাইবান্ধা-১ : এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. মাজেদুর রহমান ভোট বর্জন করেছেন।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) : এ আসনে জাতীয় পার্টির কাজী মশিউর রহমান ভোট বর্জন করেছেন।
সাতক্ষীরা-২ : এ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক নির্বাচন বর্জন করেছেন। তার পক্ষে জেলা জামায়াতের প্রচার সম্পাদক মাওলানা আজিজুর রহমান দুপুর সোয়া ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযোগে অনিয়ম, জাল ভোট, ভোট কেন্দ্র দখল ও ভোটারদের ভীতি প্রদর্শনের অভিযোগ এনে তিনি বর্জন করেন।
সাতক্ষীরা-৪ : এ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার দুপুর-১টার দিকে কারাগারে থাকা এ প্রার্থির পক্ষে তার প্রধান নির্বাচন সমন্বয়ক শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল জলিল বর্জনের বিষয়টি নিশ্চিত করেন।
বরিশাল-৪ : এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া নাগরিক ঐক্যের জে এম নুরুর রহমান জাহাঙ্গীর ভোট বর্জন করেন। তিনি অভিযোগ করেন, নিজ কেন্দ্রে বাধার মুখে ভোট দিতে পারেননি।
দিনাজপুর-৬ : এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া জেলা জামায়াতের আমির মো. আনোয়ারুল ইসলাম ভোট বর্জন করেছেন।
শরীয়তপুর-২ : এ আসনে বিএনপির সফিকুর রহমান কিরণ ভোট বর্জন করেছেন।
নাটোর-১ : এ আসনের বিএনপির প্রার্থী কারুন্নাহার শিরিন ভোট বর্জন করেছেন। কেন্দ্রে থেকে মারপিট করে এজেন্টদের বের করে দেওয়া, প্রকাশ্য ভোট প্রাদানে বাধ্য করার অভিযোগ তুলে ভোট বর্জন করেন তিনি।
নাটোর-২ : এ আসনের জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান সেন্টু ভোট বর্জন করেছেন। রোববার দুপুরে নাটোর জেলা জাপা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন তিনি। কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, প্রকাশ্যে সিল মারা সহ নির্বাচনী পরিবেশ না থাকার অভিযোগ এনে তিনি নির্বাচন বর্জন করেছেন।
নাটোর-৩ : এ আসনের বিএনপির প্রার্থী দাউদার মাহমুদ ভোট বর্জন করেছেন। কেন্দ্রে প্রকাশ্য সিল মারার অভিযোগ এনে ভোট বর্জন করেন তিনি।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) : এ আসনে ঐক্যফ্রন্ট মনোনিত বিএনপি’র প্রার্থী ইঞ্জি. শামছ উদ্দিন আহমদ ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। আজ রবিবার দুপুর ১টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অভিযোগ এনে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান।
নওগাঁ-২(পত্নীতলা-ধামইরহাট) : এ আসনের বিএনপির প্রার্থী মো. সামসুজ্জোহা খান নির্বাচন বর্জন ঘোষণা করেছেন। আজ রোববার বিকেল ৩ টার দিকে পত্নীতলা উপজেলা তার বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের সিদ্ধান্ত জানান। নানাবিধ অভিযোগসহ উপজেলার ১১০টি কেন্দ্রে পুনরায় ভোটের দাবি জানান তিনি।










