‘ডারমোফিস ডোনাল্ডট্রাম্পি’!
ডেস্ক রিপোর্ট : কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে টয়লেট ব্রাশের নামকরণ করা হয়। এবার অন্ধ ও বালিতে মাথা গুঁজে থাকা এক উভচর প্রাণীর নামকরণ করা হয়েছে। এটার নাম ‘ডারমোফিস ডোনাল্ডট্রাম্পি’।
পানামায় সন্ধান পাওয়া এ প্রাণীর নামকরণ করেন এনভাইরোবিল্ড নামের টেকসই ও পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী কোম্পানির মালিক।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রাণীটির নাম রাখার জন্য নিলাম ডাকে প্রতিষ্ঠানটি। জলবায়ু পরিবর্তন নিয়ে বিভিন্ন সময়ে করা ট্রাম্পের মন্তব্যের কারণেই মূলত এ নাম রাখা। শেসিলিয়ান প্রজাতির ‘ডারমোফিস ডোনাল্ডট্রাম্পি’ অন্ধ ও দেখতে খুবই ছোট। উভচর হলেও বেশির ভাগ সময় এরা মাটির নিচেই থাকে।
এনভাইরোবিল্ডের সহপ্রতিষ্ঠাতা এইডান বেল বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা এ প্রজাতির প্রাণীর কম। ফলে বিলুপ্ত হওয়ার ঝুঁকি এদের বেশি। ট্রাম্পের সঙ্গে তুলনা করে বেল বলেন, প্রাণীটির মতো বালিতে মাথা গুঁজে থাকার কারণেই জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিশেষজ্ঞদের মতকে অস্বীকার করতে পারছেন ট্রাম্প। তবে এর আগেও ট্রাম্পের নামে আরেক প্রাণীর নামকরণ করা হয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রে সন্ধান পাওয়া বিলুপ্তপ্রায় প্রজাতির একটি হলুদ মথের নাম রাখা হয় ‘নিওপালপা ডোনাল্ডট্রাম্পি’।











