মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় বছর ধরে নিখোঁজ চৌগাছার সাত ব্যক্তি

news-image

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় দীর্ঘ ছয় বছর ধরে নিখোঁজ রয়েছেন একই পরিবারের চারজনসহ সাতজন। মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তাঁরা আর ফিরে আসেননি। বিদেশে যাওয়ার স্বপ্নই ওদের কাল হয়ে দাঁড়িয়েছে।

নিখোঁজদের সাত পরিবারে নেমে এসেছে চরম হতাশা। মাঝে মাঝে হঠাৎ করেই কান্নার রোল পড়ে যায় বাড়িগুলোতে। দীর্ঘদিন বাড়ির অভিভাবকরা নিখোঁজ থাকায় চরম দারিদ্র্য গ্রাস করেছে পরিবারগুলোকে। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। ভুক্তভোগী পরিবারগুলো তাদের স্বজনদের ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুক্তদাহ গ্রামের একই পরিবারের চারজন মালায়েশিয়ায় রওনা হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। এরা হলেন আতিয়ার রহমানের ছেলে অমিত হাসান মুকুল (৩০), হায়দার আলীর ছেলে আজিজুর রহমান (৪০), মৃত বদর উদ্দিনের ছেলে ফুলজার হোসেন (৪৬) এবং মৃত ছবেদ আলীর ছেলে শরিফুল ইসলাম খোকন (৪০)।

এ ছাড়া একই গ্রামের মৃত আত্তাব হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৭), রোস্তমপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে রমজান আলী (৪৫) ও দুর্গাবরকাটি গ্রামের উমসান আলীর ছেলে লিটন হোসেন (২৭) আজো নিখোঁজ। এঁরা সবাই ২০১৩ সালের ১ জুন মালায়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি কেউ।

নিখোঁজদের পরিবার সূত্র জানায়, অল্প টাকায় মালয়েশিয়ায় যাওয়ার প্রলোভনে পড়ে নিখোঁজরা আদম ব্যাপারীদের খপ্পড়ে পড়েন। মুক্তদাহ গ্রামে বসবাসকারী সাতক্ষীরার বাসিন্দা রাজু আহমেদ ওরফে ফজলুর রহমান তাঁদেরকে ফুঁসলিয়ে পানিপথে মালায়েশিয়ায় পাঠানোর পর থেকে তাঁরা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

২০১৩ সালের ১ জুন বাড়ি থেকে একযোগে বের হন নিখোঁজরা। তখনও পরিবারের সদস্যরা জানতেন না তারা বিদেশের উদ্দেশ্যে বাড়ি ত্যাগ করছেন। জুন মাসের ১২ তারিখে অমিত হাসান মুকুল তাঁর বাড়িতে ফোন করে বলেন, ‘আমরা সবাই পানিপথে মালয়েশিয়ায় যাচ্ছি। ট্রলারে ওঠা হয়ে গেছে, এখনই রওনা দেব।’ ১২ তারিখের ওই কথাই ছিল তাঁদের পরিবারের সঙ্গে শেষ কথা।

মুকুলের স্ত্রী চামেলী খাতুন কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘যে নাম্বার থেকে ফোন দিয়েছিল সেই নাম্বার বন্ধ পেয়েছি। বারবার চেষ্টা করেও ফোনে কাউকে পাওয়া যায়নি। এরপর ছয়টি বছর কেটে গেলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। অতিকষ্টে দিন কাটে আমাদের।’

নিখোঁজ শরিফুল ইসলাম খোকনের স্ত্রী রেশমা বেগম, ফুলজার রহমানের স্ত্রী রূপভান বেগম, আজিজুর রহমানের বৃদ্ধা মা মনোয়ারা বেগম (৬০) হতাশা জড়িত কণ্ঠে জানান, বহু চেষ্টা করেও তাঁদের স্বজনদের খোঁজ পাননি। তাঁরা এখন দারিদ্র্য আর কষ্টের মধ্যে বসবাস করছেন।

ভুক্তভোগীরা জানান, নিখোঁজের তিন মাস পর তাঁরা মুক্তদাহ গ্রামের ঘরজামাই আদম ব্যাপারী রাজুর কাছে যান। স্বজনদের ফেরত পেতে চাপ দিতে থাকেন। এ সময় রাজু তার সহযোগী চট্টগ্রামের টেকনাফের অপর আদম ব্যাপারী রাশিদুল ইসলামের সঙ্গে কথা বলার সুযোগ করে দেন। টেকনাফের দালাল রাশিদুল তাঁদেরকে বলেন, ‘কোনো সমস্যা নেই, তারা দুই-এক দিনের মধ্যেই মালয়েশিয়ায় পৌঁছে যাবেন। পৌঁছানোর পর চুক্তি মোতাবেক দুই লাখ ১০ হাজার করে টাকা দিতে হবে।’

কিছুদিন পরই মুক্তদাহ গ্রামের ঘরজামাই দালাল রাজু তার স্ত্রীকে তালাক দিয়ে রাতের আঁধারে আত্মগোপনে চলে যান। পরে টেকনাফ ও মুক্তদাহ গ্রামের দালালের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আজ পর্যন্ত তাঁদের স্বজন এমনকি কোনো দালালের সন্ধান পায়নি পরিবারগুলো।

নিখোঁজ মুকুলের পিতা আতিয়ার বলেন, আমরা ঘটনার প্রথম দিকে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জায়গায় অনেক ছোটাছুটি করেছি। কিন্তু আদম ব্যাপারীদের কোনো সন্ধান পাইনি। আমাদের গ্রামের পাঁচজন, রুস্তমপুর গ্রামের একজন, দুর্গাবরকাটি গ্রামের একজন, ঝিকরগাছা উপজেলার আরো আটজন এই দালালদের খপ্পরে পড়ে পানিপথে মালায়েশিয়ায় রওনা দেন। কিন্তু ছয় বছর পার হলেও আজ পর্যন্ত কারো কোনো সন্ধান পাওয়া যায়নি।

বর্তমানে এসব পরিবারে সীমাহীন দারিদ্র্য নেমে এসেছে। অভাব আর দারিদ্র্যের সঙ্গে তাঁরা যুদ্ধ করছেন। অনেকের স্ত্রী এখন পোশাক শ্রমিকের কাজ করে সংসার চালাচ্ছেন।

নিখোঁজ আজিজুর রহমানের স্ত্রী দুটি সন্তান ফেলে অন্যত্র চলে গেছেন। দাদির কাছে থেকেই তারা অতি কষ্টে জীবন পার করছে। নিখোঁজরা আদৌ বেঁচে আছেন না-কি মারা গেছেন- তাও জানেন না ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ অবস্থায় পরিবারের সদস্যদের ফিরে পেতে বা তাঁদের খবর জানতে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে পরিবারগুলো। কালের কণ্ঠ