পারুক বা না পারুক, প্রচারণার মাধ্যমে ফাঁদ
তথ্যপ্রযুক্তিতে যতটাই সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ ঠিক ততটাই এর সুযোগ কাজে লাগিয়ে সাইবার অপরাধে জড়াচ্ছে ভার্চুয়াল জগত সংশ্লিষ্টরা। তথ্যপ্রযুক্তির এ সুযোগ কাজে লাগিয়ে দেশীয় জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী যেমন সাইবার তৎপরতা চালাচ্ছে তেমনি স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ও ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যেও এর প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তবে জনবল সংকটের কারণে এ বিভাগ চলছে ধীরগতিতে। অপরাধীরা যে মানের প্রযুক্তি ব্যবহার করে অপরাধ করছে, সে মানের প্রযুক্তিরও অভাব রয়েছে পুলিশের এ ইউনিটের। লোকবল ও উন্নত প্রযুক্তি হলে নতুন এ চ্যালেঞ্জে পুলিশের সাইবার অপরাধ ইউনিটটি অনেকটা এগিয়ে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সাইবার অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম ডিভিশন কাজ করলেও অপরাধের এ প্রবণতা কমছেই না বরং বৃদ্ধিই পাচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ অপরাধ বেশি ঘটছে আর প্রতারণার জন্য ব্যবহার হচ্ছে মোবাইল ব্যাংকিং বিকাশ।
এসব সমাধানে শুধুমাত্র ঢাকা মহানগরের জন্য সাইবার ইউনিটের সৃষ্টি হলেও পুরো দেশজুড়েই সংগঠিত হচ্ছে সাইবার অপরাধ। অথচ ঢাকা মহানগর ব্যতীত দেশের প্রত্যন্ত অঞ্চলের ভুক্তভোগী লোকজন পাচ্ছে না সাইবার ক্রাইম ইউনিটের এ সেবা।
সাইবার ইউনিটের উর্দ্ধতন কর্মকর্তারা বলছেন, ঢাকার বাইরেও বিভিন্ন এলাকায় সাইবার ক্রাইমের বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করলে আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা পরামর্শ দিয়ে থাকি। তবে এ রকম পরামর্শেও থামছে না এ অপরাধ প্রবণতা।
সম্প্রতি ফেসবুকে অপ্রীতিকর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে এক লাখ টাকা চেয়ে জুঁই (ছদ্মনাম) নামের এক ছাত্রীকে ব্ল্যাকমেইল করার অভিযোগে একটি জিডি করা হয় যাত্রাবাড়ী থানায়। জিডির কপি নিয়ে সাইবার ক্রাইম ইউনিটে একটি অভিযোগ দায়ের করা হয় গত শনিবার। কিন্তু আজ মঙ্গলবার সে অভিযোগ তদন্তের অগ্রগতি জানতে গিয়ে জানা যায়, লোকবল ও প্রযুক্তির অভাবে এখনো ততোটা অগ্রগতি নেই। এদিকে, জুঁই নামের ওই ভিকটিমকে বারবার হুমকি দিয়ে যাচ্ছে ব্ল্যাকমেইলার। শুধু তাই নয়, তার দাবিকৃত এক লাখ টাকা সময়মতো দিতে না পারায় অপ্রীতিকর একটি ছবিও ফেসবুকে ছেড়ে দেওয়া হয়।
ভিকটিম জুঁই বিডি২৪লাইভকে বলেন, অভিযোগ দায়েরের ৪ দিনেও কোনো অগ্রগতি নেই। কিন্ত আমার যা ক্ষতি হওয়ার তা ইতোমধ্যেই হয়ে গেছে। এছাড়াও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকার বাইরের বিভিন্ন এলাকার এমন সমস্যায় সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করলে তারা সাইবার ক্রাইম ইউনিটে যোগাযোগ করার কথা বলেন। সাইবার ক্রাইমে জানালে তারা এমন অভিযোগ নিতে অনিচ্ছুক এবং ঢাকার বাইরের সাইবার সমস্যা সমাধানে আন্তরিক নয় বলেও জানা গেছে।
এদিকে, তথ্যপ্রযুক্তিগতভাবে আপডেটেড না হওয়ায় থানা পুলিশ সাইবার ক্রাইম নিয়ে কাজ করতে চায় না বলেও জানা যায়।
এ সব বিষয়ে সাইবার ক্রাইম ইউনিটের একটি সূত্র জানায়, এ ইউনিটে লোকবল সংকট রয়েছে। তাছাড়া পুলিশের ভেতরে এ বিষয়ে ডেডিকেট টিমও নেই। জনবল সংকটে ভোগায় অভিযোগ দায়েরের পর কিছুটা সময় নিয়েই অভিযোগের তদন্ত শুরু করতে হয় সাইবার ক্রাইম ইউনিটকে।
সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের এডিসি আ.ফ.ম কিবরিয়া বিডি২৪লাইভকে বলেন, এ বিষয়টি আমরা খুবই গুরুত্বের সাথে দেখছি। তবে এরা ফেসবুকে প্রচার-প্রচারণাতেই থেমে থাকছে। প্রশ্নফাঁস করতে পারুক বা না পারুক, এরা ফেসবুকে প্রচারণার মাধ্যমে ফাঁদ পাতছে। কেউ তাদরে পাতা ফাঁদে পা দিলে তাদের থেকে ইচ্ছেমতো অর্থ আদায় করে যোগাযোগ বন্ধ করে দেয়। মানুষ এখন প্রতারিত হচ্ছে। আমরা এদের থামানো চেষ্টা করছি। আগের থেকে অনেক থেমে গেছে। পুরোপুরি থামাতে আমাদের সচেতনও হতে হবে।
সাইবার ক্রাইম বিভাগের এডিসি মিশুক চাকমা বলেন, এসব কাজ একেবারে বন্ধ করা সম্ভব না। যারা এসব কাজ করছে তাদের সংশোধন হওয়া দরকার এবং অন্য সকল ভার্চুয়াল জগতের বাসিন্দা আছেন যারা, তাদের সচেতন হতে হবে। সচেতন হলে এগুলো কমানো সম্ভব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের যে লোকবল আছে তা যথেষ্ট নয়। ডিএমপি, সিআইডি ও পিবিআই’র তিনটা টিম কাজ করছে। এর মধ্যে আমরা যারা ডিএমপির টিমে কাজ করছি। আমরা চেষ্টা করছি ভার্চুয়াল জগতের এ সকল অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসতে।
সাইবার ক্রাইম ইউনিটের ডিসি আলীমুজ্জামান বিডি২৪লাইভকে বলেন, সর্বশেষ গত ১০ মাসে সাইবার ক্রাইমে অভিযোগের সংখ্যা প্রায় ১১শ। জনবল ও তথ্যপ্রযুক্তিগত সংকটের মধ্যে দিয়েও প্রায় ৪৫ ভাগ অভিযোগের সমাধান করতে সক্ষম হয়েছে সাইবার ক্রাইম ইউনিট। এছাড়াও সাইবার ক্রাইম ইউনিটের অফিসে গিয়ে দেখা যায়, দৈনিক প্রায় অর্ধশতাধিকের মতো অভিযোগকারী অভিযোগ নিয়ে আসেন কিন্তু জনবল সংকটে এসব অভিযোগ তদন্তের শুরুটাই হচ্ছে দেরিতে।
অভিযোগ দায়েরের পর কত সময়ের মধ্যে তদন্ত কাজ শুরু করা হয় এমন প্রশ্নের জবাবে ডিসি আলমিুজ্জামান বলেন, এ নিয়ে নির্দিষ্ট কোনো সময় নেই। তবে যত দ্রুত সম্ভব কাজ তদন্ত শুরু করা হয়।











