মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পগবার জন্য ‘কুতিনহো-মডেল’ বার্সার

news-image

স্পোর্টস ডেস্ক : হোসে মরিনহো স্বীকার না করলেও এটা স্পষ্ট যে, পল পগবার সঙ্গে তার সম্পর্কটা ভালো যাচ্ছে না। ফরাসি মিডফিল্ডার ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান দ্রুত। তার হাতের কাছে আছে বার্সেলোনার লোভনীয় প্রস্তাবও।

তবে স্পেনের ট্রান্সফার ডেটলাইন শেষ হওয়ার আগমুহূর্তে যা পরিস্থিতি, তাতে ২০১৮-১৯ মৌসুমের শুরু থেকে পগবার বার্সায় না যাওয়া একপ্রকার নিশ্চিত। তবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা তাতে দমে যাচ্ছে না। ‘কুতিনহো-মডেল’ প্রয়োগ করে তারা সামনের জানুয়ারি মাসে হলেও পগবাকে পেতে চায়। এখন চলছে তারই চেষ্টা।

ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপে কুতিনহোকে এ বছরের জানুয়ারিতে দলভুক্ত করে বার্সা। তাদের ইচ্ছা ছিল গত বছরের আগস্টেই নিয়ে যাওয়া। কিন্তু কুতিনহোকে ছাড়তে চায়নি লিভারপুল। নেইমার-শূন্যতা পূরণ করতে মরিয়া বার্সেলোনা এক এক করে তিনবার প্রস্তাব দিয়েছিল কুতিনহোর জন্য।

কুতিনহো নিজেও বার্সায় যেতে এক পায়ে খাঁড়া ছিলেন। ক্লাবের সঙ্গে থেকেও অনুশীলন করেননি তিনি। কুতিনহোর মনোভাব আর বার্সেলোনার বারবার প্রস্তাবে একপ্রকার বাধ্য হয়েই ট্রান্সফারে রাজি হয় লিভারপুল। শুরুতে না পাওয়ায় চ্যাম্পিয়নস লিগে খেলানো যাবে না জানার পরও কুতিনহোর জন্য বার্সার প্রচেষ্টা ছিল দেখার মতো।

এবার পগবার জন্যও একই পথে হাঁটার চিন্তা করছে জোসেফ বার্তামেউয়ের ম্যানেজমেন্ট। বার্সাভিত্তিক ক্রীড়া পোর্টার স্পোর্টের খবরে বলা হয়েছে, ম্যানইউ থেকে জানানো হয়েছে দলবদলের চলতি বাজারে পগবার ডিল সম্পন্ন করা সম্ভব নয়। এমনিতেই দু’জন ডিফেন্ডার খোঁজাখুঁজি করলেও দলে টানতে পারেনি ম্যানইউ। তার ওপর ইংল্যান্ডের ট্রান্সফার ডেডলাইন শেষ হয়ে যাওয়ায় পগবার বিকল্পও খুঁজে নেওয়া যাবে না।

যে কারণে তাকে ছাড়ার সুযোগ নেই ইউনাইটেডের। কিন্তু এখন না হলে তিন মাস পর হলেও যে পগবা ওল্ড ট্র্যাফোর্ড ছাড়বেন, সেটিও একপ্রকার নিশ্চিত। ২০১৪ বিশ্বকাপের সেরা উদীয়মান এবং ২০১৮ বিশ্বকাপের শিরোপাজয়ী দলের এ খেলোয়াড় স্প্যানিশ লিগে নতুন ক্যারিয়ার শুরু করতে চান। আন্দ্রে ইনিয়েস্তা-পরবর্তী মিডফিল্ডারের খোঁজে থাকা বার্সা পগবার পাশাপাশি আরও দু’জন মিডফিল্ডারকে দলে ভেড়াতে চাইছে।

একজন হচ্ছেন আয়াক্সের ফ্রাঙ্কি ডি জং, অন্যজন পিএসজির আদ্রিয়েন র‌্যাবিয়ট। ডি জং আপাতত আয়াক্সেই থাকার কথা নিশ্চিত করেছেন, যদিও ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি। অন্যদিকে পিএসজির সঙ্গে চুক্তির শেষ বছরে আছেন র‌্যাবিয়ট। জানুয়ারি থেকেই তিনি দলবদল বাজারে নিজে দরকষাকষি করতে পারবেন।