জাযাইর ৩৩ বলে ৭৪, জয় আফগানিস্তানের
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিকে অভিষেকের পর জাতীয় দলে নিয়মিত হতে পারেননি হযরতউল্লাহ জাযাই। ২০১৬ সালের ডিসেম্বরে আরব আমিরাতের বিপক্ষে দুবাইয়ে অভিষেক টি-টোয়েন্টি ম্যাচে ২৪ বলে করেছেন ১৮ রান। ক্যারিয়ারের শুরুর ম্যাচে টি-টোয়েন্টির আদলে ব্যাটিং করতে না পারায় জাতীয় দলে স্থায়ী হতে পারেননি।
প্রায় দুই বছর পর মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে ব্যাটিংয়ে ঝড় তুলেন ২০ বছর বয়সী জাযাই। তার ঝড়ে উড়ে যায় আইরিশরা। ৩৩ বলে ৭৪ রানের ইনিংস খেলে আফগানিস্তানকে ১৬ রানের জয় উপহার দেন এ জাযাই।
মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টসে হেরে আগে ব্যাটিং করে সফরকারী আফগানিস্তান ক্রিকেট দল।
মুহাম্মদ শেহজাদের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যান জাযাই। তার আক্রমনাত্মক ব্যাটিং দেখে আফগানদের মারমুখি ব্যাটসম্যান শেহজাদ খেলেন স্লো মোশনে।
মাত্র ৪.৩ ওভারে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় পঞ্চাশ (৫৩)। এর মধ্যে জাযাইর ব্যাট থেকে আসে ৪৭ রান। দলীয় পঞ্চম ওভারে ২২ বল খেলে ফিফটি তুল নেন জাযাই।
২২৪ স্টাইক রেটে ব্যাটিং করে যাওয়া জাযাই, সিমি সিংয়ের ঘূর্ণি বলে বিভ্রান্ত হওয়ার আগে মাত্র ৩৩ বল খেলে আট চার ও ছয় ছক্কায় ৭৪ রান সংগ্রহ করেন।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত ১৮ ওভারে ৮.৮৮ গড়ে ৭ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের হয়ে ৩১ ও ২৯ রান করেন অধিনায়ক আসগর আফগান ও শেহজাদ।
টার্গেট তাড়া করতে নেমে রশিদ খানদের গুগলি মোকাবেলা করেও জয়ের দ্বারপ্রান্তে চলে যায় স্বাগতিক আয়ারল্যান্ড। কিন্তু শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট পড়ে যাওয়ায় জয় তুলে নিতে পারেনি আইরিশরা। ৯ উইকেটে ১৪৪ রান তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড।
দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান সংগ্রহ করেন অধিনায়ক উইলসন। এছাড়া ২৭ রান করেন ওপেনার পল স্টারলিন। আফগানিস্তানের হয়ে তিন উইকেট নেন রশিদ খান। দুটি করে উইকেট ভাগাভাগি করেন মুজিব-উর রহমান ও আফতাব আলম।
১৬ রানে জয় নিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে যায় আফগানরা।











