বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান গেমসে বাংলাদেশের পতাকা বহন করবেন মাবিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ এশিয়া গেমসে সোনা জয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত আসন্ন এশিয়ান গেমসের অনুশীলন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সীমান্তর চোখে মুখে তাই কিছুটা ক্লান্তির ছাপ। কিন্তু ভর দুপুরের সেই ক্লান্তিতেও মাবিয়ার মনে আনন্দের ছাপটা স্পষ্ট। দেশ সেরা এই তারকার জন্মদিন ছিলো আজ।

রাতে পরিবারের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন সীমান্ত। ওই দিনই তিনি আনন্দের বার্তাটা পেলেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছ থেকে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, এশিয়াডের পতাকা বহন করবেন সাফ সোনাজয়ী মাবিয়া। বিষয়টি আজ বিওএ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মাবিয়াকে। এশিয়াডের মার্চ পাস্টে পতাকা বহন করার এই খবরকে জন্মদিনের সেরা উপহার বলে মনে করছেন মাবিয়া।

ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেমবাংয়ে ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ১৮তম আসর। বাংলাদেশ এই আসরে ১৪টি ডিসিপ্লিনে অংশ নেবে। বাংলাদেশ থেকে মোট ১১৮ ক্রীড়াবিদ অংশ নেবেন এই আসরে। যাদের মধ্যে সাফ সোনাজয়ী মাবিয়া ছাড়াও রয়েছেন কমনওয়েলথ গেমসে পর পর দুই আসরে রূপাজয়ী শুটার আব্দুল্লাহ হেল বাকী। আছেন সাফে সোনা ও কমনওয়েলথ শুটিংয়ে রূপা জয়ী শাকিল আহমেদও।