মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে ডোনাকে বিয়ে করেছিলেন গাঙ্গুলী

news-image

ভারতের সাবেক ক্রিকেট মহাতারকা সৌরভ গাঙ্গুলীর ব্যক্তিগত জীবন নিয়ে এখনও ভক্তদের আগ্রহের শেষ নেই। কীভাবে বিয়ে করেছিলেন কলকাতার মহারাজ? পালিয়ে নাকি পারিবারিকভাবে? সংবাদমাধ্যম অনেক রং মাখিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, আসল ঘটনাটা একেবারেই তেমন নয়। ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’এ সৌরভ বললেন, ‘মিডিয়া অনেক রং চড়িয়েছিল ঠিকই, কিন্তু বিয়েটা ধুমধাম করে দিয়েছিল বাবা।’

সৌরভ-ডোনার বিয়ে হয়েছিল ১৯৯৭ সালের ফেব্রুয়ারি। প্রথম দিকে তাদের সম্পর্ক নিয়ে সৌরভের পরিবারে সমস্যা হলেও পরে চন্ডী গাঙ্গুলি দাঁড়িয়ে থেকেই নিজের ছোট ছেলের বিয়ে দেন।সৌরভ বলেন, তার আগে গাঙ্গুলি পরিবারে কেউ লাভ ম্যারেজ করেনি। আর সেই কারণেই বাড়িতে ডোনার কথা বলতে বেশ ভয় হয়েছিল তার। কিন্তু পরে তার আর ডোনার সম্পর্কের কথা জানতে পেরে চন্ডী গাঙ্গুলি সৌরভকে বলেছিলেন, ‘মন দিয়ে ক্রিকেট খেল, বাকিটা আমি সামলে নেব’।

এই অনুষ্ঠানেই নিজের ক্রিকেট জার্নি নিয়েও কথা বলতে শোনা যায় সৌরভকে। বাংলায় তার ক্রিকেট ক্যারিয়ারের শুরু হয়েছিল কাকতালীয় ভাবে। ফুটবলপ্রেমী সৌরভের ক্রিকেট দলে সুযোগ হয়েছিল ‘টাইফয়েডের কারণে’। বাংলা দলে সেবার ৭ জন ক্রিকেটার বাদ পড়েছিলেন টাইফয়েড হওয়ার কারণে। তখনই ডাক আসে সৌরভের।সুযোগের সদ্ব্যবহার করে সেঞ্চুরি হাঁঁকিয়ে বসেন তিনি। রঞ্জি দলে সুযোগ পাওয়া ছিল আরও চমকপ্রদ। দাদা স্নেহাশিষের বদলে তাকেই বাংলা দলে জায়গা করে দেওয়া হয়েছিল। সেই থেকেই তার ‘সৌরভ’ হয়ে ওঠার শুরু।

সৌরভ সেই মাপের অধিনায়ক, যিনি ভারতকে উপমহাদেশের বাইরে জেতাতে শিখিয়েছেন। ভারত একটা দল এবং ক্রিকেটে দলগত ভাবেই পারফর্ম করতে হবে- এই মানসিকতা এনে দিয়েছিলেন কলকাতার মহারাজ। আর ক্রিকেটার সৌরভের ঝুলিতে রয়েছে ওয়ানডে আর টেস্ট মিলিয়ে ২০ হাজারের উপর রান। সেঞ্চুরি ৩৮টি। সেইসঙ্গে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক বলা হয় তাকে। সৌরভ এখন বাংলা ক্রিকেটের প্রশাসক এবং একই সঙ্গে কলকাতার একটি ফুটবল দলের মালিক।