খানিকটা পাল্টে গেছে ফ্লোরিডার উইকেট : সাকিব
স্পোর্টস ডেস্ক।। ওয়েস্ট ইন্ডিজ পর্ব শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ৩ ম্যাচ টি২০ সিরিজের বাকি দুটি ম্যাচ খেলতে ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে অবস্থান করছেন টাইগাররা। শ্বশুরবাড়ি এলাকায় ঘুরতে গিয়ে স্টেডিয়াম দেখে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বলেছেন, ‘ফ্লোরিডার উইকেট খানিকটা পাল্টে গেছে।’
রিজিওনাল পার্কের স্টেডিয়ামে সাকিব খেলেছেন এখানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) কয়েকটি ম্যাচ। স্বভাবতই সেখানকার উইকেট সম্পর্কে জানাশোনা আছে তার। স্টেডিয়াম দেখে তিনি বলেছেন, ‘সিপিএলের সময় যেরকমটা ছিল, এখন সেরকম নেই বললেই চলে।’
তবে সরাসরি উইকেট নিয়ে কিছু বলেননি সাকিব। শুধু বলেছেন, ‘গত মৌসুমের সিপিএলে আমি যে ধরনের উইকেটে খেলেছিলাম, এখন সেরকমটি নেই। এ মুহূর্তে উইকেট নিয়ে সবকিছু বলা সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি উইকেট খানিকটা পাল্টে গেছে।’
আরও বলেছেন, ‘এ উইকেটের সঙ্গে মূল উইকেটের খুব বেশি পার্থক্য হবে না। আমরা পাশের উইকেটে অনুশীলন করেছি। ম্যাচের উইকেটের সঙ্গে এর খুব বেশি তফাৎ হওয়ার কথা নয়।’
ম্যাচ সম্পর্কে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেছেন, ‘সবার জন্যই এটি রোমাঞ্চকর হওয়ার কথা। এখানে অনেক বাংলাদেশি দর্শক থাকবে। ক্রিকেটাররা ভালো খেলার চেষ্টা করবে। আশরা করি, উভয়ই তা উপভোগ করবে।’











